এ বইয়ের সম্পাদক মতিউর রহমান যখন ‘প্রেরণা ও আত্মমর্যাদার কাহিনি’ শিরোনামের ভূমিকায় বলেন, ‘২০১৪ সালের নভেম্বরে প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রোড়পত্রে আমাদের সমসাময়িক কালের...কিছু কীর্তিমান মানুষকে আমরা পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছিলাম। তাঁদের কেউ সাহিত্যিক বা শিল্পী, কেউ উদ্যোক্তা বা বিজ্ঞানী, কেউ খেলোয়াড় বা পরিবেশকর্মী। তাঁরা জাতি হিসেবে আমাদের দিয়েছেন সম্মান, গৌরব আর আত্মমর্যাদা। তাঁদের কেউ ইতিহাসের পথ পেরোতে সাহায্য করেছেন আমাদের। সারা বিশ্বে কেউ ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশের সুনাম। কেউ গড়ে তুলেছেন আমাদের মন। তাঁরা আমাদের নায়ক’..., তখন আপন মনে বইটি খুলে পড়ার বাসনা প্রবল হয়ে ওঠে। সত্যি বলতে কি, পুরুষ ও নারী মিলিয়ে যে উনিশজন ব্যক্তির নায়কোচিত জীবন ও কর্মের কথা তুলে ধরা হয়েছে এ বইয়ে, একান্তভাবেই তার প্রয়োজন ছিল। কেননা, সমাজের পথিকৃৎ মানুষদের জীবন-দৃষ্টান্তই সমাজ ও তার বিশাল জনগোষ্ঠীকে অন্ধকারে পথ দেখায়। সমাজের সাধারণ মানুষ সব সময়ই ‘রোল মডেল’ খুঁজে বেড়ায়। বলে রাখি, এ বইয়ের লেখকদের প্রত্যেকেই আত্মকথনের ভঙ্গিতে আপনাপন কথা বলেছেন।
অর্থনীতিবিদ রেহমান সোবহান তাঁর ‘বাংলাদেশের সংগ্রামে আমার অংশগ্রহণ’ নিবন্ধের মাধ্যমে তুলে ধরেছেন দুই পাকিস্তানের মধ্যকার সেই বৈষম্যের প্রসঙ্গ, তার বিলোপ সাধনে তাঁর ও অন্য সহযোগীদের উদ্যোগের কথা। পরিশেষে তুলে ধরেন সেই ‘দুই অর্থনীতির তত্ত্ব,’ যার গর্ভে নিহিত ছিল বাংলাদেশ নামের নতুন রাষ্ট্রের বীজ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও রেহমান সোবহানের তৎপরতার শেষ ছিল না। সদ্য স্বাধীন একটি দেশকে সমৃদ্ধিশালী হিসেবে গড়ে তুলতে এবং দারিদ্র্য দূরীকরণে তাঁর প্রয়াস ছিল দৃষ্টান্তস্থানীয়।
নিজের ‘এগিয়ে যাওয়ার গল্পে’ স্যার ফজলে হাসান আবেদ আমাদের জানাচ্ছেন, ‘বাংলাদেশের জন্মের অব্যবহিত পর ব্র্যাকের অভ্যুদয় নেহাত কোনো কাকতালীয় ঘটনা নয়। বরং জাতীয় মুক্তি এবং আত্মবিকাশের যে প্রবল স্বপ্ন ও অভিলাষ আমাদের একাত্তরের মোহনায় এসে মিলিত করেছিল, সেই একই স্বপ্ন থেকে ব্র্যাকের অভিযাত্রার সূচনা।’ এ কথা বলার পরপরই স্যার আবেদ শোনাচ্ছেন তাঁর লক্ষ্য ও উদ্দেশ্যের কথা এবং সেসবের বাস্তব রূপায়ণে চরম বিঘ্নগুলোর কথাও।
>

সফলদের স্বপ্নগাথা: বাংলাদেশের নায়কেরা
সম্পাদনা: মতিউর রহমান
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরীর শিল্পকর্ম অবলম্বনে অশোক কর্মকার
* প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা প্রকাশকাল: এপ্রিল ২০১৬ * ১১২ পৃষ্ঠা * দাম: ২০০ টাকা।
শান্তিতে ড. মুহাম্মদ ইউসূসের নোবেল পুরস্কার পাওয়ার ঘটনা তো এই সেদিনকার। ১৯৭৪ সাল থেকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাঁর যে অভিযাত্রার সূচনা, তার প্রতি পদে কত যে বাধার পর বাধা ছিল, মুহাম্মদ ইউনূস তুলে ধরেছেন তার বিবরণ তাঁর ‘পাঠ্যপুস্তকের পাতা থেকে বাস্তবে’ নিবন্ধের মাধ্যমে। ’৭৪-এর দুর্ভিক্ষের পটভূমিতে দাঁড়িয়ে এই ব্যক্তিপুরুষের যে বোধোদয়, তা পুরোপুরি পাল্টে দেয় তাঁর পুরোনো জীবন-দর্শনকে। নিজেকে একাগ্রভাবে নিয়োজিত করেন হতদরিদ্র মানুষের দারিদ্র্য দূর করার দুঃসাধ্য কাজে। শেষত গড়ে তোলেন গ্রামীণ ব্যাংক। তাঁর লক্ষ্য সম্পর্কে পরিশেষে বলছেন তিনি, ‘আজ অবধি আমার ও গ্রামীণ ব্যাংকের সব সহকর্মীর সেই একই স্থির লক্ষ্য—দারিদ্র্য সমস্যার দ্রুত নিষ্পত্তি। এই সমস্যা মানবাত্মাকে গ্লানি ও অপমান ছাড়া কিছুই দেয় না।’
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান যখন তাঁর বর্তমান পর্যায়ে আসার ইতিবৃত্ত শোনান, কেবলই বিস্ময় জাগে! ধৈর্য, একাগ্রতা, দুঃখ ও কষ্ট সহ্য করার অপার ক্ষমতা, সর্বোপরি চারিত্রিক দৃঢ়তা যে একজন মানুষের তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর একমাত্র অবলম্বন, তাঁর সার্বিক বক্তব্য থেকে উঠে আসে সেটাই। দৃঢ়চেতা ও সংকল্পে অবিচল হলে একজন মানুষ যে কাঙ্ক্ষিত শুভ লক্ষ্যে পৌঁছাতে পারেন, তাঁর নিবন্ধ আমাদের সেই শিক্ষাই দেয়।
একইভাবে সন্জীদা খাতুন, ডা. এম আর খান, চিত্রী মুর্তজা বশীর, বেগম সম্পাদক নূরজাহান বেগম, কবি-কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক, ড. আনিসুজ্জামান, আবদুল্লাহ আবু সায়ীদ, জামিলুর রেজা চৌধুরী, সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, সালমা খান, ফুটবলার সালাউদ্দিন, দাবাড়ু নিয়াজ মোরশেদ, যথাক্রমে বই ও প্রকৃতিপ্রেমী পলান সরকার ও কার্তিক পরামানিকের আত্মকথনগুলোর পাঠপর্ব শেষ হলে মনে হয়, দেশ শূন্য হয়ে যায়নি। এখনো অনুসরণযোগ্য মানুষেরা আছেন আমাদের সমাজে ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে। কী বিচিত্র তাঁদের জীবন, কী কঠোর তাঁদের সংগ্রাম ও একাগ্রতা! তাঁরা আছেন বলেই সমাজ গতিশীল।
এমন একটি বই সম্পাদনার জন্য মতিউর রহমানকে আন্তরিক অভিনন্দন।