অনেক না-বলা কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বন্ধু রাজীব গান্ধী ও অমিতাভ বচ্চন: রাজনীতির ময়দানে নেতা ও অভিনেতা। ছবি: সংগৃহীত
দুই বন্ধু রাজীব গান্ধী ও অমিতাভ বচ্চন: রাজনীতির ময়দানে নেতা ও অভিনেতা। ছবি: সংগৃহীত

১৯৮৪ সালের ৩১ অক্টোবর। পাকিস্তানের শিয়ালকোটের মাঠে ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলছে। তিলধারণের জায়গা নেই। চারদিকে উৎসব উৎসব আমেজ। দিল্লি থেকে উড়ে আনন্দবাজার পত্রিকার হয়ে মাঠে আছেন সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায়। কয়েক ওভার খেলা হয়েছে, প্যাভিলিয়ন থেকে পানির বোতল নিয়ে মাঠে ঢুকলেন একজন। একটা চিরকুট দিলেন মহিন্দর অমরনাথের হাতে। ব্যাট করছিলেন। আম্পায়াররা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করছেন। ভারত-পাকিস্তান উভয় দলের খেলোয়াড়েরা গোল হয়ে কী যেন শুনলেন, তারপর এক মিনিটের মধ্যেই মাঠ ছাড়লেন সবাই। কী ঘটনা?

ঘটনাটা পরদিনের পত্রিকায় সবাই জেনেছেন। বেতার-টেলিভিশনে আগের দিনেই। ইন্দিরা গান্ধী গুলিতে নিহত। গুলি করেছেন ভারতীয় প্রধানমন্ত্রীর শিখ নিরাপত্তারক্ষীই। তাঁর বাড়িতে। কিন্তু যা জানা যায়নি—মাত্র নয় মাস আগে কলকাতা থেকে আচমকা বদলি হয়ে দিল্লি যাওয়া এক সাংবাদিক কী করে এরপর পাকিস্তান থেকে দিল্লি ফিরলেন, ৩ নভেম্বর ইন্দিরা গান্ধীর অন্ত্যেষ্টিক্রিয়ার আগ পর্যন্ত দিল্লি বিমানবন্দর যে বন্ধ! দিল্লিতে যখন শিখ-হিন্দু দাঙ্গায় মানুষ মরছে, শহরে সান্ধ্য আইন, তখন মা ও স্ত্রীর খবর জানার উপায়ই বা কী? কেউ জানতে পারেনি, অবশেষে যেদিন সৌম্য দিল্লি ফিরলেন, থমথমে বিমানবন্দরে নেমে রাতের বেলা বাড়ি ফেরার কোনো যানবাহন না পেয়ে অচেনা ট্যাক্সিযাত্রীর সঙ্গে কী কথা হয়েছিল তাঁর? কেনই বা সেই যাত্রী নভজ্যোতির মুখে তিনি দেখেছিলেন দুশ্চিন্তার জলছবি?

এমন অনেক না-বলা কথাই সৌম্য বন্দ্যোপাধ্যায় বলেছেন তাঁর অফ দ্য রেকর্ড বইটিতে—যে কথা কখনো বলেননি আগে।

লেখকের সবচেয়ে বড় গুণ, ঝরঝরে বাংলায় গল্প বলার ধরনে ঘটনার বিবরণ দেওয়া। শুরু করলে শেষ করতেই হয়। তা সে কারগিল যুদ্ধে যাওয়ার কাহিনিই হোক কিংবা অমিতাভ বচ্চনের জীবনী লেখার পর অমিতাভ-সৌম্যের সম্পর্কের রসায়ন নিয়ে লেখকের নানা ঘটনার বিবরণই হোক! ওই যে বলছিলাম, অচেনা ট্যাক্সিযাত্রীর কথা, সৌম্য বন্দ্যোপাধ্যায়ের বর্ণনাই এমন যে আপনি যখন জানবেন পাগড়িহীন এই যুবক আসলে একজন প্রবাসী শিখ, পরিবারের আয়ের ভরসা, বাবা-মাকে না জানিয়ে বাড়ি এসেছে দাঙ্গার সময়ে তাঁদের পাশে থাকতে, তখন ছেলেটি গভীর রাতে নিজের বাড়ির দরজায় কড়া নাড়ার পর পাঠক হিসেবে আপনিও লেখকের সঙ্গে ট্যাক্সিতে বসে উদ্বেগ নিয়ে অপেক্ষা করবেন কেউ দরজা না খুলে দেওয়া পর্যন্ত!

অফ দ্য রেকর্ড
অফ দ্য রেকর্ড
অফ দ্য রেকর্ড
সৌম্য বন্দ্যোপাধ্যায়
প্রচ্ছদ: মৃণাল শীল l
প্রকাশক: পত্রভারতী l
প্রকাশকাল: জানুয়ারি ২০১৬ l
৩০০ পৃষ্ঠা l
দাম: ৩০০ রুপি (বাংলাদেশি ৫৪০ টাকা)

লেখক ১৫টি শিরোনামে ভিন্ন সময়ের নিজের পেশাগত অভিজ্ঞতার কথা লিখেছেন। খেলার মাঠ থেকে যুদ্ধের মাঠ। রাজীব গান্ধী থেকে অমিতাভ বচ্চন। অভিমান থেকে কৃতজ্ঞতা। মতি নন্দী থেকে অভীক সরকার। সবই আছে। লেখকের প্রথম বই অমিতাভ বচ্চন আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছিল ১৯৯৫ সালে। টানা আট বছর অমিতাভ বচ্চনের সঙ্গে ঘুরে কথা বলে লিখেছিলেন। এ বিষয়ে আনন্দবাজার পত্রিকার সে সময়কার সম্পাদককে তিনি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি অফ দ্য রেকর্ড-এও। ২৪ বছর আনন্দবাজার-এ কাজ করার পর পত্রিকা ছাড়ার পেছনে অন দ্য রেকর্ডে অভিমান থাকা সত্ত্বেও!

সাড়ে তিন দশকের কর্মজীবনে সৌম্য বন্দ্যোপাধ্যায় বহুবার অসহায়ত্ব, অনিশ্চয়তা, ভয় বা আতঙ্কের মুখোমুখি হয়েছেন। দেশের, প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক-সামাজিক বিবর্তনের সাক্ষী হয়েছেন। অ্যাসাইনমেন্ট কভার করতে গিয়ে সে সময়কার সাদামাটা রিপোর্টে যা প্রয়োজন ছিল নিশ্চয়ই তা লিখেছেন। কিন্তু মনের গভীরে রয়ে গিয়েছিল নিজের উপলব্ধি, না-বলা অনেক কথা, অনেক দেখা। সেগুলোই দুই মলাটে অফ দ্য রেকর্ড। যদিও লেখক ভূমিকায় বলেছেন, এই বই নিরপেক্ষ পূর্ণাঙ্গ ঘটনার দলিল নয়, তবুও এই নিজের চোখে দেখা, নিজের কানে শোনা ছাড়াও সমাজ, দেশ, সীমানা ছাড়িয়ে, ঘটনার পেছনের ঘটনা—এক কথায় ‘সময়’টাকে তুলে ধরেছেন লেখক। কাজটাই এমন ছিল, যেখানে বারবারই হয়তো মনের অজান্তে বলেছেন, ‘কঠিনেরে ভালোবাসিলাম...।’ কিন্তু অফ দ্য রেকর্ড-এর প্রতিটি অধ্যায়ের শিরোনাম কিন্তু ছোটগল্পের মতো। যেমন ‘মতি নন্দীর পাঠশালা’, ‘মাধুকরীর রুষা ও বিষণ্নতা’, ‘বিক্রমসিংঘে মানে বিজয়সিংহের বংশধর মানে বাঙ্গালি’, ‘দুনিয়ায় সবাই শিখ হয়ে জন্মায়...’।

সৌম্য বন্দ্যোপাধ্যায়ের মনের ভেতরে রোমাঞ্চ বসবাস করে। এশিয়াড কভার করতে গিয়ে জীবনে প্রথম বিমানে চড়ার অভিজ্ঞতায় তিনি বলেছেন, মতি নন্দীর পাশে বসে সারাক্ষণ তিনি ভেবেছেন, ‘আহা, বিমানটা যদি ছিনতাই হতো!’ পাশাপাশি এ-ও লিখেছেন, যে আনন্দবাজার-এর ক্রীড়া সম্পাদক তাঁকে দার্শনিকের মতো বললেন, যদি বিমান ছিনতাই হয় কিংবা ক্র্যাশ করে তাঁর সংসারটা ভেসে যাবে, ভয়টা সেখানেই। তাই তরুণ সৌম্যের মতো তিনি এভাবে ভাবতে পারেন না! মতি নন্দী এ-ও মনে করিয়ে দিলেন, এশিয়াডের পরই লেখকের বিয়ে, ভয় পাওয়ার দিন আসছে বলে!

প্রতিটি অভিজ্ঞতা বর্ণনার শেষে লেখক জুড়ে দিয়েছেন সেই বিষয়ে ‘এখন যে রকম’। ভারতের সীমান্তে পেশাগত কাজে গিয়ে তিনি দেখেছেন বাংলাদেশের গরিব মানুষ কাজ করতে যাচ্ছিল পাকিস্তানে। ধরা পড়ে প্রমাণ করতে পারছে না যে তারা সন্ত্রাসী নয়। তাই সাংবাদিককেও পেশার বাইরে এসে মানুষ সৌম্য হয়ে যেতে হয়। এই অভিজ্ঞতা বর্ণনার পর তিনি সীমান্তে দুই দেশের সর্বশেষ অবস্থা তুলে ধরেন। এই না হলে সাংবাদিক?

৩০০ পৃষ্ঠার বইয়ে অনেক কথা বলেছেন লেখক। তবুও দুটো প্রশ্নের উত্তর অজানাই রইল। কারণ লেখক নিজেই তা জানেন না। ১. অমিতাভ বচ্চন কেন লেখককে তাঁর বইয়ের ইংরেজি অনুবাদ প্রকাশের অনুমতি দিলেন না? ২. একসময় ভারতের প্রধানমন্ত্রী হবেন, তাই রাজীব গান্ধীর সঙ্গে আগেভাগে সম্পর্ক তৈরি করতে হয়েছিল তাঁর পত্রিকার নির্দেশেই, জনসভা থেকে শীতের ভোরের ব্যায়ামের সময় পর্যন্ত ছিলেন রাজীবের সঙ্গে। কিন্তু রাজীব গান্ধী ক্ষমতায় এলে একবারও তাঁর সফরসঙ্গী হওয়া হয়নি কেন তাঁর? এ প্রশ্ন যেমন লেখকের, তেমনি রাজীব গান্ধীরও ছিল। তাই একদিন পার্লামেন্টের সিঁড়িতে আচমকা দেখায় বলেই ফেলেছিলেন, আনন্দবাজার-এ-ই আছেন? তা হলে দেখি না কেন?

তাই হয়তো বই অফ দ্য রেকর্ড শেষ হলেও কিছু কথা ‘অফ দ্য রেকর্ড’ থেকেই যায়!