অনুপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

রতিসম্ভোগের নিদারুণ তৃষ্ণা গোপনে বয়ে নিয়ে পাল বেঁধে লোক হেঁটে যাচ্ছে পৃথিবীর পথে, ইয়ে মালদহপট্টির পথে। (আহা! লোকের কত আশা...দীর্ঘক্ষণ চাই, সবল অঙ্গ চাই, ঋষিদিগের মতন অমোঘবীর্য হওয়া চাই।) তাই নিয়ে রাস্তায় মুখোমুখি দোকানে বুড়ো আমজাদ মিয়া আর সে চোখে চোখে হাসে, সর্বদর্শী বৈদ্যের হাসি। ‘আদর্শ হোমিও হল’-এর আমজাদ মিয়া আর শক্তি ঔষধালয়ের জীবনকৃষ্ণ হালদার। (ডাকনাম বেণু।) শীতকালে যৌনরোগ, বাতরোগ ও গ্যাস্ট্রিকের ওষুধ বেশি চলে, শীতে লোকে জবুথবু থাকে কি না, ভাতটা খেয়ে নিয়েই লেপের তলায় চলে যায়, হজম হবে কী করে? গ্রীষ্মে হজমের ঝামেলা কম। সুরমারঙা চোখে নঞ ভঙ্গিতে ধূলিভরা ব্রাউন শিশিগুলোর দিকে চেয়ে আমজাদ মিয়া ঈষৎ লাজুক গলায় বলে, ‘নতুন নতুন সব ভাব-ভালোবাসার রোগী!’ (ওই যারা এদিক-ওদিক তাকিয়ে স্যাঁত করে ঢুকে পড়ে দোকানে।) নতুন ভাব-ভালোবাসায় অবশ্য পুরোনো রোগ সংক্রমিত হয়। মুখ থোঁতা করে জীবনকৃষ্ণ সারিবাদ্যরিষ্টের, দশমূলারিষ্টের বোতল নামায় কাউন্টারে।
বিকেলের রোদ তেরছা আর কমলা হতে থাকলেই পরান আইঢাই, ধূসর হয়ে গেলে ওর দোকানে আস্তে আস্তে জড়ো হয় দু-তিনজন—বাহরাম উদ্দিন মুন্সিপাড়ার কবিরাজ, আদর্শর আমজাদ মিয়া, ‘এখানে কুকুরের কামড়ের ইনজেকশন দেওয়া হয়’-এর মৃধা সাহেব। একটু খিটখিটে হলেও জীবনকৃষ্ণ এমনিতে ‘রমাকান্তকামার’ গোছের লোক, সিধে পড়ে গেলেও যা, উল্টালেও তাই। উদ্যমের অভাব নেই শরীরের ভাবে, শৈথিল্য তেমন নেই। বাজারের কামার হয়রাকাকা (হরেকৃষ্ণ) ইটের ভাটিতে একবার পুড়িয়ে ফেলা কয়লা কিনে আনে, আঁচ ওঠে অল্প তাতে…জীবনকৃষ্ণ খানিকটা সেই মতন। আজকাল কাঁচা কয়লা পোষায় না। তন্দ্রা এসেছিল আজ তার দোকানে, শ্বেতপ্রদর দাওয়াই নিতে। কী একটা চটকানো শাড়ি পরেছে সে, ওলট কম্বলের ফুলের মতো তার রং। হাতে একখানা চটের ব্যাগ, আরেক হাতে অনিচ্ছুক একটা স্কুলের মেয়ে। ‘আমি বেণু, আমার শাখায় নীরব যে হায় কত না গান’...জীবনকৃষ্ণ হালদারকে শুনিয়ে কে গাইত? তন্দ্রা নাকি নিদ্রা? ঠাট্টাবটকেরার সম্পর্ক ছিল তাদের। বহু বছর পর তন্দ্রার দেখা মিলল, সে জানতই না ওরা এখনো এখানে থাকে কি না। তন্দ্রা, নিদ্রা, কুহেলী—কী সব নাম ওদের বাড়ির মেয়েদের। তন্দ্রার মেয়েটা বয়সের তুলনায় হাতে-পায়ে ছোট, সরু চোখ করে দেখে জীবনকৃষ্ণ। একবার ভাবে বলবে, দুবেলা পাকা আঁশফল রস করে খাওয়া মেয়েকে। তারপর কী ভেবে আর বলে না। বেশিক্ষণ বসল না তন্দ্রা, ওষুধ কিনে চলে গেল, কৈফিয়তের মতো করে একবার বলে গেল, সে’ন্ট অ্যান্থনির জিভ এসেছে পাদুয়া থেকে, গির্জায় যাবে ওরা, বন্ধ্যত্ব আর হারানো বস্তু ফিরে পাওয়ার জন্য বড় জাগ্রত সাধু। (যেন বেণু জানতে চায়, তাদের গন্তব্য কোথায়, যেন সন্নিকটবর্তী হওয়ার পর কানিবক কেন ধ্যান ভেঙে মাঠ ছেড়ে আচমকা উড়ে যায়, তাই নিয়ে যথেষ্ট সময় বেণু ইতিমধ্যে ব্যয় করেনি।) তন্দ্রা চলে যেতেই বেণুর শরীরে ঝপ করে এমন অবসাদ নামল, বস্তিদেশের পর থেকে পা দুখানা দুটি অবলেহ স্তূপ...তার কাকে চাই? বন্ধ্যত্বের সাধুকে, নাকি হারানো বস্তুর সাধুকে? আমজাদ মিয়া নেহাত খেসারির বড়া আর আদা-চাসহ এসে পড়ল, না হলে সে দোকান বন্ধ করে চলেই যেত নিরুদ্দেশ। তার নিরুদ্দেশযাত্রা অবশ্য কখনোই উদ্দেশ্যহীন ছিল না, নদীর পাড় ধরে আকন্দর ঝোপ মাড়িয়ে একহাঁটু বালু ভেঙে হাঁটত সে। কিংবা মঠের চৌদিকের রাস্তা প্রদক্ষিণ করত। আর গজরাত।
ঢ্যাপা নদী স্থানে স্থানে বালুর চর ফেলে দিয়েছে, ভাঙা পাড় খানিকটা ধসিয়ে রেখে কাঁকাল বেঁকিয়ে চলে গেছে আরেক দিকে, সে ডাঙায় কালো কালো ছাগল চরছে এখন। বালুবোঝাই ট্রাকের চাকা বিদারণরেখা ফেলে যায় বালু-কাদায় নিয়মিত। পরপারে দেখা যায় ইট ভাটার চিমনি, আঁকাবাঁকা শিমুলের ডালে শেষ মাঘেই ফুল এসেছে, ইলেকট্রিকের তারে জড়ো হয়েছে শালিকসমাজ। আখের খেতে নির্ভার নস্যরঙা ফুল এসেছে। খেতে কৃষিকাজ চলছে, বীজতলাগুলো সবুজ কিংখাবের মতন ঝলমলে। ধানচারা আঁটি করে নিয়ে কাদাজলে বুনে দিচ্ছে মদ্দা পুরুষলোক। এপার থেকে কুতুব ডাকছে ওপারের ফজলকে, ফজল মাথা না তুলেই সাড়া দিচ্ছে, ‘কাহে?’ সরিষাখেতের ছেনাল হলুদ ফুলগুলো খুচরো পয়সার মতো ঝরে গেছে। বনফুল আর বিছুটি উঁচিয়েছে তাদের নীল-বেগুনি মাথা।
নৌটঙ্কি মুলতবি রেখে ঢ্যাপা নদী যেখানে পুনর্ভবার সাথে গিয়ে মিলেছে, সেইখানে তাদের জমি ছিল, এখন আর নেই। শহীদ তুলশিরাম সড়কে সজনে গাছতলায় একটা ফার্মেসি ছিল বড়দার, ‘জননী ফার্মেসি’; ‘হোটেল হাই স্ট্যান্ডার্ড’-এ রান্নার কাজ করা মেয়েটাকে নিয়ে পালানোর আগে। আরও কী কী যেন ছিল কবে কবে। বেণু মনে করতে পারে না। শ্লথছিপি কাচের বোতলের ঔষধে পুরাতন গুড়ের গন্ধ—এই-ই মনে করতে পারে। এই তো পাপ হলো, মিথ্যা বলা মহাপাপ। (ধুত্তোর, পাপ শব্দটা ধারণা হিসেবে তো বটেই, শব্দ হিসেবেও অর্থহীন!) সে আরও মনে করতে পারে, তার বয়স একদা ছিল পঁচিশ। তন্দ্রার জাগ্রত সাধু মরেছিল একুশ বছর বয়েসে আর সে পঁচিশে। আঠারোর হাতে।
মেরী কুহেলী গোমেজ। নিশিন্দাপাতার মতো দিঘল চোখ। সুন্দিশাপলার মতো সজল তার চোখের কালো। ধীর-ভীরু-সংকল্পবদ্ধ চাহনি। বড় বাহার ছিল তার চুলে, হরিণশিকারির জালের মতো ঘনকৃষ্ণ কেশদাম। চাষার ঘরের মেয়েদের মতোই উদ্যত-শ্রমনিষ্ঠ গড়নপেটন। সংসার করার জন্য, ছেলেপুলে ধারণের জন্য চমৎকার তৈরি জিনিস। কিন্তু তাকে কোন দুপুরে ভূতে মারল ঢেলা, সে ঢুকে গেল সাধ্বী ক্লারার আরাধনা মঠে। ‘পারপেচুয়াল অ্যাডোরেশন’—অনন্ত প্রার্থনার জগতে। প্রথমে মাস তিনেকের জন্য, জলে হাত ডুবিয়ে লোকে যেমন তাপ দেখে, তেমনি করে দেখতে গেল সন্ন্যাসজীবন। তারপর কৃতসংকল্প ক্যান্ডিডেট হয়ে একেবারে। বাকি জীবন কাঁদবে আর ক্ষমা চাইবে পরমেশ্বরের থানে। জীবনকৃষ্ণ হালদার বুঝে পেল না সারা দিন সর্বক্ষণ মানুষের ঈশ্বরের কাছে এত কী চাওয়ার থাকতে পারে, কত অনুনয়, কত সন্তাপের পরে ঈশ্বরের মন গলে। নাকি ঈশ্বরের পুঞ্জাক্ষি আর চির-অভুক্ত হৃদয় কুমারী নারীর অবিরাম বেদনা দেখে আমোদ পায়? আনন্দ-বিকৃত ঈশ্বরের মুখটা ভাবতে ভাবতে বেণু সর্বরোগহর ত্রিফলা চূর্ণ বেচে, খিটখিটে মাস্টারনীকে বেচে মধ্যমনারায়ন তৈল। হনহনিয়ে হেঁটে আসা মুখচুন খদ্দের দেখেই বুঝে নেয় এ বীর্যস্তম্ভের রোগী। শেষ শপথটুকু করেও তো কেউ কেউ সন্ন্যাসজীবন পরিত্যাগ করে, এই আশা গোপনে রেখে বেণু ধসে যেতে থাকে পঁচিশ বছর বয়স থেকে। গভীর অসূয়া বুকে চেপে বেচতে থাকে শুক্রজীবন। হায় এ জীবনে কত ক্ষত কাঁচা আতার বীজের গুঁড়োতেও নিরাময় হয় না। জাগ্রত সাধুর মৃত জিভের প্যারিশে প্যারিশে ঘোরার মতন করে কত লোকে নিঃশব্দে ঘোরে, কে তার হদিস রাখে!
ভয়ানক সব গল্প ভেসে আসত বাতাসে। ‘দীপশিখা’র বীণাপাণি বলত, ড্রাইভার কেশরীলাল বলত। মঠের চিরবন্দিনী সন্ন্যাসিনীরা নাকি রাত থাকতেই উঠে বসে, অচেনা সুরে গান গায় তারাভরা আকাশের নিচে আর নিজেদের কবর নিজেরাই আগেভাগে খুঁড়ে রাখে (বেণুর ঠাকুমা নাকি এক পা ওপারে দিয়ে রেখেছেন, বলত বেণুর মা; এ ছাড়া আর কেউ যে একটা পা পরকালের দিকে বাড়িয়ে বাকি পায়ে একঠেঙে হয়ে থাকতে পারে তা সে ভাবতেই পারত না)। জগতের বিচিত্র সভা থেকে সন্ন্যাসিনীরা সরে গেছে দেয়ালের ওই ধারে, সেখানে তাদের আরেক নেপথ্য জগৎ। সেই জগৎ ছেড়ে তারা এসে শিক্ষিকা হয় না, সেবিকা হয় না, ধাত্রেয়িকা হয় না, মাঝে মাঝে কেউ কেউ বাইরে আসে একটু সদাইপাতি করতে, না হলে হাসপাতালে যেতে। ওই কেশরীলালই নিয়ে যেত তাদের, হাসপাতালে বা মৈমনসিংয়ের মঠে। বেণু মনশ্চক্ষে দেখতে চেষ্টা করত, একটা সস্তা কালো কাপড়ের বিশাল ঘোমটার আড়ালে কুটুরে প্যাঁচার মতো নিম নিম ডেকে উঠছে মেরী কুহেলী। স্তনগুলো তার রোমশ তালের আঁটি। আকাশে তারাদের সাত ঋষি জাগছে, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে নিশিন্দাপাতার চোখ। ঈশ্বর না ক্ষ্যাপে, তেমনি আলগোছে এই নিরর্থক অপচয়ের জন্য বিরূপ হতো বেণুর সংসারী মন।
বেণুর কাছে কেশরীলাল তো ভালো গল্পও করত বিস্তর। এই যেমন গির্জা চত্বরে হরেক কিসিমের বিলাইতি ফুল ফুটেছে, খয়েরি কাশীগাঁদাটাই শুধু চিনতে পেরেছে কেশরী। কেয়ারটেকারের ঘরের দিকের আঙিনায় গন্ধরাজ, স্থলপদ্ম, কামিনী, ঝুমকো জবা ইত্যাদি দিশি ফুলের বড় বড় গাছ। কাঁঠালগাছ কয়েকটি, আমগাছ অন্ধকার করে রেখেছে, এরপর সবজিখেত। সরলরেখায় বোনা গুলদস্তার মতো বাঁধাকপি। শিমের মাচা। আলুটাও বাইরে থেকে কিনতে হয় না। বড়দিনের সময় সন্ন্যাসিনীদের হাতে ছাঁচে গড়া মোমবাতি, জরির ফুল আর রঙিন কাগজের শিকলি দিয়ে গির্জা সাজানো হয়, সন্ধ্যার পর থেকে শুরু হয় গুড়ের পুলি বানানোর তোড়জোড়, উপহার বিনিময় হয়, নাচগানও নাকি হয়। সকলই লোকচক্ষুর অন্তরালে। নারী-বিকাশকেন্দ্রের করুণাও বেশ করুণাপরবশ হয়ে বর্ণনা দিত, গির্জায় প্রার্থনার সময় ঝলমলে ট্যাবারন্যাকলটা (বেণু এর মানে জানে না) আরস্যাংচুয়ারি (এর অর্থও বেণু জানে না) ছাপিয়ে পেছনের দেয়ালের ওপারে নাকি আরেকখানা ঘরেও ক্রমাগত প্রার্থনা চলে—চিরবন্দিনী সন্ন্যাসিনীদের প্রার্থনা। সমাগত সুধী তাদের দেখতে পান না, কেবল ছাদ আর দেয়ালের মাঝে যেটুকু কাচের বেষ্টনী, তাতে দেখা যায় ওই ঘরের ঝাড় লণ্ঠনের ধাতব ডাঁটিগুলো।
বেশিক্ষণ এসব গল্প শুনে যেতে পারত না বেণু, তার বুক জ্বলত। কি না, পারপেচুয়াল অ্যাডোরেশন মানে চির আরাধনা। নাকি অনন্ত অনুরাগ? কী আছে ওই দেয়ালঘেরা ঐশ্বরিক উদ্যানে, যা ইহসংসারে নেই; যা মুতোকাঁথা, রেডিওর গান আর ভাতঘুমে নেই? (দোজাহানের কামিয়াবি হাসিল করা নিয়ে অবশ্য আমজাদ মিয়া তাকে আজকাল জ্ঞান দেয়।) কেন কুহেলী তার নামের মতোই থেকে যাবে ওধারে, ধরা দেবে না, মিলিত হবে না কোনো দিন, পুরোনো হয়ে আসবে না তাকে পাওয়া...এই নিয়ে মাথা খুঁড়ে মরত বেণু প্রতিটি দিন। একটা ছিলকা ছাড়ানো ফলের মতো দগদগে দপদপে প্রাণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে, হালের গরুরও তো জোয়াল টানা কাঁধখানা পুরু হয়ে আসে, তার কবে মুক্তি হবে? সে যে জানতেই পেল না মেরী কুহেলীকে একবার বুকে টেনে নেওয়াটা কতটা গা-শিউরানো, তাদের ছেলেপুলেকে ফ্লানেলের শীতের জামা চাপিয়ে অটোয় চড়ে শ্বশুরবাড়ি যাওয়াটা কেমন হতো (পারুল জানতে পারলে কাণ্ড করবে একটা!), অলসবেলায় রামসাগরের তীরে পাশাপাশি বসে চারপাশে মোজোর শূন্য বোতলের দিকে তাকিয়ে ধিক্কার দিতে দিতে কমলার খোসা ফেলাটাই বা কেমন? কুহেলীও তো কই তাকে কোনো দিন একখানা চিঠিও লিখল না (মাদার সুপিরিয়ররা তো বহুকাল হয় চিঠি খুলেও দেখেন না, জানিয়েছিল বীণাপাণি, জানিয়েছিল আজকাল একখানা মোবাইলও সমবায় করে ব্যবহার করতে পারে মঠের মেয়েরা...আর জানিয়েছিল, সন্ন্যাসিনীরা সন্ধ্যার অবসরে কেমন নিঃশব্দে সেলাই করে চলে কিংবা কত সমারোহে সোনালি বিকেলে চড়ুইভাতি করে মঠের ছাদে!)। এই প্রেক্ষাগৃহে ফ্যালফেলিয়ে তাকিয়ে থাকা ছাড়া তাকে কেউ তো আর কোনো কাজ দিল না, মঞ্চ দিল না, সংলাপ দিল না।
প্রকৃতির নিয়মে কিংবা জ্যাঠামশাইয়ের তাড়ায় জীবনকৃষ্ণ হালদারের বিয়ে হলো, পারুলবালা ঘরে এল। (কী আশ্চর্য, তন্দ্রা তাকে বহুকাল আগে একখানা রুমাল সেলাই করে দিয়েছিল, তাতে লেখা, ‘একটি পারুল বোন আমি তোমার’। ওর সন্দেহ হতো, এটা কুহেলীর সেলাই করা রুমাল।) পারুলবালা কদিন কুরুশকাঁটা ধরে সায়ার লেস বুনল, মাদুলি পরল, গাইয়ের দুধের সাথে অশ্বগন্ধার মূল খেল, ঘৃতকুমারীর শাঁস রোদে শুকিয়ে আমসত্ত্বের মতন করে নিয়ে অনিয়মিত মাসিক শোধরাতে চেষ্টা করল আর জীবনকৃষ্ণ সেই একইভাবে দোকানে বসে ড্রাইভার কেশরী কি বীণাপাণি টিচারের কাছ থেকে মঠের বৃত্তান্ত শুনতে লাগল। সন্তানহীনের ফাটাখোলা তরমুজের মতো সংসার। পোকা এসে হেঁটে যায়, পাখি তিড়িং লাফ দিয়ে পার হয়ে যায়। সুখ নেই, অস্বস্তিও নেই। প্রথমকালে পারুলবালার সজলকালো চোখেও সে সভয়ে উঁকি দিত, নৌকায় আঁকা চোখের মতো ডাগর অথচ পরিহাস-প্রবণ, ঘোলা একটু সংসারীর দৃষ্টি ছাড়া আর কিছু চোখে পড়ত না তার। অথচ একপিঠ চুল পারুলেরও ছিল, চিরুনি ধরে জট ছাড়াতে অনেকক্ষণ লাগত।
অন্যদিন মুন্সিপাড়ার বুড়ো কবিরাজ বাহরাম উদ্দিনের সাথে তর্ক জমে ওঠে তার, গোবিন্দসুন্দরী আয়ুর্বেদ কলেজ থেকে পাস দিয়েছিল তার বাপ, ঢের চেনে জীবনকৃষ্ণ ওদের। হুঃ শক্তি ঔষধালয়ের ওপর বাবা লোকনাথের কৃপা আছে। অধ্যক্ষ মথুর বাবুর শক্তি ঔষধালয়, লাইসেন্স নং ০০১, ভূভারতে স্থাপিত প্রথম আয়ুর্বেদ ঔষধালয়। আজ সন্ধ্যায় কিছুতেই গা লাগল না তার, তার সন্ধ্যা পেকে উঠছে করবী ধূসর ফুলের মতো বিষে।
গলঃবিলের ভেতর থেকে সাপে ধরা ব্যাঙ ডাকছে যেন, ডেকে ডেকে একই কথা বলছে তাকে—কিংবা সে অন্যদের। বাড়ি ফিরে এসে দেখে পারুলবালা তার পোষ্য বেড়াল ননিচোরাকে মাছের কাঁটা মেখে ভাত দিয়েছে। এ বাড়িতে ইঁদুরের খুব উৎপাত, দিনের পর দিন আকন্দপাতা পুড়িয়ে ধোঁয়া দিয়ে, নীলনিশিন্দার পাতা ধান-চালে গুঁজেটুজে অতিষ্ঠ হয়ে অবশেষে পারুল ইঁদুরের উপদ্রব দূর করার ধন্বন্তরি এনেছে, একখানা বেড়াল। আলো জ্বলছে বারান্দায়। জলখাবার দেওয়া আছে তারও—মিয়ানো মুড়ি আর বেসনে ভাজা ধনেপাতার গোছা।
দেশগাঁয়ে মানুষের বুকে ভালোবাসার জন্য বড় বড় ফাটল থাকে না, কাদামাটিতে ঢেকে যায়...সরের চা গিলতে গিলতে একদিন খুব উদাস গলায় বুঝিয়েছিল কেশরীলাল। সেবার কেশরী হাসকিং মিলে ধান শুকানি সেই মেয়েটার সাথে জমে গিয়েছিল, জিয়ল মাছের মতো হিলহিলে মেয়েটা। আধো ঘুমের ভেতর পারুলবালার শাঁখা-নোওয়া-বালা পরা হাতখানা একটা ঝনাৎকার দিয়ে ওর বুকে এসে পড়ে, ব্যথায় ‘উহ’ করে ওঠে জীবনকৃষ্ণ। বিয়ের পরপর প্রায়ই তার বুক ছিঁড়ে যেত পারুলের খোঁপার কাঁটায়, ওর খোঁপাশুদ্ধ ঘুমন্ত মাথাটাকে নিজের শরীর থেকে খুলে বালিশে শুইয়ে দিতে হতো। শুয়ে শুয়ে মৃদু হাসে সে, কেশরীলাল হচ্ছে স্বর্ণসিন্দুরের মতো, স্বর্ণসিন্দুর+তুলসী= কাশি, স্বর্ণসিন্দুর+পানের রস= ধাতুদৌর্বল্য, স্বর্ণসিন্দুর+কাঁচা হলুদ= প্রস্রাবে জ্বালাপোড়া, স্বর্ণসিন্দুর+অর্জুনগাছের ছাল= প্রেশারের ব্যারাম, স্বর্ণসিন্দুর+ত্রিফলা চূর্ণ= সর্বরোগ, স্বর্ণসিন্দুর+দুধ= রূপলাবণ্য বর্ধন...একটা কিছুর সাথে মেড়ে খেলেই হলো। দোষের উপশম হবে। পিপাসার নিবৃত্তি ঘটবে। মশারির চতুষ্কোণ পৃথিবীতে পাশাপাশি শোয়ানো দুখানা বোতল, ঔষধ আর অনুপযুক্ত অনুপান, জীবনকৃষ্ণ আর পারুলবালা। যাদের মিশিয়ে, চূর্ণ করে, জ্বালিয়ে, ঊর্ধ্বপাতিত করে কোনোভাবেই কোনো ব্যাধিমুক্তি ঘটে না, আপন রাসায়নিক ধর্মবলে যারা বিযুক্ত হয়ে যায়। মেরী কুহেলী গোমেজ আর সে-ও কি একদিন মেয়াদোত্তীর্ণ ঔষধ হয়ে যেত? ফ্যাঁস করে উঠে ধুপ করে টিনের চালে লাফ মারল কে! ননিচোরা নিশ্চয়ই। সে-ও স্বর্ণসিন্দুরের মতোই। পাড়ার সব মাদিবেড়াল সাক্ষী। ঘুমের ভেতর পারুল বড় গভীর আকুতিতে ডুকরে উঠেই থেমে গেল একবার। বাইরে হিম পড়ছে। লিচুগাছটায় একটা রাতচরা পাখি এসে ডাকাডাকি করে উড়ে গেল। শোক কি কোনো রোগ? শোকাকুলার হৃদয়ের আরোগ্য কোন বনাজী বটিকায় হতে পারে? অন্ধকারে বোতলের অধঃক্ষেপ ঝাঁকুনি দিয়ে মেশানোর মতো গলায় জীবনকৃষ্ণ পারুলবালাকে ডেকে তুলতে লাগল, জাগ্রত সাধুর জিভের কাছে পারুল কিছু মাঙতে যেতে চায় কি?