অনতি অতীত-ছোঁয়া বহমান বর্তমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন ও ছায়া—রায়হান রাইন
আগুন ও ছায়া—রায়হান রাইন

আগুন ও ছায়া—রায়হান রাইন 
প্রচ্ছদ ও অলংকরণ: মাসুক হেলাল
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৪
১৭৪ পৃষ্ঠা
দাম: ২৮০ টাকা
এই উপন্যাসের লেখক যেমন বলেন, ‘গল্পের ডালপালা ছড়াচ্ছিল আর আমরাও এগিয়ে যাচ্ছিলাম গন্তব্যের দিকে৷’ ঠিক তাঁর উচ্চারণের মতোই পাঠক হিসেবে আমরাও একই দশাগ্রস্ত হই। ঠাসবুনোট এই উপন্যাস রীতিসিদ্ধ প্রথার বৃত্তবন্দী নয়। আসলেই সে ডালপালা ছড়াতে ছড়াতে অগ্রসর হয়। ছকবদ্ধ কাহিনি বলতে যা বোঝায়, তা-ও এতে নেই। আবার নেইও বা বলি কী করে! আছেই তো! জাভেদ কায়সারের বলা কাহিনির নাজিয়া আর উত্তম পুরুষের ‘আমি’র মধ্যে যে সম্পর্ক এবং তাদের মধ্যে যে টানাপোড়েন, ঘটনার প্রায় রগছেঁড়া উত্তুঙ্গতা ও পরিণতি, তাকে কাহিনি না বলে আর কী বলা যেতে পারে! কাহিনিই তো! তবে মামুলি কাহিনি নয়। অনতি-অতীতের পটভূমির গা-ছোঁয়া এ উপন্যাসের দৌলতে যে ঘটনাপরম্পরার সম্মুখীন আমরা হই এবং রায়হান রাইন তাঁর শক্তিশালী লেখনীর আঁচড়ে যেভাবে সেসবের ছবি আঁকেন, এক অর্থে তা শুধু আমাদের আমোদিত করে না, ভাবনারও সঙ্গী করে সমভাবে।
রায়হানের দেখার দৃষ্টি প্রবল প্রখর। সেটা এই অর্থে যে পরিপার্শ্ব ও প্রকৃতির বর্ণনায় তিনি তাদের যেমন রূপরসগন্ধসমেত জীবন্ত করে তোলেন, তেমনি চরিত্রগুলোর হৃদয়ের গভীর প্রদেশে জমে থাকা আলো, অন্ধকার, ক্লেদ ও কালিমারও স্বরূপ তুলে ধরেন সমান পারদর্শিতায়।
উপন্যাসের শুরুতেই বলা হয়েছে, এর কাহিনি শুরু হচ্ছে ‘দেশে জরুরি অবস্থা জারির পরের কোনো এক বিকেল’ থেকে। সেনাশাসনের সমর্থনপুষ্ট কথিত তত্ত্বাবধায়ক সরকারের আমল (২০০৬-২০০৮) থেকে শুরু হওয়া ঘটনা কখনো বাঁক ফেরে বৃহত্তর পরিসরে, কখনো একেবারে ব্যক্তিক পর্যায়ে।
উত্তম পুরুষের ‘আমি’ পেশায় অধ্যাপক, নেশা ছবি তোলা। তোলে র্যা বের কথিত ক্রসফায়ারে নিহতদের ছবি, সামরিক শাসনের বিরুদ্ধে ফুঁসে ওঠা ছাত্রসমাজের মিছিলের ছবি। পাশাপাশি নিজের স্ত্রী ও কন্যাসন্তানের অনুপস্থিতিতে নিজের বাসা-বাড়িতেই জড়িয়ে পড়ে নাজিয়া নামের এক যুবতীর সঙ্গে কামজ সম্পর্কের জালে। রগরগে সেই শারীরিক সম্পর্ক। নাজিয়ার ভাষায়: ‘শরীর হচ্ছে সেই সিঁড়ি, যাতে পা ফেলে ফেলে আমরা ঢুকব আত্মার ঘরে। ক্রমেই সব দ্বৈততা ঘুচে যাবে তোমার আর আমার। আমরা উড়তে থাকব ঝাঁকের ভেতর বুনো হাঁস যেভাবে ওড়ে। অশ্বারোহী যেভাবে পাহাড়ি নদীর স্রোত উজিয়ে পার হয়, সেভাবে আগাও। বাতাসে ভাসো দক্ষ ইগলের মতো, নখ বসাও দৌড়াতে থাকা খরগোশের কণ্ঠনালিতে। সাপের মতো ধীরে ধীরে ঢুকে পড়ো গর্তে, ঝোড়ো বাতাসে পালতোলা নৌকার মতো ছোটো। বাজপাখির দৃষ্টি এড়িয়ে সুড়ঙ্গে ঢোকো ভয়ার্ত ইঁদুরের মতো, আনন্দিত চড়ুইয়ের মতো খুঁটে খাও উঠানের ধান।’
কিন্তু এমন যে সম্পর্ক, তাতে অচিরেই চিড় ধরে। এই সম্পর্কের সূত্রেই নাজিয়া ব্ল্যাকমেলিংয়ের আশ্রয় নেয়। উপন্যাসের নায়ককে সে ভয় দেখায় এই বলে যে সে সবকিছু ফাঁস করে দেবে তার স্ত্রীর কাছে। নায়ক ‘আমি’ আপাতত ভয় পেলেও দমে যায় না। সে-ও প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। অবশেষে পেয়ে যায় সে নাজিয়ার অন্য কোনো পুরুষের সঙ্গে স্থাপিত যৌন সংসর্গের ভিডিও টেপ। নাজিয়া ব্যাপারটা জানার পর নিস্তেজ হয়ে পড়ে। রায়হান এখানেই থামেন। আর অগ্রসর হন না এবং আগুন ও ছায়া উপন্যাসের শেষ করেন এমন এক নিস্পৃহ ভঙ্গিতে, যার সঙ্গে নাজিয়ার ও নায়কের অন্তর্দ্বন্দের লেশমাত্র সম্পর্ক নেই। একালের জীবন তো এমনই।
রায়হান রাইন আশ্চর্য শক্তির পরিচয় দিয়েছেন উপন্যাসের ঘটনার বর্ণনা করতে গিয়ে মূল ঘটনাস্রোত থেকে মাঝেমধ্যেই বিচ্ছিন্নতার আশ্রয় নিয়ে কিংবা সমান্তরালতার কৌশল অবলম্বন করে। ফলে এই উপন্যাসের প্রতিটি অধ্যায় ও চরিত্র এবং এতে বর্ণিত পারিপার্শ্বিকতা আলো ও ছায়ার মিশেলে জাদুবাস্তবতার এক আশ্চর্য উপাদান হয়ে উঠেছে।