বাংলার শিল্পবলয়কে বিরামহীন বৈচিত্র্যে সমৃদ্ধ করে চলেছেন প্রাণপ্রাচুর্যে পরিপূর্ণ এক শিল্পসাধক। এ দেশের শিল্পভুবনে যাঁর পদচ্ছাপ আশীর্বাদতুল্য। নন্দন দরজায় কারুকার্যখচিত এই প্রখ্যাত স্তম্ভ আমাদের কাছে শিল্পী রফিকুন নবী নামে পরিচিত। সত্য-মঙ্গল-সুন্দরের গভীর প্রতিধ্বনি স্বতঃস্ফূর্তভাবে উদ্ভাসিত হয় তাঁর চিত্রপটে। শিল্পবোধের সহজ ও নিগূঢ় মমতায় তিনি ধারণ করেন সমাজ, মানুষ এবং সময়ের সারাৎসার। মহানন্দা নদীর ধারে কেটেছে তাঁর দুর্লভ রঙিন শৈশব। আর বরেন্দ্র অঞ্চল নিসর্গরূপে প্রতিনিয়ত হানা দিয়েছে শৈশব-কৈশোরের দুরন্ত সময়ে।শিল্পাবেগের উদ্বেল মুহূর্তে নিবিষ্ট মনে শিল্পচর্চার যাবতীয় উপকরণ এসে জড়ো হয়েছে শিল্পীর স্টুডিওতে। দক্ষিণ মণিপুরের জনবহুল এলাকার এক প্রান্তে চমৎকার স্থাপত্যশৈলীতে নির্মিত তাঁর চারতলা বাসভবন। যেখানে রচিত হচ্ছে বাঙালি মানসের আরাধ্য নান্দনিকতার একেকটি উৎকৃষ্ট উদাহরণ; শিল্পী রফিকুন নবীর বর্ণিল চিত্রমালার অনন্যসাধারণ সব শিল্পকর্ম।বিশাল লোহার ফটক পেরিয়ে আম-জাম-চালতাগাছের অভ্যর্থনায় শিল্পীর আঙিনায় অর্থময় হয়ে উঠেছে ভরা বর্ষার গুরুগম্ভীর রূপ। স্টুডিও দেখার ইচ্ছায় জল ঢেলে দেওয়ার ভঙ্গিতে তিনি বলেন, ‘আমার তো কোনো স্টুডিও নেই! ঘরের এক কোণে ছবি আঁকি।’ স্টুডিওতে গিয়ে দেখা গেল, সেই একচিলতে ছবি আঁকার জায়গা বাড়ির তিনতলা-চারতলাজুড়ে।ঘোরানো সিঁড়ি বেয়ে তৃতীয় ও চতুর্থতলায় যাওয়ার পথ। পথের শোভাবর্ধনে দুই পাশে ঝোলানো রয়েছে নানা আকৃতি ও বিষয়বস্তুর চোখজুড়ানো পেইন্টিং। দরজা ঠেলে স্টুডিওতে ঢুকতেই অবাক হওয়ার পালা, ঘরজুড়ে পড়ন্ত বিকেলের ঝলমলে আলো; ইউরোপীয় রেনেসাঁস পেইন্টারদের স্টুডিওর মতো পর্যাপ্ত প্রাকৃতিক আলোর ব্যবস্থা করা আছে তাঁর স্টুডিওতে। উত্তরের আলো স্টুডিওতে প্রবেশ করানোর কৌশল রয়েছে এর স্থাপত্যিক নকশায়। সারি সারি বইয়ের শেলফ দেশি-বিদেশি পুস্তকে ঠাসা। এক পাশে গান শোনার জন্য লং প্লে, ক্যাসেট আর সিডি প্লেয়ারের সঙ্গে আনুষঙ্গিক পুরোনো আমলের অপরিচিত ডিস্ক। সিনেমা দেখার এলইডি মনিটর। ভীষণ শৌখিন, সৃজনে মুখর, স্বপ্নবিলাসী শিল্পীর স্টুডিও। দেয়ালে বিভিন্ন সময়ে আঁকা ফ্রেমে বাঁধানো পেইন্টিং ও প্রিন্ট। ছড়িয়ে থাকা নানা আকৃতির ক্যানভাস, বিশাল টেবিলে ছবি আঁকার সব ধরনের উপকরণ, ইজেলে হেলান দিয়ে থাকা ‘পরিবার’ সিরিজের চলমান চিত্রকর্ম। এলোমেলো ইয়েলো, অরেঞ্জ, টিটেনিয়াম হোয়াইট ও ব্ল্যাকের ছড়াছড়ি; ব্রাশ-তুলি-বালতিতে পানি—অসমাপ্ত কিছু ক্যানভাস শিল্পীর দৈনন্দিন সৃজনক্রিয়ার স্মারক হিসেবে উপস্থাপিত। শূন্য ক্যানভাসে কিছু অংশ দখল করে আছে পরিচিত ভঙ্গি-অবয়ব, জল আর রঙের ছোটাছুটি, অন্তর্লীন বাস্তবতা, বর্ণের ভঙ্গুরতায় একাকার শিল্পী ও তাঁর অধরা আত্মজ। চলমান সংগতি-সাধারণ অনুভূতি-অস্ফুট অভিব্যক্তি বিচ্ছুরিত হয় বর্ণিল ব্যঞ্জনায়। ‘পরিবার’ সিরিজের বেশ কিছু অবয়বধর্মী গূঢ় বিশ্বাসের, শাশ্বতবোধের, নবতর আঙ্গিকের উপস্থাপন দর্শকদের আবারও মায়ার বাঁধনে জড়িয়ে নেবে তাঁর পরবর্তী প্রদর্শনীতে। এ সিরিজে মূলত তিনি মানুষের গভীরতম সম্পর্ক-বিশ্বাসকে ধ্যানের মন্ত্রে এঁকেছেন। তাঁর শিল্পিত চিত্রায়ণ কোনো নির্দিষ্ট শৈলীতে সীমাবদ্ধ করা যায় না। করণকৌশলের শুদ্ধতায় প্রথাগত শিল্পের পরিধিকে নতুন পরিসীমায় উত্তরণ ঘটিয়েছেন তিনি। সময়, অবস্থান এবং সংশ্রব শিল্পী রফিকুন নবীর মননে শৈল্পিক প্রতিক্রিয়া তৈরি করে। কাব্যিক ভাবময়তার চেয়ে শিল্পী পারিপার্শ্বিকতা-মানুষ-অবয়ব-প্রকৃতিকে আরাধ্য করে অভিন্ন অভিব্যক্তিতে প্রকাশ করেন। তিনি দৃশ্যমান অভিজ্ঞতাকেই প্রাধান্য দিয়েছেন সর্বদা। তিনি বলেন, শুধু মানুষের পারিবারিক সম্প্রীতি নয়, বরং জীবজগতের অন্যান্য প্রাণীকেও এর অন্তর্ভুক্ত করে ভাবতে হবে।ষাটের দশকের শিল্পীদের মধ্যে অন্যতম এই শিল্পীর জীবনবোধের গভীর উপলব্ধি শিল্পে প্রতিষ্ঠিত হয়েছে ভীষণ সরলভাবে। [শিল্পীর জন্ম ১৯৪৩ সালে চাঁপাইনবাবগঞ্জে। মা-বাবার অনুপ্রেরণায় ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ (তৎকালীন বাংলাদেশ কলেজ অব আর্ট অ্যান্ড ক্র্যাফটস) ভর্তি হন। এ ছাড়া তিনি এথেন্স স্কুল অব ফাইন আর্টসে প্রিন্টমেকিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে যোগদান করেন এবং দীর্ঘদিন শিক্ষকতা শেষে চারুকলা অনুষদের ডিন হিসেবে অবসর নেন। বর্তমানে তাঁর স্টুডিওর নিভৃত পরিসরে শিল্পচর্চার একান্ত আপন বলয়ে মগ্ন সময় পার করছেন শিল্পী রফিকুন নবী।]