অদেখা দুর্লভ ছবিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্টাডি’, শিল্পী: জয়নুল আবেদিন
‘স্টাডি’, শিল্পী: জয়নুল আবেদিন

ব্যতিক্রমী এক প্রদর্শনী, যার মধ্যে শিল্পীদের অনেক ছবিই আমাদের অদেখা। যেমন প্যাস্টেলে আঁকা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবিগুলোর সামনে দাঁড়িয়ে আমাদের চক্ষু চড়কগাছ—এ ছবি তো আগে দেখিনি! জয়নুল থেকে শুরু করে শিশির ভট্টাচার্য্য পর্যন্ত বাংলাদেশ ও ভারতের ১৭ জন শিল্পীর দুর্লভ ছবির সমাহার ছিল প্রদর্শনীটির পরতে পরতে।
জয়নুল আবেদিনের আঁকা ছবি মানে চিরায়ত বাংলার মুখ, নদী, নারী, সাঁওতাল, দম্পতি, দুর্ভিক্ষ। কিন্তু আলোচ্য প্রদর্শনীতে স্থান পাওয়া তাঁর চারটি ছবিতে দেখা গেল রমণীর মুখ। এর মধ্যে তিনটির শিরোনাম ‘স্টাডি’। আর একটির কোনো শিরোনাম নেই। মজার ব্যাপার হলো, জয়নুলের এই রমণীদের গড়নের মধ্যে রয়েছে ইউরোপীয় অঙ্কনশৈলীর ছোঁয়া।
গত ৪ সেপ্টেম্বর ‘ফিগারেশান’ শিরোনামে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে শুরু হয়েছিল বাংলাদেশের খ্যাতিমান ১৭ জন শিল্পীর আঁকা ছবির প্রদর্শনী। ছবিগুলো পাওয়া গেছে বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়েরের ব্যক্তিগত সংগ্রহ থেকে।
বাংলাদেশের শিল্প আন্দোলনের সূচনা ১৯৪৮ সালে। সে সময় জয়নুল আবেদিনের নেতৃত্বে যে কজন প্রথম সারির শিল্পী চিত্রকলাচর্চায় মনোনিবেশ করেন, তাঁদের প্রথম সারির চার শিল্পীর কাজও দেখা গেল প্রদর্শনীতে। পটুয়া কামরুল হাসানের দুটি ছবিতে পাওয়া গেল দুধরনের আচরণ—একটিতে পটচিত্রের আদলে অঙ্কিত নারীর শরীর, অন্যটি কালো কালির আঁচড়ে আঁকা নারীর দেহাবয়ব। জ্যামিতিক আকৃতির সাহায্যে বিষয়কে সরল করার প্রবণতা দেখা যায় ১৯৭৩ সালে আঁকা কামরুলের এ ছবিতে।
সফিউদ্দীন আহমেদের দুর্লভ একটি ছবি আছে এখানে—‘মুক্তিযুদ্ধের স্মৃতি’। এচিং বা ছাপচিত্র মাধ্যমে আঁকা এ ছবিতে আত্মপ্রতিকৃতির সঙ্গে রেখার মাধ্যমে শিল্পী বর্ণনা করেছেন মুক্তিযুদ্ধের দুঃসহ স্মৃতি।
আরেক শিল্পী আমিনুল ইসলাম। তাঁর তিনটি ছবির মধ্যে দুটির শিরোনাম নেই; অর্থাৎ ছবি দুটি ‘শিরোনামহীন’, অন্য একটি ছবিতে আছে বিদেশি মেয়ের মুখ। কোনো শিরোনাম নেই এ ছবিরও। ১৯৫৭ সালে আঁকা এ তিন ছবিতে বাস্তবধর্মী ফটোগ্রাফিক ইমেজ রচনার ধরন থেকে বেরিয়ে মূর্ত ছবিকে আমিনুল হাজির করেছেন বিমূর্ত রূপে।

‘ফুল কুড়াচ্ছে দুটি মেয়ে’, শিল্পী: হরেন দাস
‘ফুল কুড়াচ্ছে দুটি মেয়ে’, শিল্পী: হরেন দাস

তেলরঙে আঁকা মুর্তজা বশীরের ‘সম নাম বুটার বুলাড’ শিরোনামের ছবিটি ১৯৫৯ সালের। ছবির মাঝখানে থাকা নারীর সঙ্গে যুক্ত হয়েছে ঘোড়ার অবয়ব। ক্যানভাসের উপরিভাগে আছে কাগজের নৌকা। বাইরের কালো বহিঃরেখা বিষয়কে ভেঙে তৈরি করেছে জ্যামিতিক আকৃতি। নারীর লালিত্য আর ঘোড়ার গতির মিথস্ক্রিয়া পাওয়া যায় বশীরের এ চিত্রে।
কাজী আবদুল বাসেতের তিনটি ছবিতে প্যাস্টেল রঙে ফুটে উঠেছে অর্ধশায়িতা নারীর ভঙ্গি। আবার কাইয়ুম চৌধুরীর ২০০৩ সালে আঁকা তেলরঙের ছবিটিতে দেখা মিলল আবহমান বাংলার রমণীর মুখ। ‘শিরোনামহীন’ নামের এ ক্যানভাসে সবুজরঙা শাড়িতে মেটে হলুদ রঙের পাড়ে প্রস্ফুটিত হয় বঙ্গীয় নারীর অবয়ব।
বিষণ্ন জেলের মুখের সঙ্গে রয়েছে কাঠফাটা চৌচির মাঠ—২০১১ সালে আঁকা রফিকুন নবীর ছবিটি এমনই।
এ প্রদর্শনীতে তেলরং, জলরং, কালি-কলম ছাড়াও রয়েছে লিথোগ্রাফ ও কাঠখোদাই চিত্র। কলকাতার হরেন দাসের কাঠখোদাই প্রিন্টের বিষয় ‘একদল শিশুর মার্বেল খেলা’। তাঁর অন্য আরেকটি কাজের মাধ্যম এচিং ও অ্যাকুয়াটিন্ট। এ ছবিতে ফুল কুড়াচ্ছে দুটি মেয়ে।
কালি-কলমকে অবলম্বন করে আঁকা বিজন চৌধুরীর রেখাচিত্রটিতে কিউবিজমের প্রভাব যেমন স্পষ্ট, একইভাবে এখানে ফুটে ওঠে তাঁর স্বকীয়তাও। ‘শিরোনামহীন’ শিরোনামের ছবিটি ১৯৯৮ সালে আঁকা।
এ প্রদর্শনীর বাংলাদেশি শিল্পীরা হলেন জয়নুল আবেদিন, কামরুল হাসান, সফিউদ্দীন আহমেদ, আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, রফিকুন নবী, কালিদাস কর্মকার, কাজী আবদুল বাসেত, শহিদ কবির, নাজলী লায়লা মনসুর, আবদুস সাত্তার, রোকেয়া সুলতানা ও শিশির ভট্টাচার্য্য। আর কলকাতার শিল্পীদের মধ্যে আছেন রামকিংকর বেইজ, বিজন চৌধুরী ও হরেন দাস। প্রদর্শনীটি শেষ হয়েছে ২০ সেপ্টেম্বর।