অন্তর্জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

প্রতিবার শ্বাসবায়ু পতনের সময় চমকে চমকে উঠছেন তিনি। দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে বুকের গভীর থেকে। কেবল যাতনা নয়, বায়ু নির্গমনের সঙ্গে যেন বেরিয়ে যাচ্ছে মেধা-মননের সবটুকু নির্যাসও। নতজানু বোধকে শাসিয়ে মনে মনে বললেন, নিশ্বাসের সঙ্গে নিঃস্বতা আর দৈন্যও বেরিয়ে যাক তবে মস্তিষ্ক থেকে। তারপর শ্বাস-প্রশ্বাস চলাচলের রহস্যময়তায় মগ্ন হয়ে চোখ বুজে গভীরভাবে অনুভব করতে লাগলেন, বায়ুপ্রবাহ ঢুকে যাচ্ছে বুকের মধ্যে, স্ফীত হচ্ছে ফুসফুস, ফুলে উঠছে বুকের খাঁচা, আবার বেরিয়ে যাচ্ছে বায়ু। বাতাস চলাচলের এ সুশৃঙ্খল নান্দনিক চক্রে নিমগ্ন হয়ে নিজের অবচেতনে লুকিয়ে থাকা অপার রহস্যময় মেধাভান্ডারের সন্ধান পেলেন তিনি। আচমকা খুলে গেল সে ভান্ডারের কপাট। সব ঐশ্বর্য দেখেশুনে কেঁপে কেঁপে উঠল পুরো দেহ। আচমকা দৃশ্যমান এ ঐশ্বর্যের কি কোনো কূল-কিনারা করতে পেরেছেন নিজে? আদৌ সচেতন ছিলেন নিজের সামর্থ্য নিয়ে?
না। ভেতর থেকে সোজাসাপটা উত্তর বেরিয়ে আসার পর শিরদাঁড়া শক্ত করে বসে চোখ মেলে তাকালেন টেবিলের দিকে। অনেক কাজ জমে আছে হাতে। প্রতিটি কাজের জন্য বিক্রি হয়ে গেছে মেধাস্বত্ব। ‘অভিজ্ঞ হেডমাস্টার’ কর্তৃক রচিত বইয়ের মতো ‘অভিজ্ঞ অধ্যাপক কর্তৃক রচিত গাইডটিতে নাম যাবে; নিজে রচনা না করলেও, রচয়িতা হিসেবে নাম প্রকাশিত হবে। দুমুখো লাভ এতে—অর্থ জুটবে, নামও প্রচার পাবে। ‘এক ঢিলে দুই পাখি মারা’র মতো আসন্ন অর্জনের মোহে ডুবে ছিলেন বলে এত দিন খেয়াল করেননি প্রতিটি শব্দ অনুবাদ করার জন্য নিয়েছেন নির্দিষ্ট অর্থ—একটা পনেরো ফর্মার বই, ২৪০ পৃষ্ঠা অনুবাদ করতে হবে। সে টাকাও কড়ায়-গন্ডায় হিসাব করে ব্যাংক-অ্যাকাউন্টে জমা করে ফেলেছেন ইতিমধ্যে।
এখন কাজ করতে বসে মনোযোগ দিতে পারছেন না তিনি। ফলে কিছুতেই এগোচ্ছে না গাইড সংশোধনের কাজ কিংবা এখনো শুরু করেননি অনুবাদের একটি লাইনও। অথচ দুটো কাজের রয়েছে ‘টাইমবার’। টাইমবারটা ‘অ্যাটম বোমা’র মতো ঝুলছে সামনে; এখনো পাকেনি বোমার শাঁস। কাঁচা বোমা পেকে যাবে। বিস্ফোরিত হওয়ার সময় যতই ঘনিয়ে আসবে, টেনশন ততই বাড়বে। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, অন্য কোনো কাজ হাতে নেওয়া যাবে না—চুক্তির শর্ত পূরণ করে মেধাস্বত্বের মূল্য ঠিক রাখতে হবে। কথা দিয়ে কথার বরখেলাফ করা উচিত হবে না।
হঠাৎ তাঁর চোখ গেল টেবিলে সাইলেন্ট মুডে রাখা মুঠোফোনের ওপর। এক পলক দেখে চমকে উঠলেন। কলকাতার এক স্বনামধন্য সম্পাদক কল করেছেন দুবার। তাঁর নাম ফুটে আছে ভিজ্যুয়াল স্ক্রিনে। ক্ষিপ্রতার সঙ্গে সেটটি হাতে নিয়ে কল ব্যাক করলেন তিনি। রিংটোনের শুরুতেই সম্পাদক রিসিভ করে বললেন, ‘ফিরতি কল করার জন্য ধন্যবাদ।’
‘আপনার কল পেয়ে খুশি হয়েছি। কল ব্যাক করে কথা বলতে পেরে আরও খুশি হলাম। এখন বলুন দাদা, কেন ফোন করেছিলেন?’
‘আমাদের একটা অনুষ্ঠানে আপনাকে নিমন্ত্রণ করতে চাই। অনুমতি পেলে কার্ড পাঠাব।’
আপন অস্তিত্বের ভেতরে লুকানো মেধাসত্তা থেকে জেগে উঠলেন তিনি। বললেন, ‘শিওর। আপনি নিমন্ত্রণ করবেন, আর আমি সে নিমন্ত্রণে সাড়া দেব না, তা কি হয়, দাদা?’
‘ধন্যবাদ। শিগগিরই দাওয়াতপত্র পাঠিয়ে দেব।’ কথা শেষ করেই লাইন কেটে দিলেন সম্পাদক।
‘হ্যালো, দাদা। হ্যালো...।’ লাইন কেটে গেছে। তিনি তা টের পেলেন না। হ্যালো হ্যালো করতে করতে একসময় থামলেন। উত্তেজিত অবস্থা এখনো সামাল দিতে পারেননি। আবেগের ঢেউয়ের মধ্যে ডুবে থাকার কারণে বুঝলেন না আবারও কল করে জেনে নেওয়া যেতে পারে সম্ভাব্য তারিখ। বিষয়টা যে গুরুত্বপূর্ণ, তা-ও নাড়া দিল না বোধে। তাঁর ধূসর দেহের ভাঁজে লুকিয়ে থাকা আঁধার ঝলমলে রোদের প্লাবনে হঠাৎ তেতে উঠে আবেগশূন্য করে দিয়েছে তাঁকে। কী করবেন না করবেন বুঝতে না পেরে ক্ষণকালের জন্য রইলেন স্তব্ধ হয়ে। পড়ন্ত বয়সেও এমন উদ্বেলিত হলেন কেন, বেপরোয়া ইচ্ছারা বুকের সমুদ্রে এভাবে পাল তুলে উড়িয়ে নিতে চাইল কেন? বোধের শীর্ষ চূড়ায় দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার ইচ্ছা হলো কেন?—বিহ্বলতা কেটে যাওয়ার পরও এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বুঝলেন, তরুণ বয়সের জোয়ার জাগানো উদ্দীপনার সঙ্গে এ মুহূর্তের উচ্ছ্বাসের কোনো পার্থক্য নেই। তাহলে কি দেহ ক্ষয় হলেও আবেগ ক্ষয় হয় না? একই রকম সাড়া দেয় যুবক কিংবা বয়সকালেও? আবারও উদয় হলো নতুন প্রশ্ন। আর তখনই মনে হলো, অনুষ্ঠানের তারিখটা জানা প্রয়োজন। আবেগ তাড়িয়ে বাস্তববোধ থেকে আবার তিনি কল করলেন কলকাতার সম্পাদককে।
এবার কল রিসিভ করলেন না সম্পাদক সাহেব। কিছুটা মুষড়ে গেলেন তিনি। তরুণ বয়সেও তিনি এমন ছিলেন। মনোযোগ ধরে রাখতে পারতেন না। তখনো অস্থিরতা গ্রাস করত। কিছুক্ষণ পর হঠাৎ ইনবক্সে নতুন মেসেজ আসার সংকেত পেলেন। অন করে দেখলেন একটা ছোট্ট শব্দ—‘বিজি’।
এই মেসেজের অর্থ কী? আবার কলব্যাক করবেন সম্পাদক? নাকি করবেন না। ব্যস্ততা থাকতে পারে। যাকে নিমন্ত্রণ জানালেন কাজের চাপ থেকে মাথা উঠিয়ে তাকে কি কল দেওয়া যায় না?—নেতিবাচক প্রশ্নের ঘা খেতে খেতে আরও মুষড়ে পড়লেন তিনি।
এ সময় মায়াবী কণ্ঠ উড়ে এল কানে। ঘরে ঢুকতে ঢুকতে তাঁর বিশ্ববিদ্যালয়পড়ুয়া কন্যা, চাঁদনি—‘আব্বু...আব্বু...’ বলে ডাকতে ডাকতে তাঁর চেয়ারের কাছে এসে বলল, ‘এমন লাগছে কেন তোমাকে?’
‘কেমন লাগছে?’
‘উদ্বিগ্ন তুমি। নিশ্চিত কোনো বড় দুর্ঘটনা ঘটেছে।’
‘না তো! দুঃসংবাদ নয়, সুসংবাদ আছে একটা!’ মেয়ের নেতিবাচক প্রশ্ন উড়িয়ে দিয়ে ভেতর থেকে জেগে উঠতে চাইলেন তিনি। তাঁর মাথায় ভাবনা এল, আনন্দসংবাদও কি উদ্বেগ ছড়াতে পারে? পারেই তো। উচ্ছ্বাসের ঢেউ সামাল দিয়ে, যেন কোনো প্রাপ্তি ঘটেনি, এমন নির্মোহ কণ্ঠে মেয়ের উদ্দেশে বললেন কলকাতায় নিমন্ত্রণ পাওয়ার কথা।
চিৎকার করে বাবার আরও কাছে এসে, চেয়ার ঘেঁষে দাঁড়িয়ে চাঁদনির প্রশ্ন, ‘তোমার সঙ্গী হওয়া যাবে নিশ্চয়?’
উত্তর জানা নেই। তবু জবাব দিলেন, ‘অবশ্যই।’
চাঁদনির উল্লাসে আচমকা ছুটে এল জোছনা-প্লাবিত ঢেউ। সে যোগ করল, ‘সামনের মাসের প্রথম দিকে আমাদের স্টাডি ট্যুরের সময় ঠিক হয়েছে। একই সঙ্গে পড়বে না তো দুটো অনুষ্ঠানের শিডিউল?’
মেয়ের এই প্রশ্নের উত্তরও জানা নেই তাঁর। তাঁর আনন্দযজ্ঞে কোপ এসে পড়ল। নক্ষত্রপতনের মতো নিজের উচ্ছ্বাসের পতন টের পেলেন তিনি। এ পতনের কারণ শিক্ষাসফর। এ সফরে মেয়ের আনন্দক্ষণে বাবাকেও উঠতে হবে উড়ন্তযানে। ফুয়েল জোগাতে হবে। অর্থের জোগান দিয়ে তার আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। অর্থ চাপে বিপর্যস্ত না হলেও মস্তিষ্ক চাপে তিনি এখন নাজেহাল অবস্থায়। সীমিত আয়ের পরিসীমা বাড়ানোর জন্য মেধা ছাড়া আর কোনো পুঁজি যে নেই! মেধাস্বত্ব আপাতত অন্যের দখলদারিত্বে চলে যাওয়ায় সব প্রাপ্তির মধ্যে শুভংকরের ফাঁকি টের পেলেন তিনি। বসে থাকা চেয়ারের খুঁটোয় হাত বোলালেন একবার। বাইরের খুঁটি শক্তই আছে, বুঝতে পেরে নিজের ভেতরের ভেতের তল স্পর্শ করতে চাইলেন মনচোখে।
না। তল পাওয়া যাচ্ছে না। তলানি দূরে সরে যাচ্ছে ক্রমেই। তলহীন শূন্যতার ভাঁজে লুটিয়ে যেতে যেতে মেয়ের উদ্দেশে প্রশ্ন করলেন তিনটি: ‘কবে যাবে, কত টাকা লাগবে, কোথায় যাবে?’
‘সামনের মাসে যাব, প্রতিজনে প্রায় পঞ্চাশ হাজার টাকা লাগবে আর যাব মালদ্বীপে।’
‘বাহ! মালদ্বীপ! খুউব ভালো। খুউব ভালো।’
‘আব্বু, মন ভালো আছে তো তোমার? এমন ফ্যাকাশে লাগছে কেন? সাপোর্ট দিচ্ছ, উৎসাহ দিচ্ছ আমাকে অথচ মনে হচ্ছে কোথাও কোনো গলদ...।’
তিনিও টের পাচ্ছেন গলদ; আবার পাচ্ছেনও না বলা চলে। তবে এটুক স্পষ্ট যে চাপের ঢালে আছড়ে পড়েছেন, ঢাল বেয়ে তরতরিয়ে নেমে যাচ্ছেন নিচে। কোথায় থামবে এ পতন, এখন তাও জানেন না।
চাঁদনি বলল, ‘এত টাকা একসঙ্গে দিতে পারবে তো? ব্যাংকে টাকা আছে তো, আব্বু?’
দুটো প্রশ্নের উত্তরই সোজা। জগতের সব জটিল প্রশ্নের গিঁট আপনা-আপনিই খুলে যায় মাথায়; এ ক্ষেত্রেও খুলে বেরিয়ে এল, ‘কী বলিস, ব্যাংকে তো টাকা আছেই। আর মেয়ের বিদেশ সফরের আবদার রক্ষা করতে পারব না, তা কি হয়?’
‘ইউ আর সো সুইট, আব্বু।’ রুম থেকে বেরিয়ে গেল চাঁদনি।
মেয়ের নির্মল আনন্দ বুকের মধ্যে জাগিয়ে তুলল রুপালি পূর্ণিমা—জ্বলজ্বল করছে চাঁদ, ছড়িয়ে যাচ্ছে আলো। সঙ্গে সঙ্গে মনের উপত্যকায় ঝংকার দিল নতুন প্রশ্ন, ব্যাংকে টাকা থাকলেই কি নিজে সেই টাকার মালিক হওয়া যায়? জিজ্ঞাসার ধারালো পিন যেন ঢুকে গেল চোখের মণিতে। মুহূর্তেই ম্লান হতে লাগল আলোর ঢেউ। চিন্তার কক্ষপথে বিস্তৃত হলো আঁধার। অন্ধকারে দিশেহারা অবস্থায় চেয়ার ছেড়ে উঠে তিনি ডাকতে চাইলন স্ত্রীকে। ডাকার সুযোগ পেলেন না। আবার কল করেছেন কলকাতার সম্পাদক।
কল রিসিভ করলেন তিনি, ‘সরি। আপনার গুরুত্বপূর্ণ সময়ে ঝামেলা পাকালাম, দাদা।’
‘না। না, ঠিক আছে। কী জানতে চাচ্ছেন বলুন।’
‘কবে আপনাদের অনুষ্ঠান, সময়সূচিটা জানাননি, জানা জরুরি।’
‘ওহ্ সরি। আসল কথাই বলা হয়নি আপনাকে। প্রোগ্রাম আগামী মাসের প্রথম দিকে। আর কিছু জানতে চান?’
‘আমার বিশ্ববিদ্যালয়পড়ুয়া কন্যা আর তার মা-ও সঙ্গী হতে চায়।’
‘অবশ্যই সঙ্গী হবেন। ভিসা পেতে যেন সুবিধা হয় তার জন্য তাদের নামেও নিমন্ত্রণপত্র পাঠাব। তবে আপনার যাওয়া-আসার বিমানভাড়া এবং হোটেল খরচ আমরা বহন করব। ওদের ব্যয়ভার আপনাকেই বহন করতে হবে।’
‘ঠিক আছে। ঠিক আছে। তবে...’ কথা অসম্পূর্ণ রেখেই থেমে গেলেন তিনি।
সম্পাদক জিজ্ঞেস করলেন, ‘“তবে” বলতে কী বোঝালেন, দাদা?’
‘প্রায় একই সময়ে আমার মেয়েও শিক্ষাসফরে যাবে মালদ্বীপ।’
‘ওহ্! এই সমস্যা! মিটিয়ে নিন। এক সপ্তাহের মধ্যে আমাকে কনফার্ম করুন।’ লাইন কেটে দিলেন সম্পাদক।
দুটো আনন্দঘন ঘটনা ঘটতে যাচ্ছে একই সঙ্গে। দুটোতে ভাগ হয়ে অংশগ্রহণ করতে পারবে পরিবারের সদস্যরা, সমস্যা নেই। তবু সমস্যার ঝাঁপি কি মাথায় চেপে বসল না? একে একে হিসাব কষতে লাগলেন তিনি। কোন পথে এগোলে খরচ কমবে—এ চিন্তা মাথায় ঢুকে ক্রমাগত পোক্ত আসন গাড়ছে। বিরক্তির শীর্ষে বসে রইলেন তিনি।
এ সময় শোবার ঘরে ঢুকলেন স্ত্রী চামেলি আখতার। স্বামীর মুখ আর অভিব্যক্তি দেখে থমকে গেলেন। কিছু বলতে গিয়েও বললেন না। দুজনের মাঝখানে জেগে উঠল নীরব এক সমুদ্র। এ সমুদ্র পার হওয়ার শক্তি নেই চামেলির।
‘কিছু বলবে?’ স্বামীর থমথমে স্বরে দুর্যোগের আলামত। তবু মুখে খানিকটা হাসির আভা এনে স্ত্রী বললেন, ‘শুনলাম তোমার সঙ্গে কলকাতা যাচ্ছে চাঁদনি। আমিও কি যেতে পারি? শান্তিনিকেতন দেখার বড় শখ আমার।’
‘তোমাদের শখ পূরণের শখ তো আমারও আছে, কিন্তু সাধ্য কতটা?’
‘কেন, নিমন্ত্রণকারীরা খরচ বহন করবেন না?’
স্ত্রীর প্রশ্নে দমে যান তিনি। অর্থ-সংকটই একমাত্র বড় সংকট নয়, সময়-সংকটের চাপও ভয়াবহ—এটা বোঝেন না তাঁর স্ত্রী। তাই স্ত্রীর উচ্ছ্বাসকে জখম করতে চাইলেন না তিনি। বললেন, ‘দুটো ইভেন্ট একই সময়ে। একটাকেই বেছে নিতে হবে। কোনটা নেবে? মেয়ের শিক্ষাসফর না কলকাতা সফর?’
চামেলি আখতারও এবার দমে গেলেন। স্ত্রীকে এই প্রথম চাপে ফেলেছেন। সব সময় সব চাপ নিজেই সামলেছেন। কিন্তু এখন খেয়াল করলেন, চাপের বোঝাটা স্ত্রীর সঙ্গে শেয়ার করায়—মানে স্ত্রীর ঘাড়ে চাপ কিছুটা যাওয়ায়—নিজেকে কেমন নির্ভার লাগছে। চারপাশে ঘনীভূত মেঘ সংকুচিত করে তোলা নিজের আকাশটা প্রসারিত করে দিচ্ছে অজান্তেই।
হঠাৎ বেজে উঠল ল্যান্ডফোন। রিসিভার তুললেন তিনি, ‘কে বলছেন?’
‘স্যার, আমি।’
‘আমিটা কে?’
‘স্যার আমি, আমাদের প্রজেক্টের অনুবাদের কাজটা আপনার হাতে। আমি ওই প্রতিষ্ঠানের ইডি।’
‘ইডি’ মানে অ্যক্সিকিউটিভ ডিরেক্টর—বুঝতে পারলেন তিনি। ইডি আবার বলল, ‘স্যার, আমাদের কাজটা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে লাগবেই। আপকি কি অনুবাদে এগোতে পেরেছেন? রিমাইন্ডার দিলাম, স্যার।’
তিনি চুপ করে কেবল শুনছেন।
‘স্যার, প্রজেক্ট ফেল করলে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হব। আশা করি ক্ষতির মুখোমুখি হতে হবে না আমাদের, কী বলেন, আপনি?’
‘না, ক্ষতি হবে না।’ দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন তিনি।
লাইন কেটে শ্বাস ছাড়লেন একবার। শ্বাস আটকে যাচ্ছে অগ্রিম নেওয়া অর্থবোঝার চাপে; বায়ু চলাচলের পথ চাপ খাচ্ছে। এর ভয়াবহতা অনুভব করে চমকে উঠলেন। তার মনে হতে লাগল, চারপাশ থেকে উড়ে আসছে ক্ষেপণাস্ত্র ‘স্কাড’। ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ‘প্রেট্রিয়ট’ নেই হাতে; স্কাড ঠেকাবেন কীভাবে? কখনো পরাজিত হননি তিনি। তার দৃঢ়চেতা মনে জেগে উঠল নতুন ভাবনা, ভিন্ন এক উদ্দীপনা—প্রেট্রিয়ট তৈরি করতেই হবে। আকাশেই উড়িয়ে দিতে হবে উড়াল আক্রমণ।
ভাবনার চাকা থামিয়ে অনুবাদের কাজে বসে গেলেন তিনি। টার্গেট আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ। এর মধ্যেই পৌঁছাতে হবে লক্ষ্যে। প্রথম সপ্তাহে মেয়ের বিদেশ সফর নিশ্চিত করতে হবে।

ছুটি নিয়ে প্রায় দুই সপ্তাহ বাসাতেই তিনি মগ্ন থেকেছেন কাজে। স্কাড উড়িয়ে দেওয়ার জন্য এর চেয়ে বড় প্রেট্রিয়ট বানানোর ক্ষমতা নেই তাঁর। সামর্থ্যের পুরোটা দিয়ে শব্দের পর শব্দ সাজানো—অনুবাদ করা। এতেই তো মজবুত হলো প্রতিরক্ষা ব্যূহ। এরপর শিক্ষাসফরের টাকা আনন্দচিত্তে মেয়ের হাতে তুলে দিয়ে ১৪ দিন পর যখন যোগদান করলেন কর্মক্ষেত্রে, তাঁর মুখে তৃপ্তির ঝলকানি।
‘ভালো আছেন, স্যার?’ জুনিয়র সহকর্মী উমেদ আলিকে দেখলেন।
‘ভালো ছিলাম। তবে এখন নেই। কলকাতার একটা নিমন্ত্রণ কনফার্ম করার কথা ছিল গত সপ্তাহের মধ্যে। কাজের চাপ থাকায় কল করা হয়নি। এখন কল করছি, সম্পাদক ধরছেন না।’
‘ওহ্! তাই তো বলি, ছমির উদ্দিন সাহেব কেন এত খুশি। নিশ্চয় আপনার সাড়া না পেয়ে কলকাতা থেকে ছমির সাহেবকে তারা সিলেক্ট করেছেন। একটা আন্তর্জাতিক অনুবাদ সেন্টারের জন্য বাংলা সাহিত্যের ভালো অনুবাদকদের নিয়ে গ্রুপ করেছেন তাঁরা। বিশ্বসাহিত্যের মঞ্চে প্রকাশিত হবে সেই অনুবাদ বইগুলো। কলকাতা থেকে পাঠানো লিস্টে দেখলাম আপনার নাম নেই, আছে ছমির সাহেবের নাম। অথচ আপনিই শীর্ষচূড়া, বাংলাদেশের সেরা অনুবাদক, লেখক।’
কথাটা শুনে বুকটা খামছে ধরল তার। এত বড় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে ছিটকে পড়বেন? কার কাছে পরাজিত হলেন তিনি—ছমির সাহেবের কাছে, নাকি নিজের কাছে?
প্রশ্নগুলো ঘুরছে মাথায়। একবার মনে হলো, শীর্ষচূড়া—সেই চূড়া যেন দেখতে পাচ্ছেন তিনি। দেখলেন, নিচের দিকে নেমে গেছে অসংখ্য সিঁড়ি। দেখলেন, নিজের বন্ধকি মস্তিষ্কের স্নায়ুকোষগুলো জাল পেতে রেখেছে প্রতিটি সিঁড়ির হাতলে। জালের প্রতিটি গিঁটে লেগে আছে শক্ত আঠা। আর অন্তর্জালে জড়িয়ে যাচ্ছেন তিনি। বুঝলেন এ আঠার উৎস—মেধাস্বত্ব। আবারও প্রশ্ন ঘুরছে মাথায়, নিজের মেধা কি আছে নিজের হাতে? নাকি মেধা বন্ধক রেখে নিজেই পেতেছেন ফাঁদ, নিজের পতনের ফাঁদ?
ভাবনার আঁধারের মধ্যে আবার অগ্রিম শঙ্কায় নতজানু হয়ে যাচ্ছেন আমাদের গল্পের প্রধান চরিত্র—‘তিনি’।