অনুপম পাঁচমিশালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরেক রঙের মানুষ
হরেক রঙের মানুষ

হরেক রঙের মানুষ
মুহাম্মদ হাবিবুর রহমান
প্রচ্ছদ ও অলংকরণ: অশোক কর্মকার
প্রথমা প্রকাশন, জানুয়ারি ২০১৫
১৩৬ পৃষ্ঠা
দাম: ২৫০ টাকা
হরেক রঙের হরফে হরেক রঙের মানুষ বইটির প্রচ্ছদ দেখে ভেবেছিলাম, মুহাম্মদ হাবিবুর রহমান বুঝি তাঁর আশপাশের বিচিত্র মানুষদের নিয়ে লিখেছেন। কিন্তু প্রচ্ছদেই তাঁর নামের ঠিক নিচে ‘স্মৃতিকথা, ভ্রমণ, গল্প, কবিতা, অনুবাদ, সাক্ষাৎকার’ শব্দগুলো দেখে বুঝে নিতে হলো, এ বই আসলে লেখকের মতোই বৈচিত্র্যময় লেখার সমাহার। প্রধান বিচারপতি পরিচয়ে স্থিত না থেকে জ্ঞানের নানা শাখায় যেভাবে বিচরণ করলেন তিনি, তাতে বিস্ময় জাগে মনে। সেই বিস্ময়কেই আরও খানিকটা বাড়িয়ে দেয় এই বই।
তাঁর লেখা আর কোনো বই না পড়লেও বিষয়-বৈচিত্র্যের করণেই বোঝা যায়, কত বিচিত্র দিকে এগিয়েছে তাঁর চিন্তাধারা। দেশের একটি এবং বাইরে আরেকটি ভ্রমণবিষয়ক লেখার সূত্রে আমরা জেনে যাই, ভ্রমণকে তিনি শুধু ‘গেলাম, দেখলাম’-এর মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং এলাকাটির প্রকৃতি-ইতিহাস-ঐতিহ্যের সঙ্গেও পাঠককে পরিচিত করে তুলতে চান। তাই সাজেক নিয়ে লেখা ভ্রমণবিষয়ক রচনাটিতে যেমন চাকমা, পাংখোদের পুরোনো রীতি নিয়ে কথা বলেন, তেমনি চাঁদের গাড়ির ইতিহাস তুলে ধরে পাঠকের তৃষ্ণা মেটান। আর থাকে বাঁশের ফুল। লেখার মধ্যে বাঁশঝাড়ের জন্য অনেকখানি জায়গা রেখে তিনি জানিয়ে দেন, ছোট-বড় সব বিষয়ের প্রতিই নজর আছে তাঁর।
তাঁর নিজের লেখা যে চারটি গল্প ও বেশ কতগুলো কবিতা আছে, তাতে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রমাণ মেলে। কাব্যিক অলংকার বা প্রচলিত গল্পের ধরনের চেয়ে তিনি বিষয়বস্তুকেই বেশি গুরুত্ব দেন। সে কথা তিনি বুঝিয়েও দেন তাঁর একটি কবিতায়: ‘আমার কবিতা পড়তে/ তোমার বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে হবে না।/ আমার কবিতায় ধাধস, ধন্দ বা ধাঁধা নেই,/ কুহেলিকা-প্রহেলিকা, কোনো রহস্য নেই/ চোখ ধাঁধানো শাণিত কোনো শব্দ চমক দিতে চায় না।’
অনুবাদ গল্প ও কবিতাগুলো দেখলে বোঝা যায়, রুচির জায়গায় আপস করার পক্ষপাতী তিনি নন। অনুবাদ গল্পে সমারসেট মম ও অক্তাভিও পাজ এবং অনুবাদ কবিতায় পাবলো নেরুদা, হোর্হে লুইস বোর্হেস, মিরোস্লাভ হোলুব, ফয়েজ আহমদ ফয়েজের নামগুলোই তার প্রমাণ দেয়। অনুবাদ কবিতার মধ্যে কয়েকটিতে বর্ণমালা ও ভাষা প্রসঙ্গ রয়েছে। পাঠককে মনে করিয়ে দেওয়া দরকার, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে মুহাম্মদ হাবিবুর রহমানের ছিল উল্লেখযোগ্য ভূমিকা। সেই ভূমিকা নিয়ে তিনি খুব একটা কথা বলেননি কখনো, তবে তাঁর বিনয়ের মধ্য দিয়েই ভাষা নিয়ে কাজ করে গেছেন অনেক।
বইটির উল্লেখযোগ্য সংযোজন আনিসুজ্জামানের নেওয়া তাঁর সাক্ষাৎকারটি। কীভাবে বেড়ে উঠলেন, কীভাবে বিশ্ববিদ্যালয় জীবনের নানা ঘাত-প্রতিঘাত সামলে নিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু দিনের জন্য শিক্ষকতা করলেন, পড়াশোনার জন্য বৃত্তি নিয়ে বাইরে গেলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হলেন—এ ধরনের বিষয়গুলো নিয়ে তাঁর বলা কথাগুলো ভালোই লাগবে পাঠকের।
বইয়ের প্রথম লেখাটি ‘১৪৪ ধারা ভঙ্গ’ নিয়ে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ হলের ছাত্র সংসদই ১৪৪ ধারা ভাঙার পক্ষে ছিল। তবে ২০ ফেব্রুয়ারি ফজলুল হক হলের পুকুরের পূর্ব পাড়ে যে কজন ছাত্র এক গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন, তাঁদের রয়েছে এক ঐতিহাসিক ভূমিকা। কারণ, এই বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত চারজন ২১ ফেব্রুয়ারি সভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই লেখাটি বইয়ের উল্লেখযোগ্য সংযোজন।
সরল ভাষায় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের বর্ণনায় বিচিত্র এক জগতের সন্ধান পাওয়া যাবে পাঁচমিশালি এ বইয়ের মাধ্যমে।