
মাইকেল অ্যাঞ্জেলো: তাঁর কবিতা
পাথরে ও শূন্যপটে স্বর্গের দীপন
সৈয়দ শামসুল হক
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
প্রথমা প্রকাশন
৬৪ পৃষ্ঠা
দাম: ১৫০ টাকা
পাশ্চাত্য রেনেসাঁসের অন্যতম পুরোহিত মাইকেল অ্যাঞ্জেলো ভাস্কর্য, চিত্রকলা ও স্থাপত্য শিল্পকলার এই ত্রয়ী ক্ষেত্রে অবিসংবাদিভাবে কৃতী হলেও বাঙালি পাঠকের কাছে তাঁর কবিসত্তার পরিচয় তেমন ছিল না। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক তাঁর মাইকেল অ্যাঞ্জেলো: তাঁর কবিতা পাথরে ও শূন্যপটে স্বর্গের দীপন গ্রন্থের মাধ্যমে কবির ৪৯টি কবিতার অনুবাদ করে এ অপরিচয় ঘোচালেন। কবিতাগুলো সংখ্যাচিহ্নিত, শিরোনামহীন। সৈয়দ হকের হাতে এর আগে শেক্সপিয়ারের নাটকের যে চমৎকার অনুবাদ আমরা পেয়েছিলাম, এই গ্রন্থটি সেই কৃতিত্বের উত্তরসূরি।
চিত্রকলা ও ভাস্কর্যে মাইকেল অ্যাঞ্জেলোর মানবতাবাদী দর্শনস্নাত যে শিল্পিসত্তাকে আমরা পাই, কবিতায় তার সঙ্গে যুক্ত হয়েছে আরও বেশি কিছু। কবির অন্তরতম অনুভূতির বহিঃপ্রকাশ এতে ঘটেছে, কেননা কবিতা আত্মগত শিল্প। তাঁর কবিতা তাঁর কালেই নয় শুধু, বর্তমানেও সূক্ষ্মদর্শী সব সমালোচকের কাছে দারুণভাবে নন্দিত। সৈয়দ হক অনূদিত কবিতাগুলোতেও কবির চিন্তা ও অনুভূতির এমন ঐশ্বর্যের সাক্ষাৎ পাওয়া যায়, যা দর্শনের গভীরতর জিজ্ঞাসাকে উসকে দেওয়ার পাশাপাশি মানবহৃদয়ের নবীনতম অভিজ্ঞতার মুখোমুখি করে। যথার্থভাবে এখানে ঘটেছে আত্ম-আবিষ্কারও: ‘বন্দী হয়ে আছি,/ অথবা বোতলে পোরা জিন একজন/ গরিব, নিঃসঙ্গ আমি—একটি জীবন।’ বন্দিত্বের এই বোধ নেহাত একটি প্রতীক নয়, একটি জগতের বাস্তবতার সঙ্গে কবির এনকাউন্টারের দ্যোতক। তাই একই অনুভূতি দেখতে পাই কেন্দ্রবীজ হিসেবে নানামাত্রায় ফিরে এসেছে আরও কয়েকটি কবিতায়। যে বাস্তব রূঢ় ও ক্ষমাহীন, তার সঙ্গে ক্রমাগত সংগ্রামের কথাও তাই তাঁর কবিতার উপজীব্য। জীবনের রূঢ়তার বিপ্রতীপে কবির আয়ুধ হচ্ছে স্বপ্ন: ‘স্বর্গই গন্তব্য যদি, তবে আমি চোখের তারায়/ স্বপ্নই যদি নাই ধরি, পৌঁছে যাব সে কোন পাখায়?’
মাইকেল অ্যাঞ্জেলোর কবিতায় পাই নিজেকে নিরন্তর তুচ্ছকরণের স্বর। অন্যত্র যিনি অত্যন্ত আত্মবিশ্বাসী, কবিতায় এসে তাঁর বিনয় ও আত্মকরুণা স্বতন্ত্র উন্মোচনকে প্রত্যক্ষ করায়। অসীম সৌন্দর্যতৃষ্ণা তাঁর কাব্যবোধের কেন্দ্রসত্য। এই সৌন্দর্য বিমূর্ত, অবিমিশ্র, বিশুদ্ধ ও স্বর্গীয়। তাই এর শিল্পরূপায়ন অসম্ভব। কেননা, তিনি বুঝতে পারেন অবশেষে: ‘এখনো ওই যে তার রূপ অপরূপ/ না-আঁকা রয়েই গেছে’। কিন্তু শিল্পীর প্রাণপাত চেষ্টা চলতেই থাকে। সৈয়দ হক এ বইয়ে কবির ধর্মবোধের পরিচয়বাহী কিছু কবিতাও রেখেছেন। একটি আত্মনিবেদনধর্মী কবিতায় পাচ্ছি: ‘তুমি হচ্ছ সেই বীজ আমাদের মঙ্গলবৃক্ষের—/ নিজ হাতে তোমারই রোপণ’। এর মধ্য দিয়ে আমরা চিনে নিতে পারি কবির ঈশ্বরবোধকে, যেখানে মানবিকতাই মুখ্য।
মাইকেল অ্যাঞ্জেলো ছন্দদক্ষ ও শব্দকুশলী শিল্পী। সৈয়দ হক অনুবাদ করতে গিয়ে অন্ত্যমিল ও ছন্দ উভয়ই অনুসরণ করেছেন। ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ মাইকেল অ্যাঞ্জেলোর কবিতা প্রসঙ্গে একটি চিঠিতে উল্লেখ করেছিলেন, so much meaning has been put by Michelangelo into so little room, and that meaning sometimes so excellent in itself, that I found the difficulty of translating him insurmountable. এ কথা সত্ত্বেও পাঠক পাঠকালে বুঝবেন, সৈয়দ হকের অনুবাদ অনবদ্য হয়েছে। ইংরেজি থেকে বাংলায় এলেও এগুলোকে বাংলা কবিতাই মনে হয় আমাদের। বইয়ের শুরুতে অনুবাদ করা ভূমিকাটি মাইকেল অ্যাঞ্জেলোর কবিতা বুঝতে সহায়ক হয়েছে।
মাইকেল অ্যাঞ্জেলো জেনেছিলেন, স্বর্গীয় সৌন্দর্য শিল্পে ধরা দেয় বলে সে অমর, আর সব নশ্বর; সত্যিকার শিল্পসৃজনগুণে তিনিও অমরদের একজন, এপিটাফতুল্য নিচের পঙ্ক্তিগুলোতে যে আর্তিই থাকুক:
আমি যে ছিলাম শুধু এ পাথর জানে।
যদি কেউ মনে রাখে তবে তা স্বপ্নেই।
ক্ষুধার্ত ত্বরিত মৃত্যু যে আঘাত হানে—
যা ছিল থাকে না কিছু। এই ছিল—নেই!