অতিথিবরণের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডিয়ার ফরেনার্স, উই হ্যাভ মেনি ফারাজ ভাইয়াস, সো ডোন্ট লুজ ফেইথ ইন আওয়ার কান্ট্রি।’—হোলি আর্টিজানের কাছে পুলিশ ব্যারিকেডে ফুল আর অশ্রু নিবেদন করেছিল দেশ-বিদেশের মানুষেরা। সেসব ফুলের মধ্যে ব্যারিকেডের তারকাঁটা ফুঁড়ে জ্বলজ্বল করছিল এক কিশোরীর লেখা এই পোস্টারখানি।

জুলাই মানে তো বর্ষা আমার দেশে

জুলাই মানে তো ভরা আষাঢ়ের দিন

বৃষ্টির কাছে কদমের কাছে আমাদের কত ঋণ

আকাশ-অশ্রু আমাদের চোখে মেশে

আষাঢ়ের খেত জলে ভর ভর তিল ঠাঁই আর নাই রে

চলো খুলে দিই সকল দরজা ছুটে যাই ফের বাইরে

এখনি বৃষ্টি নামবে মুষল বৃষ্টি-মধ্যে যাই রে

কান্না ধোয়ায় বৃষ্টির আজও তুলনা কোনো তো নাই রে

এই দেশে আজও বরিষণ নামে এই দেশে ফোটে জুঁই

কৃষ্ণচূড়ার লালে ও সবুজে হৃদয়ের তুলি ছুঁই

দিগন্তজোড়া জল থইথই সুজলা-সুফলা দেশে

আমাদের সব অশ্রুর ধারা তেরো শ নদীতে মেশে

নরম পলিতে নরম কিষানি নরম বেছন বোনে

নরম বীজের পত্রটা ফুঁড়ে শ্যামা অঙ্কুর ফোটে

পাল তুলে মাঝি ভাটিয়ালি গায় রাখাল মুরলি ধরে

ঘাটে লাগাইয়া নাওখানি মাঝি আইসো আমার ঘরে

পান খেয়ে যাও একটু জিরাও আমার অতিথি হও

বউ কথা কও পাখিটা ডাকছে বউ ফের কথা কও

আমার বাড়িতে আইসো বন্ধু বসতে দিব যে পিঁড়া

জলপান হবে কলসিতে আছে শালি ধান্যের চিড়া

বিন্নি ধানের খই ভেজে রাখি এসো হে অতিথি ঘরে

চিরটা কালেই বাংলার গৃহী অতিথিবরণ করে

সুরের এ দেশে কারা অসুরেরা বেসুরো আওয়াজ তোলে

অতিথিকে বুকে টানার বদলে বক্ষে আঘাত করে

বাংলামায়ের হৃদি বরাবর চালায় অচেনা ছুরি

স্তব্ধ মায়ের হৃদয়ে ক্ষরণ আগুনের ফুলঝুরি

মূক সব মুখে ফোটে না রোদন অশ্রুর ধারা বয়

জুলাই আকাশে তাই বুঝি এত তুমুল বৃষ্টি হয়

একটা বছর পরে

আর্টিজানের ব্যারিকেডে রাখা পোস্টার মনে পড়ে

আমাদের এই বাংলাদেশ তো অতিথিবরণে খ্যাত

অতিথিবরণ কিংবদন্তি রূপকথা এত এত

ছুরি নয় হাতে ভালোবাসা নিয়ে অতিথি বরণ করি

সব দিতে পারি অতিথিকে জেনো সবকিছু দিতে পারি

যদি দিতে হয় প্রাণ দিয়ে দেব প্রাণ নয় খুব দামি

বন্ধুর চেয়ে অতিথির চেয়ে বড় নয় মোটে ‘আমি’

একটা বছর পরে

আজও ডেকে বলি অতিথি সকলে আইসো আমার ঘরে

অনেক বছর পরে

বারবার করে ডেকে বলি এসো বিশ্ব আমার ঘরে

আমাদের বহু ফারাজ রয়েছে মুখে হাসি হাতে পান

ঘাটে লাগাইয়া ডিঙা বন্ধু খিলিপান খায়া যান।