অড্রে হেপবার্নের প্রতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহরের পথে-পথে সারাদিন তোমার কথাই
মনে পড়ে, হেপবার্ন, সহজ হাসির সেই মুখ
ঘোরগ্রস্ত রাতে তুমি আমাকেই দিয়েছিলে ঠাঁই
তোমার পোশাক পরে ঘুমিয়েছিলাম দ্বিধাহীন
একটি অচেনা দিন, তবু তো একটি দিন ছুটি
সাজবদলের পর আমিই চেয়েছি কোনো নাচ
নদীর ওপর, খোলা হাওয়ায় সামান্য শ্যাম্পেন
চেয়েছি ভুলেও যেতে মুদ্রণের দায় ও ভ্রুকুটি
পাথরমুখের কাছে তোমার আঁতকে ওঠা দেখে
মনে হলো আর্তনাদ বড় মিথ্যে এই পৃথিবীতে
মুখের ব্যান্ডেজ খুলে হাসছে শিশুরা! সব রেখে
ভাবছি প্রাসাদ থেকে ফিরবে তুমিও একদিন
হয়তো পাব না আর সেই ছবি, হে রাজকুমারী
তবু তো ঘুমের ছলে পোশাক বদলে নিতে পারি