অনন্য বয়নচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পজগতে টেপেস্ট্রি খুব পরিচিত মাধ্যম নয়। কিন্তু পাঁচ-ছয় শ বছর আগেও পৃথিবীর বিভিন্ন জায়গায় শিল্পীরা এ মাধ্যমে কাজ করেছেন। টেপেস্ট্রি শব্দটি এসেছে টেপিস থেকে, যার মানে দাঁড়ায় খুব জাঁকজমকপূর্ণভাবে সাজানো কাপড়, যা গৃহসজ্জায় দেয়ালে ঝুলিয়ে রাখা হয় বা কোনো কিছু ঢাকতে ব্যবহার করা হয়। শিল্পজগতে টেপেস্ট্রি সবচেয়ে ভিন্ন, ব্যয়বহুল ও শ্রমসাধ্য মাধ্যম। বাংলাদেশের শিল্পজগতে এ মাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন শিল্পী রশীদ চৌধুরী। তিনি বাংলায় এ মাধ্যমের নাম দেন টেপিশ্রি এবং পরবর্তী সময়ে বয়নচিত্র নামে পরিচিত হয়। রশীদ চৌধুরীর সঙ্গে সহকর্মী হিসেবে কাজ করেছেন শিল্পী তাজুল ইসলাম। ১৯৬৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তাজুল ইসলাম ওরিয়েন্টালের শিক্ষার্থী হলেও টেপেস্ট্রির কাজ শেখেন। পরবর্তী সময়ে টেপেস্ট্রির প্রতি তাঁর গভীর অনুরাগ জন্মে এবং এ মাধ্যমেই তিনি শিল্পচর্চা চালিয়ে যেতে থাকেন। সমকালীন শিল্পীদের মধ্যে টেপেস্ট্রির জগতে তাজুল ইসলামই অন্যতম।বর্তমানে তাজুল ইসলামের শিল্পকর্ম নিয়ে ‘৭ম একক বয়নচিত্র প্রদর্শনী’ শিরোনামে প্রদর্শনী চলছে ঢাকার কসমস গ্যালারিতে। এখানে শিল্পীর ছোট-বড় বিভিন্ন মাপের ৩৪টি বয়নচিত্র প্রদর্শিত হচ্ছে। তাজুল ইসলামের শিল্পকর্মের বিষয় হিসেবে ফিগারের উপস্থিতি কম। বিভিন্ন ফর্ম আর রঙের কম্পোজিশন, ক্যালিগ্রাফি শিল্পকর্মের মূল বিষয়। এক একটি বয়নচিত্র অনেক শ্রম এবং সময়সাপেক্ষ ব্যাপার। একটি ২×২১/২ বর্গফুট মাপের বয়নচিত্রের কাজ শেষ করতে ১০-১৫ দিন সময় লেগে যায়। সাধারণত তাজুল ইসলাম শিল্পকর্মের ডিজাইন করে লে-আউট করে দেন। পরবর্তী সময়ে তাঁর কারিগরেরা তাতে বুনে বয়নচিত্রটি সম্পন্ন করেন। তাজুলের সঙ্গে প্রায় চারজন কারিগর নিয়মিত কাজ করেন, যাঁর মধ্যে তাজুলের ছোট ভাইও আছেন।প্রদর্শনীর শিল্পকর্মগুলোতে দেখা যায় কিছু কিছু শিল্পকর্মে তাজুলের নিজের স্বাক্ষর রয়েছে, আবার কিছু কিছু ছবিতে নেই। এর কারণ জানতে চাইলে তিনি জানান, যেসব চিত্র তিনি নিজে বুনে দেন সেগুলোতে স্বাক্ষর করেছেন, যেগুলো কারিগরেরা বুনেছেন, সেগুলোতে স্বাক্ষর করেননি। বয়নচিত্রগুলো সাধারণত কটনের সারফেসে পাটের সুতা, উল অথবা অ্যাক্রেলিক সুতা দিয়ে করা হয়েছে। বেশির ভাগ ছবিতেই খুব কন্ট্রাস্ট কালার ব্যবহার করেছেন। এর কারণ মূলত ছবিগুলো সুতায় বোনা হয় বলে দীর্ঘদিন পরে তা ফ্যাকাসে হয়ে যেতে পারে। তাই কন্ট্রাস্ট কালারে কাজ করলে ছবিতে ধূসরভাব কম আসবে। কিছু কিছু ছবিতে শিল্পী বুননের টেক্সচারের সঙ্গে সংগতি রেখে স্থায়ী মার্কার বা প্রেসের ছাপার কালি ব্যবহার করেছেন। ছবির ব্যাকগ্রাউন্ডে রঙের বিভিন্ন আলো-ছায়া এবং ছোট ছোট বিভিন্ন ফর্ম তৈরিতে কালি ব্যবহার করেছেন। বয়নচিত্রের সঙ্গে কালির সংগতিপূর্ণ ব্যবহার ছবিগুলোকে ভিন্ন মাত্রা দিয়েছে।বুননের মাধ্যমে শিল্পকর্ম তৈরিতে কিছু সুবিধা-অসুবিধা আছে। এগুলো মাথায় রেখেই শিল্পীকে কাজ করতে হয়। বয়নচিত্রে আনুভূমিকে কাজ করতে সুবিধা, তাই তিনি চেষ্টা করেন ডিজাইন করার সময় উলম্ব রেখা কম দিতে। আবার জ্যামিতিক ডিজাইনের ঋজু রেখা আনতে বেশ ঝামেলা পোহাতে হয়। সে তুলনায় বক্ররেখা বুননের ক্ষেত্রে সুবিধাজনক। এর সবকিছু বিবেচনা করেই তৈরি হয় একেকটি বয়নচিত্র।