
মাইকেল মধুসূদন দত্ত বন্ধুকে তাঁর বিলাত যাওয়ার কারণটি জানাচ্ছেন এই শব্দগুলো লিখে, ‘বিশ্বাস করো, প্রিয় বন্ধু, বাংলা একটি অসাধারণ সুন্দর ভাষা; এর পরিমার্জনের জন্য দরকার কেবল প্রতিভাবান কয়েকজন লোকের। আমরা নিজেরা যেমনটা শিক্ষা পেয়েছি, সেই শিক্ষার মতো ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থার কারণে এ ভাষার কথা সামান্যই জানা আছে, অথবা লোকেরা এ ভাষাকে কেবল ঘৃণা করতে শিখেছে...চিরকাল গরীব অবস্থা মেনে নেবার মতো মনোভাব আমার নেই...তোমার যদি টাকা থাকে তুমি তাহলে “বড় মানুষ, তা না-হলে কে তোমাকে পোঁছে।” আমরা এখনো একটা মর্যাদাহীন জাতি।’
প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ‘কীর্তিমান বাঙালি’ সিরিজের মাইকেল মধুসূদন দত্ত বইয়ের ৪৮ পৃষ্ঠা থেকে ওপরের অংশটি নেওয়া। তীক্ষ্ণ এ শব্দগুলো এখনো ছুরির মতো বুকে বেঁধে। বিলেত যাওয়ার কারণ হিসেবে এটিকে না দেখে সামগ্রিকভাবে বাঙালির দশা হিসেবে কল্পনা করলে দেখা যায়, এ সত্য আজও কেমন বিরাজমান! বইটি লিখেছেন বিপ্লব বালা। মাত্র ৬৪ পৃষ্ঠার বই। কিন্তু হাতে নিলে শেষ পৃষ্ঠা পর্যন্ত না গিয়ে উপায় নেই।
ক্ষুদ্র এই বইটি বিশাল হয়ে ওঠে তখনই, যখন মধুসূদনের কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে তৎকালীন সমাজের রক্ষণশীলতা ও তা ভেঙে এগিয়ে যাওয়ার সংগ্রামের চিত্রটির কথাও মনে রাখেন লেখক। এই রক্ষণশীলতার বিরুদ্ধে মাইকেলের স্বচ্ছ দৃষ্টিভঙ্গির প্রকাশ দেখে পাঠক বুঝতে পারবেন, মাইকেল মধুসূদন দত্ত আসলে অনন্য একজন মানুষ। বাঙালির পরিচিত মাপে তাঁর পোশাক তৈরি করা যায় না।
বইটিতে পাঠক দেখতে পাবেন, বাধা পেলেই যেন আত্মশক্তিতে বলীয়ান হয়ে উঠতেন মাইকেল। তাঁর যা সৃষ্টি, তা আগাগোড়াই ছিল ব্যতিক্রমী। মনে হতে পারে মাইকেলের জন্য তা অনায়াসসাধ্য। কিন্তু সেই অনায়াস বাকভঙ্গিমা আয়ত্ত করতে নবিশপর্যায়ে কবির যে প্রস্তুতি, সেটাও তুলে এনেছেন বিপ্লব বালা। ইংরেজি কাব্যের প্রতি আত্মসমর্পণ এবং জীবনের মাদ্রাজ-পর্বে স্বদেশমুখী হওয়ার বাঁকটি কি সফলভাবেই না নিয়ে এসেছেন লেখক।
মাইকেলের ব্যক্তিজীবনের দিকে তাকালে সার্বিক ট্র্যাজেডিই চোখে পড়ে। বাবা-মা-রেবেকা-হেনরিয়েটার প্রতি মধুসূদনের ভালোবাসা শেষপর্যন্ত যেন দীর্ঘশ্বাসেরই নির্যাস। বাঙালির প্রচলিত দৃষ্টিভঙ্গির বাইরে জীবন ও জগৎকে দেখার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রদূত, সামনে ছিল না কোনো দৃষ্টান্ত; ফলে চলতিপথে হোঁচট খেয়েছেন বারবার। সেই সঙ্গে অভিজাত জীবনের প্রতি আকর্ষণ তাঁকে নিজের অবস্থা না বুঝে পয়সা ওড়ানোর কারিগরে পরিণত করেছে। এ রকম খেয়ালি মানুষ খুব কম মেলে। নিজের স্বপ্নকে জীবনের চেয়ে উজ্জ্বল ভেবে এমন এক জীবনপথের জন্ম দিলেন মাইকেল মধুসূদন দত্ত, যে পথে ব্যতিক্রমহীনভাবে ওই একটি মানুষেরই পদচিহ্ন পড়েছে।
মাইকেল সম্পর্কে স্কুল থেকেই অনেক কিছু জেনে যায় শিক্ষার্থীরা। কিন্তু ‘অমিত্রাক্ষর ছন্দ’, ‘মেঘনাদবধ কাব্য’, ‘কপোতাক্ষ নদ’ আর ‘দাঁড়াও পথিকবর’ পেরিয়ে মাইকেলের অন্তরে ঢোকার সুযোগ কি থাকে তাতে? এত বৈচিত্র্যময় সে জীবন যে এ কালেও মাইকেলকে ‘উজ্জ্বল ব্যতিক্রম’ বললে ভুল হবে না। খুব সহজ ভাষায় মাইকেলের ৪২ বছরের জীবনকে মলাটবদ্ধ করেছেন লেখক। এ যেন জীবনের সারাৎসার। এ যেন মধুসূদন পাঠে অগ্রসর হওয়ার পাসপোর্ট। যে কথাগুলো ছোট করে বলা হয়েছে, তারই বিস্তৃত রূপ জানার আগ্রহ জাগাবে বইটি।
মাইকেল মধুসূদন দত্ত
বিপ্লব বালা
প্রচ্ছদ ও অলংকরণ:
কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন জানুয়ারি ২০১৫
৬৪ পৃষ্ঠা
দাম: ১৫০ টাকা