অনুভূতির দৃশ্যকাব্য
এ প্রদর্শনীর শিল্পকর্ম একেবারে নতুন। শিল্পকলার নিয়মিত দর্শকের কাছে সহজবোধ্য হলেও আমজনতার কাছে খটকা লাগে। বিশ্ব-শিল্পকলার পরিধিতে শিল্পের বিবর্তনের এ পর্যায়ে যুক্ত হয়েছে নতুন মাধ্যম। ভিডিও আর্ট, আলোকচিত্র শিল্প, শব্দশিল্প, স্থাপনাশিল্প, প্রক্রিয়াকরণ পদ্ধতির শিল্প—আমাদের ভাবনায় যুক্ত হওয়া এসব শিল্পকর্মের মাধ্যমে জীবনঘনিষ্ঠ অনেক প্রশ্নের উত্তর মিলেছে। সাতটি দলে বিভক্ত হওয়া এ শিল্পীদের সৃষ্টিকর্মের মাধ্যম যেমন ভিন্ন, তেমনি তাঁরা বিষয়কে আলাদা করে নিয়েছেন। আলোচনার শুরুতে কথাগুলো এসেছে প্রদর্শনীর ‘প্ল্যানড মার্ডার’ বা ‘পরিকল্পিত হত্যা’বিষয়ক প্রক্রিয়াকৃত শিল্পকর্মের নির্মাতা কেহ্কাশা সাবাহ্র কাছ থেকে। এ আয়োজনকে প্রদর্শনী না বলে দর্শক, শিল্পী ও শিল্পকর্মের ভাবনা-বিনিময়ও বলা যায়। কেহ্কাশা সাবাহ্র তত্ত্বাবধানে অন্য তিন তরুণ শিল্পী অভিনয়ের মাধ্যমে তাঁদের শিল্পভাবনা প্রকাশ করেন। এটি নিরীক্ষাধর্মী সামাজিক প্রক্রিয়ার প্রকাশ। ধ্বংস, পরিবর্তন, সৃষ্টি—এই তিনটি ধাপে তাঁরা তাঁদের শিল্প নির্মাণ করেন। সমাজে অর্থনৈতিক সফলতা, রাজনৈতিক সফলতার জন্য অনেক হিংস্র আচরণ প্রতিদিন আমরা দেখছি; নিজের আঁকা ছবি পুড়িয়ে শিল্পী দেখাতে চেয়েছেন সৃষ্টিকর্মের ধ্বংস; তারপর তা থেকে আবার নতুন সৃষ্টি যেন হয় আমাদের লক্ষ্য। ১ থেকে ১০ ডিসেম্বর ঢাকা আর্ট সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনের শিরোনাম ‘সেভেন সেন্সেস’। সাতটি মাধ্যমে ভাগ করা সৃষ্টিকর্ম হলো রফিকুল শুভর তত্ত্বাবধানে ১৮ জন শিল্পীর ‘মোউর্ন’ বিষয়ে স্থাপনাশিল্প, আলোকচিত্রী মুনেম ওয়াসিফের সমন্বয়ে চারজন আলোকচিত্রীর আলোকচিত্র নিয়ে সাজানো ‘ব্ল্যাঙ্ক সাইটস’, স্থপতি সালাউদ্দিন আহমেদের ‘শান্তি অশান্তি দ্য ঢাকা পাইথন’ শিরোনামের স্থাপনাশিল্প, ফিরোজ মাহমুদের তত্ত্বাবধানে নয়জন শিল্পীর ১১টি ভিডিও আর্ট ‘রিসকিং শিফট’, আয়শা সুলতানার শব্দশিল্প ‘০২/০৬’, রনি আহমেদের ‘টেররিজম ইন আদার প্ল্যানেট’ শিরোনামের স্থাপনাশিল্প, নিসার আহমেদের তত্ত্বাবধানে চারজন স্বভাবশিল্পী বা স্বশিক্ষিত শিল্পীর কাজের প্রদর্শনী ‘ইন সার্চ অব এ সিগনেচার’ নিয়ে সাজানো হয়েছে। আমজনতার রুচি ও পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা শিল্পকর্ম যেমন: ট্রাক, লরি, রিকশা, ছোট যানের গায়ে ছবি আঁকার শিল্পীরা বেঁচে থাকেন আমজনতার সমর্থন নিয়ে। এসব শিল্পকে তৃণমূল পর্যায় থেকে আধুনিক শিল্পধারার সঙ্গে যুক্ত করার প্রয়াস তুলে ধরেছেন নিসার হোসেন। ‘ইন সার্চ অব এ সিগনেচার’ শিরোনামের প্রদর্শনীতে একজন ট্রাকলরিতে ছবি আঁকেন, তাঁর পাঁচটি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পী বাহারান তাঁর ছবিতে এনামেল পেইন্টের স্বভাব থেকে বেরিয়ে এসে নতুন এক ছবি এঁকেছেন। রিকশা পেইন্টার তপন দাশের চারটি কাজ আমাদের খুব চেনা মনে হবে। রাজশাহীর শখের হাঁড়ি আঁকিয়ে সুশান্ত পাল পটচিত্রের আদলে কাগজে এঁকেছেন তিনটি ছবি। সংবাদপত্রের হকার কাজী মনির স্বভাবশিল্পী, যিনি প্রয়াত হয়েছেন বেশ কয়েক বছর আগে, প্রেসের কালি ও কাঁটা চামচের সাহায্যে আঁকা তাঁর পাঁচটি ছবি প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে। জনরুচির সহজ-সরল শিল্পধারাগুলোর বিলুপ্তির আর্তি প্রকাশ পেয়েছে এ আয়োজনে। স্থাপনাশিল্প ‘মোউর্ন’ বা শোক আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে ১৯ জনের শিল্পকর্ম। এ পর্বের আয়োজক দলের সোহরাব রাব্বি বলেন, ‘শোক হচ্ছে চিন্তার শোক, যে বিষয়গুলোতে আমরা আটকে পড়ি। মানব মনের দোনোমনা অবস্থাকে প্রকাশ করেছি। প্রত্যেক শিল্পীর কাজ হবে মানুষকে সচেতন করা, চিন্তার উৎকর্ষে মানুষকে পৌঁছাতে সাহায্য করা। এটির সঙ্গে মানুষের উন্নয়নের সম্পর্ক আছে।’ আলোকচিত্রের সমন্বয়ে সাজানো প্রদর্শনকক্ষে পাঁচজন আলোকচিত্রীর আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। সামছুল আলমের ‘লাভ স্টুডিও’ শিরোনামের ছবিগুলো পুরান ঢাকার এক স্টুডিওতে তোলা। আরেকটি ছবিতে হাতে খেলনা অস্ত্র, আলোকচিত্রী দেবাশীস সোম, বিষয় ‘এনকাউন্টার’। এক শব্দে বেঁধে দেওয়া সাধারণ মানুষের প্রতি যন্ত্রণাকে তুলে এনেছেন শিল্পী। ছবির চরিত্র শিল্পী নিজেই। সৌমিত্র বড়ুয়া ছবি তুলেছেন ‘হিজাব’ নিয়ে। তিনি প্রশ্ন ছুড়েছেন, ‘হিজাব কি কোনো প্রথা না ফ্যাশন।’ ভাস্কর আবেদিনের ‘ফ্লোটিং ওয়ার্ডস’, সালমা আবেদিনের ‘সম্পর্ক’, ‘আন্ডার কনস্ট্রাকশন’ বিষয়ে আলোকচিত্রের প্রদর্শনী দর্শকের মধ্যে নতুন বোধের জন্ম দেয়। স্থপতি সালাউদ্দিন আহমেদ বসতবাড়ির আকৃতিতে তৈরি করেছেন একটি কালো বাক্স। বাক্সের তিন দেয়ালে ছোট জানালা খুলে দেখা যায় আমাদের প্রতিদিনের দেখা যানজট, ভিক্ষুকের এগিয়ে দেওয়া হাত, ট্রাফিক জ্যাম, রাস্তা পারাপার, স্থাপনায় ব্যবহূত নির্মাণসামগ্রীতে রাস্তা দখল—এমন সব বিষয়। ছবিতে শিল্পী গলিপথ তৈরি করেছেন কালো রঙে, যাতে প্রতিনিয়ত বেজে চলেছে গাড়ির হর্ন, কলকারখানার শব্দ আর নানা বিরক্তিকর শব্দ। শিল্পীর ভাবনা বোধ হয় আমাদের প্রতিদিনকার চাওয়া হলো, শান্তি। নগরায়ণ আমাদের উপহার দিচ্ছে নতুন অধ্যায়, ভুল প্রক্রিয়া আমাদের স্বপ্ন সম্ভাবনাকে গুঁড়িয়ে দিচ্ছে। ঢাকা আমাদের দিচ্ছে শান্তি-অশান্তির এক নতুন পারাপার। শিল্পী ভাবেন এ শিল্পকর্ম কোনো উত্তর খুঁজে দেবে না। এটি শুধু একটি অভিজ্ঞতার সাক্ষী। ১১টি ভিডিও চিত্রে শিল্পভাবনা যুক্ত হয়েছে। এ ছবিতে কোনো গল্প বলা হয়নি। কিছু মুহূর্তকে নানা সময়ের ফ্রেমে বন্দী করেছেন নয়জন নির্মাতা।