অদ্বিতীয় নজরুল জীবনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুলের গাড়িতে ছোট্ট সব্যসাচী ও অনিরুদ্ধ। বারান্দায় চায়ের কাপ হ​াতে কবি। ছবি: সংগৃহীত
নজরুলের গাড়িতে ছোট্ট সব্যসাচী ও অনিরুদ্ধ। বারান্দায় চায়ের কাপ হ​াতে কবি। ছবি: সংগৃহীত

বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এটি প্রামাণ্য অথচ ‘সবার পাঠোপযোগী জীবনী’। এই বই সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি লিখতে গিয়ে বলা হয়েছে, ‘নজরুল সম্পর্কে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ খুব কম তথ্যই থাকতে পারে, যা এ বইয়ে নেই। সেই সঙ্গে নজরুল-প্রতিভার বৈশিষ্ট্য বুঝতেও পাঠককে সাহায্য করবে এ বই।’ যথার্থ উচ্চারণ। মোরশেদ শফিউল হাসান যে প্রকৃত পরিশ্রমী গবেষক-প্রাবন্ধিক, তাঁর রচিত এই জীবনীগ্রন্থ তার সমুজ্জ্বল দৃষ্টান্ত। যে সহজ-সরল, নিরলংকার ভাষায় নজরুলের জন্ম, শৈশব, কৈশোরকাল থেকে শুরু করে জীবনের অন্তিম দিনটির বিবরণগত তথ্য তুলে ধরেন তিনি, তাতে থেকে থেকেই বিস্মিত হতে হয়। প্রচলিত তথ্যের বাইরে এ বইয়ের যা প্রধান বৈশিষ্ট্য, লেখক যখন একই বিষয়ে নতুন কোনো তথ্য তুলে ধরেন, পাঠক হিসেবে তার পাঠে অপার আনন্দের সঙ্গী হতে হয়।

নজরুল যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, বইয়ের লেখক যখন সেই বাড়ির বিবরণ তুলে ধরেন কিংবা তাঁদের পারিবারিক পদবির পাশাপাশি তাঁর বাবার মৃত্যুর পর তাঁদের পুরো পরিবার যে চরম দারিদ্র্যের শিকার হয়, তারও বিবরণ সংক্ষিপ্তাকারে যে ভাষায় তুলে ধরেন, তাতে মন ভারাক্রান্ত হয়ে ওঠে। বুঝতে অসুবিধা হয় না, নজরুল কোন পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন, কীভাবে তাঁর জীবনের উত্থান!

নজরুলের শিক্ষাজীবনের বিবরণও লেখক তুলে ধরেন প্রায় অনুপুঙ্খভাবে। তাঁর শিক্ষাজীবন সহজপথে এগোয়নি। নানা টানাপোড়েনে তা বারবার বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি ছিল তাঁর দুরন্ত ও বাউন্ডেলে স্বভাব। এসবই আমাদের জানা কথা। কিন্তু বইটিতে আছে এ সংক্রান্ত কিছু নতুন তথ্য। তথ্যগত বিবরণ আছে তাঁর সৈনিক-জীবন সম্পর্কেও।

সংক্ষিপ্তাকারে হলেও বইয়ে মোট ৩২টি অধ্যায়ের মাধ্যমে লেখক তুলে ধরেছেন নজরুলের নজরুল হয়ে ওঠার সার্বিক দিক। নানা বাঁকে ভরা ছিল তাঁর জীবনের গতিপথ। কিন্তু শেষ পর্যন্ত থিতু হয়েছেন তিনি সাহিত্য রচনায়, সংগীত সাধনায়। আমরা দেখি, তিনি জীবনে এমন সব মানুষের সংস্পর্শে আসছেন, অবিভক্ত পরাধীন ভারতের প্রেক্ষাপটে সে কালে তো বটেই, এ কালের বিচারেও তাঁরা মহিরুহতুল্য। আমরা এ-ও দেখি, কমরেড মুজাফ্‌ফর আহ্‌মদের সঙ্গে তাঁর পরিচয় ও সাহচর্যের ব্যাপ্তি ছিল গভীর। বস্তুত কমরেড মুজাফ্‌ফরই নজরুলের জীবন ও কর্মের নতুন গতিপথ খুলতে সাহায্য করেছিলেন, হয়ে উঠেছিলেন তাঁর জীবনের ধ্রুবতারা।

>

.
.

নজরুল জীবনকথা
মোরশেদ শফিউল হাসান
প্রচ্ছদ ও অলংকরণ: মাসুক হেলাল
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: নভেম্বর ২০১৬ l ১৪৪ পৃষ্ঠা
দাম: ২৮০ টাকা

ঘনঘটায় ভরা তাঁর বৈবাহিক-জীবন। বর্ণিল তাঁর সাংগীতিক, সাহিত্যিক ও নানা পত্রিকা সম্পাদকতার জীবনও। অংশ নিয়েছিলেন সরাসরি রাজনীতিতে। নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। চরমভাবে পরাজিত হলেও রাজনীতি তাঁর পিছু ছাড়েনি। জেল খেটেছেন। অনশন করেছেন। এ সংক্রান্ত বিবরণগুলো বিশ্বস্ততার সঙ্গে তুলে ধরেছেন লেখক। এই সঙ্গে তিনি এ-ও জানাচ্ছেন, ‘যত দূর জানা যায়, বাংলা দেশে নজরুলই প্রথম, এমনকি সমগ্র ভারতবর্ষেও মওলানা হসরত মোহানির পর দ্বিতীয় বিশিষ্ট ব্যক্তি, যিনি প্রকাশ্যে পূর্ণ স্বাধীনতার দাবি জানান।’

প্রত্যক্ষ রাজনৈতিক জীবনের পর নজরুল প্রধানত থিতু হন সংগীতের জগতে। রবীন্দ্রনাথের খ্যাতির মধ্যগগনে নজরুলের যে সার্বিক উত্থান এবং কেন, তার বিবরণ তুলে ধরতে গিয়ে মোরশেদ জানাচ্ছেন, ‘রবীন্দ্রনাথের চেয়ে বড় কবি না হলেও, কোনো কোনো দিক থেকে নজরুলের জনপ্রিয়তা তাঁর সময়ে, এমনকি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গিয়েছিল। এর কারণ হলো, রবীন্দ্রনাথ বা নজরুল যখন জন্মেছিলেন, তখন দেশটা ছিল ব্রিটিশদের অধীন। আর পরাধীন দেশে মানুষের মনের ক্ষোভ, বিদ্রোহ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা নজরুলের লেখায়ই প্রথম স্পষ্ট ও সুন্দরভাবে ভাষা পেয়েছিল। পরাধীনতা মুক্তির লড়াইয়ে স্বাধীনতাসংগ্রামীদের মন্ত্র হয়ে উঠেছিল নজরুলের কবিতা ও গান।’

মোরশেদ শফিউল হাসান এ বইয়ের অধ্যায়গুলো লিখছেন পরম নিষ্ঠায়। যতটা সম্ভব নতুন নতুন তথ্য সংযোজনেও কার্পণ্য করেননি। ফলে এই বই কলেবরগত দিক থেকে ক্ষীণকায় হলেও, তথ্যে ভরপুর। নজরুল জীবনের হেন তথ্য নেই, যা এ গ্রন্থ থেকে বাদ পড়েছে।

প্রয়োজনীয় ও দুর্লভ বেশ কিছু ছবি বইটিকে সমৃদ্ধ করেছে। ফলে নজরুল জীবনকথা হয়ে উঠেছে কবির অদ্বিতীয় জীবনালেখ্য, যার প্রয়োজন ছিল।