অথ-হাইজ্যাক কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
cartun
cartun

‘রাহাজানি’ শব্দটা ইদানীং জানাজানিতে নেই তেমন। প্রায় নির্বাসিত। ‘অমুক রাহাজানির কবলে পড়েছিল’, ‘রাহাজানিতে সব খোয়ালাম’ ধরনের কথা আর শোনাই যায় না। পরিবর্তে ঠাঁই নিয়েছে ‘হাইজ্যাক’ শব্দটি। এটি শুনলেই এথেন্স থাকাকালীন এক বন্ধুর কথা স্মরণে আসে। তার নাম ছিল জাকির। ভারতীয় ছাত্র। সবাই তাকে ‘জ্যাক’ বলে ডাকত। হঠাৎ দেখা হলে ‘হ্যালো’ না বলে বলত ‘হাই, জ্যাক!’ অতএব হাইজ্যাকের কথা উঠলেই আমার বন্ধু জ্যাকের কথা মনে পড়ে যায়। আসলে তো হাইজ্যাক শব্দটি যুক্ত বড় ধরনের সন্ত্রাসী ঘটনার সঙ্গে। আমাদের দেশে পদমর্যাদা হারিয়ে এখন তার সাধারণত্ব প্রাপ্তি ঘটেছে। ছোটখাটো রাহাজানির ঘটনাকেও এখন হাইজ্যাক বলে চালানো হচ্ছে। শব্দটি প্রথম শুনি বহুকাল আগে। প্রথম যখন আস্ত একটি উড়ন্ত উড়োজাহাজের যাত্রীদের আকাশেই জিম্মি করে দাবিদাওয়া পেশ করা হয়েছিল, তখনই শব্দটি আলোড়ন সৃষ্টি করেছিল বিশ্বময়। তখন থেকেই শব্দটি বহুল ব্যবহারে মুখস্থ হয়ে গেছে। জনপ্রিয়তা প্রাপ্তি ঘটেছে আমাদের দেশে। উচ্চারণ করার সুবিধাই এর কারণ, এমনও হতে পারে। যতক্ষণে বাংলা ‘রাহাজানি’ বলতে হয়, তার প্রায় অর্ধেক সময়ে ‘হাইজ্যাক’ উচ্চারণ করা যায়। ইংরেজি শব্দের এই এক সুবিধা। যেমন যতখানি সময় নিয়ে ‘বিষ্ঠা’ বলা যায়, তার চার ভাগ কম সময়ে ‘শিট’ বলা যায়। আমাদের তরুণদের মুখে তো ইদানীং এটা হরহামেশাই চলে আসে। যা-ই হোক, শব্দতত্ত্ব-ধ্বনিতত্ত্ব এই লেখার বিষয় নয়, বিভিন্ন সময়ে হাইজ্যাকারদের কবলে পড়ার যে কিছু ঘটনা, তা নিয়ে কথা বলাই আসল উদ্দেশ্য। তো সেই সবে যাওয়া যাক। সত্তর দশকের প্রথম ভাগে আমি এথেন্সে ছিলাম। গ্রিক সরকারের বৃত্তির টাকায় দিনকাল খুব খারাপ কাটছিল না। কাকভোরে বিশ্ববিদ্যালয়ে যাওয়া, মহানন্দে ছবি আঁকা আর সেখানকার শিল্পকলার জগতে ঘোরাফেরা ইত্যাদি নিয়ে দিন গুজরানি হতো বেশ ফুরফুরে মেজাজে। তখন গ্রিসের রাজনৈতিক এবং অর্থনৈতিক দিকের খুব নাজুক অবস্থা। পথে-ঘাটে হাইজ্যাকারদের উৎপাতের ব্যাপার নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি চলছিল খুব।

তো একদিন খুব ভোরে প্রায় অন্ধকার থাকতেই ক্লাসে যাচ্ছিলাম শিস বাজানোর বদ-অভ্যাস সঙ্গী করে। অলিগলির পথ। লোকসমাগম শুরু হয়নি। কেমন ভয় ধরানো গা-ছমছমে নিরিবিলি। এমন অবস্থায় যা হয়, শিসের মাত্রা বাড়ে। কথায় আছে, মানুষ খুব আনন্দে শিস বাজায়, নইলে ভীত হলে। সেদিন আমার ক্ষেত্রে শেষোক্তটি প্রযোজ্য হলো। কেন যেন মন বলছিল—কোনো বিপদ ঘটবে। তাই-ই হলো। হঠাৎ চারটি ডাকা-বুকো ছেলে এসে উপস্থিত। এসেই আমার দুদিকে দুজন-দুজন করে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, ‘কী বন্ধু, কোন দেশ তোমার? এত সকালে অন্ধকারে কোথায় যাচ্ছ? জানো না, দিনকাল খারাপ, রাস্তাঘাটে খারাপ লোকজনের আনাগোনা বেড়েছে। সঙ্গে যা আছে সব নিয়ে নেয়! তোমার উচিত হয়নি এ সময়ে পথে বের হওয়া।’

আমি তখনো হাঁটছি। শিস বন্ধ। কী বলব ভাবছি। এমন সময় আসল কথাটি বলল, ‘তা বন্ধু, আমরাও সেই পদের। এবার বের করো তো পকেটে কী কী আছে?’

কী আর করা। টাকাপয়সা বের করার জন্য তৈরি হলাম। পকেটে হাত ঢোকাতে যাব—ঠিক তখনই সামনের এক গলি থেকে সাঁই করে গাড়িভর্তি পুলিশ এসে হাজির। সঙ্গে সঙ্গে চারজনকে পাকড়াও করে ফেলল অদ্ভুত এক পুলিশি কায়দায়! আমাকে সান্ত্বনা দিয়ে গাড়িটি চলে যেতেই বুঝলাম নার্ভাসনেস কাকে বলে। যে কাঁপুনি ধরল, তার যেন সমাপ্তি বলে কিছু ছিল না। ক্লাসে আর যাওয়া হলো না।

এরা যে দেশে-বিদেশে এই ধরনের কর্মকাণ্ড সংঘটিত করার সময় একই ধরনের কথা বলে, তা টের পেয়েছি আরও বহু বছর পর দেশে বসে। বিশ্বময় এদের স্বভাব এবং কথা বলার ভঙ্গি প্রায় একই রকম। সেই অর্থে এসবকে ইউনিভার্সাল প্র্যাকটিস বলা যায়।

এবার দেশের ঘটনাটি বলি। নাইট কোচে যাচ্ছিলাম রাজশাহীতে। যাত্রীতে টইটম্বুর বাস। আমার পাশে বসা সহযাত্রী পত্রিকা পড়ছিল। তখনো সন্ধ্যার অন্ধকার নামেনি। একসময় পত্রিকা বন্ধ করে কথা বলল, ‘আপনি কোথায় যাইবেন?’ গন্তব্যের কথা বললাম। আবার জিজ্ঞাসা, ‘দেশ কি রাজশাহী?’ তারও উত্তর দিলাম। এরপর বেশ আলাপ জুড়ে দিল। বক্তব্যে রাজনীতিই মুখ্য। বলল, ‘এই যে দিনকাল খারাপ হইল এই সরকারের আমলে, দেশটা চলব কী কইরা? পথে-ঘাটে ডাকাতি, হাইজ্যাক, সন্ত্রাসী কাণ্ড, মানুষের কোনো নিরাপত্তা নাই। কী হইব কন তো ভাই।’

অপরিচিত লোক। ভাবলাম সাদা পোশাকি পুলিশ-টুলিশও তো হতে পারে। অতএব ‘কী আর হবে!’ ধরনের একটা কিছু বলে চুপ করে থাকলাম। একসময় ঘাট পেরিয়ে নগরবাড়ীতে ফেরি পৌঁছাল। মাঝরাতের অন্ধকার। বাসের হেডলাইটের আলোতে সামনের খানিকটা পথ দেখা যায়। ঘুমের চেষ্টায় চোখ বন্ধ করে আছি। এমন সময় পেটের চামড়ায় কিসের যেন খোঁচা লাগল। দেখলাম, দেশ নিয়ে চিন্তিত এবং দেশাত্মবোধে উজ্জীবিত লোকটি আমার দিকে তাকিয়ে। ফিসফিস করে বলল, ‘যা আছে, দিয়া দাও। আওয়াজ করবা না। গাড়িভর্তি আমরাই। সিটে সিটে বসা।’ কী আর করা! পকেটে কয়েক শ টাকা ছিল, দিয়ে দিলাম। এরপর ঘড়ি খুলতে বলে অপেক্ষা করছে, ঠিক এ সময় কে একজন বলল, ‘কোলোজ-কোলোজ, পিছনে পুলিশের গাড়ি!’ চালককে সরিয়ে যে লোকটি চালাচ্ছিল সঙ্গে সঙ্গে গাড়ি থামাল এবং সবাই অপারেশন ক্লোজ করে হুড়পাড়ের দ্রুততায় নেমে দৌড়ে অন্ধকারে মিশে গেল।

এই পর্বকে অবশ্য হাইজ্যাক বলা যাবে কি না, জানি না। অনেকে বলে, এটা ডাকাতি। তবে যেহেতু বাসটি দখলে নিয়ে যাত্রীদের জিম্মি করে রেখেছিল অস্ত্রের ভয় দেখিয়ে, অতএব এটাকেও হাইজ্যাক বলাই উচিত বলে আমি মনে করি এখনো।

তো এসব ঘটনায় বেশ ভীত থাকি পথে-ঘাটে চলতে। বেশ কয়েকবার ফার্মগেটে এবং পুরান ঢাকায় চিৎকার করতে শুনেছি, ‘ধরেন, ধরেন, হাইজ্যাক কইরা ওই যে পলাইতাছে, ধরেন।’ দেখি যে, কোনো লোকই ধাওয়া করতে এগোয় না।

প্রায় এই রকমের একটি ঘটনার সামনে পড়ে গিয়ে ভীষণ সাহসী হয়ে গিয়েছিলাম বছর ছয়েক আগে। চৈত্র মাসের গনগনে দুপুরে ধানমন্ডিতে যাচ্ছিলাম নাতিকে স্কুল থেকে আনতে। প্রায় নিঝুম রাস্তায় রিকশায় যাচ্ছি। হঠাৎ দেখি কয়েকটি ছেলে অদূরে দাঁড়ানো রিকশায় বসা একটি মেয়েকে জোর করে টেনে নামানোর চেষ্টা করছে। বুঝতে অসুবিধে হলো না যে মেয়ে হাইজ্যাকের কাণ্ড ঘটছে।

মেয়েটি ছেলেগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। চট করেই আমার মাথায় এল—কিছু একটা করা উচিত। অন্তত চিৎকার করে লোক ডাকা যায়। এ কথা যখন ভেবে মনস্থির করছি এবং ধর ধর বলে প্রাথমিক চিৎকারটুকু শুরু করব ভাবছি, ঠিক তখন রিকশাওয়ালা ব্রেক কষে রিকশা থামিয়ে দিল। তার মুখে একগাল হাসি। শুধু তা-ই নয়, বলল, ‘স্যার, একটু দেইখা লই। কোনো দিন দেখি নাই তো! স্কুল ছুটিরও দেরি আছে।’

তরুণ রিকশাওয়ালার এই দুর্মতিতে আমি তো অবাক। মেয়ে ধরে টানাটানি হচ্ছে, আর তা দেখার জন্য দাঁত কেলিয়ে হাসি তো আছেই, আবার ঘটনাটা দেখার ইচ্ছা ব্যক্ত করছে। বলে কি ব্যাটা। এটা কোনো দেখার বিষয় হলো। মনে হচ্ছিল, কষে চড় লাগাই। রিকশাওয়ালা তোয়াক্কা না করে বলল, ‘স্যার, সিনেমার শুটিং। একটু দেখি।’

ওর কথা শেষ হতে না হতেই কে যেন দূরে ছায়ার আড়াল থেকে চিৎকার করল, ‘কাট! ও-কে!’ ঘটনাটির পরে মুশকিলটা হলো এই যে, পথে হাইজ্যাকের ঘটনা দেখলে মনে দোনোমনো ভর করে। আগে বোঝার চেষ্টা করি, ‘শুটিং কি না!’