অন্ত্যজ মানুষ ও তার ভাষা

বারো-চৌদ্দ শ বছর আগে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সাধন পদ্ধতির সংগীত হিসেবে রচিত হলেও সেখানে খিদে-দারিদ্র্য আর চুরি-ডাকাতিসহ সামাজিক অন্যান্য অঘটনের কথা কিছু কম নেই। ওই সাধক কবিদের পঙ্ক্তিতে সামাজিক বর্গের উঁচু-নিচু ভেদ আছে। সমাজপতি রাতের আঁধারে ডোমনির একচালার আশপাশে ঘুরঘুর করে, দিনে যে নারীর ছায়া মাড়ানোও তার জন্য পাপের পর্যায়ে।
বাংলা ভাষার সাহিত্যের সব সময়ই দাঁড়ানোর জায়গাই যেন অন্ত্যজের কাছে, উদ্দীষ্ট শ্রমজীবী—কৃষক-শ্রমিক ও খেটে খাওয়া মানুষ, আজকাল যাকে খুব কেজো শব্দে ‘নিম্নবর্গ’ হিসেবে চিহ্নিত করা যায়। এর কারণ সম্ভবত এই: ভাষা হিসেবে বাংলা ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর উত্তরাধিকার আর সংস্কৃতের কষ্টকল্পিত ‘দুহিতা’ হলেও কোনো কোনো ইতিহাস তাকে ‘অনার্য’ ভাষা হিসেবেই বর্ণনা করে। কোথাও ‘আর্য’ ভাষার এক প্রাকৃত রূপ। যে ভাষা নিজেই প্রাকৃত, সেখানে যত সহজে তার বাহক প্রাকৃতজনকে সাহিত্যে ফুটিয়ে তোলা সম্ভব, কোনো ‘আর্য’ বা ‘এলিট’ ভাষায় নিশ্চয়ই ততটা নয়। এর সঙ্গে বাংলার ভূগোল, চিরকালীন অর্থনৈতিক অবস্থা; বারবার লুণ্ঠিত শাসিত হওয়ার ইতিহাসও আমাদের জানা আছে। ১৯৭১-এর আগে এই ভাষায় কোনো রাজকার্য সম্পাদিত হয়নি। ফলে লেখক যে বর্গেরই হোন—অন্ত্যজের ভাষা, রাজপ্রাসাদের বাইরের ভাষা হিসেবে বাংলা তার নিজস্ব বর্গকেই সহজ আত্মকৃত করে খেগের কলম থেকে কম্পিউটারের কি-বোর্ডের কৌশলে!
বাংলার জলময় ভূগোলের কারণেই যেন বাংলা ভাষায় রাজরাজড়ার কাহিনির ভূগোল এই ভূখণ্ডের বাইরের। দেশীয় উচ্চবর্গের কথা সেখানে প্রায় নেই। চণ্ডীদাস তাঁর যে বিরহকাতরতার কথা লেখেন, তাও খুব সাধারণ মানুষেরই স্বর। হয়তো তাই স্বাভাবিক, কেননা সে পদ্যের উদ্দীষ্ট এক রজকিনী। প্রধান মঙ্গলকাব্যগুলো মঙ্গলার্থেই রচিত, কিন্তু পাটনীর বা ব্যাধ সেখানে প্রধান চরিত্র, সেই চরিত্রের দিনযাপন আমাদের কাছে আজ বাংলার সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসেরও উপাদান।

এদিকে যাকে আধুনিক সাহিত্য বলি, মূলত ইংরেজ মিশনারি আর সংস্কৃত পণ্ডিতের মনোবাঞ্ছনাপূর্ণ এক বাংলা গদ্য তার সূচনাকাল থেকেই দাঁড়াতে দাঁড়াতে আর লিখল না সেই শাসকের কথা। হুতোম আর আলালি প্রচেষ্টা বাদে রবীন্দ্রনাথ তাঁর কৈশোরে বাংলা কাহিনি সাহিত্যে যে রাজপুতনার কাল দেখলেন, কিছুদিনের ভেতরে তাঁর কলমেই ছোটগল্প হিসেবে ওই শ্রেণির একেবারে বিপরীতে প্রাকৃতজন কিলবিলিয়ে জায়গা করে নেয়। বাংলার জলময় প্রকৃতিতে এই ভূমিপুত্র ও জলকন্যাদের অস্বীকার করার কোনো উপায় ছিল না। সেখানে গগনে যে মেঘ গর্জায় তার নিচে রাশি রাশি ভারা ভারা ধানে ভর্তি নৌকায়ও এক মাঝি বা কৃষক!
বাংলা কাহিনি–গদ্যের এ এক বিস্ময়কর অভিযাত্রা—লেখকেরা যে শ্রেণিরই হোন না কেন, বেশির ভাগ সৃষ্টিসফল বাংলা গল্প-উপন্যাস নিম্নবর্গের মানুষকে নিয়েই। এমনকি বাংলা সাহিত্যের মানসিকতায় অমোচনীয় মধ্যবিত্তপনা থাকলেও সফল কাহিনি-গদ্যে বেশির ভাগ সময় ওই নিম্নবিত্ত-জীবন মধ্যবিত্ত চোখ দিয়ে দেখা। কিন্তু সত্যিকার মধ্যবিত্ত-জীবন নিয়ে সফল লেখা সেই তুলনায় কম। এর একটি-দুটি আনুমানিক অস্পষ্ট কারণ চিহ্নিত করা যায়। রুশ বিপ্লব, বাংলায় কমিউনিস্ট রাজনীতির উত্থান, কমিউনিস্টবিরোধী শিক্ষিত মধ্যবিত্তের একটি অংশের গান্ধীবাদের প্রতি সমর্থন ও তা দিয়ে উঁচু-নিচু ভেদ ঘোচানোর চেষ্টা, আর দুটো বিশ্বযুদ্ধসহ ভয়াবহ দুর্ভিক্ষ; এবং বিভিন্ন আন্দোলন, যেখানে জনগণকে সম্পৃক্তকরণ একটি বিষয় ছিল। লেখক তাঁর সর্বত্রগামী চোখ দিয়ে সর্বস্তরের মানুষ আর গোটা দেশকেই (এখানে বাংলা) দেখতে চাইতেন, অভীষ্ট—স্বদেশ সন্ধান। তাই ওই সন্ধানে নিম্নবর্গের দিকে না তাকিয়ে পুরোপুরি ভুখা-নাঙ্গা খাক হয়ে যাওয়া স্বদেশকে কোনোভাবে বুঝে ওঠা যাচ্ছিল না।
কবিতায় জনজীবন কখনোই প্রায় নির্দিষ্ট নয়, কথাসাহিত্যের মতো। কিন্তু কালো মানুষ মেঘনাদ ইন্দ্রজিৎকে মাইকেল মধুসূদন আর্য রামের বিপরীতে স্থাপন করলেন সদর্পে, একদা অপ্রিয় তাঁর মাতৃভাষায়। কারও কারও রচনায় স্বাধীনতাহীনতায় না বাঁচার আকাঙ্ক্ষা ব্যক্ত। কিন্তু রুশ বিপ্লবোত্তর বাংলা কবিতায় নিচুতলার কথা আসতে শুরু করলে রবীন্দ্রনাথ কেরানির জীবনে প্রেম নিয়ে অসাধারণ কবিতা লেখেন। এমন বিষয়ে লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। কাজী নজরুল কবিতায় বিপন্ন মানুষের জয়গান গান সাম্যবাদের সুরে। জীবনানন্দ দাশের কোনো কোনো পঙ্ক্তিতে নিচুতলার জীবন। বিষ্ণু দে, অরুণ মিত্র, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, শামসুর রাহমান, শঙ্খ ঘোষ, আল মাহমুদ, মোহাম্মদ রফিক, নির্মলেন্দু গুনণ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, জয় গোস্বামীর কবিতায় টুকরো কি দীর্ঘ কাহিনি হিসেবে আছে নিম্নবর্গের জীবন। তবে শিল্পের বাম পন্থা মাথায় রাখলে সেই চৈতন্যের শ্রেষ্ঠ কাব্যপ্রতিভা সুকান্ত ভট্টাচার্য!
রবীন্দ্রনাথের কথাসাহিত্যের শ্রেষ্ঠ অংশ তাঁর ছোটগল্প, সেখানে যত খণ্ডিতভাবেই হোক নিম্নবর্গের জীবনেরই দাপট, তিনি ঠিকঠাক চিনুন কি না চিনুন গল্পগুলোয় তাঁর সিদ্ধি চূড়ান্ত। তাঁর পরের প্রজন্মের কথাসাহিত্যের ভেতরে সামাজিক শ্রেণি, ধর্মীয় বর্ণ, প্রাতিষ্ঠানিক শিক্ষা আর অর্থনৈতিক বর্গে প্রায় কেউই নিম্নবর্গের নন। কিন্তু ওই স্বদেশ সন্ধানের ঝোঁকেই হয়তো নিম্নবর্গীয় চৌহদ্দিতে তাঁদের পদচারণ। রচনা হিসেবে সেগুলোই প্রধান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি ও আরণ্যক। মানিক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিশ্রামের কারণে তাঁকে এখনকার নিম্নবর্গের রূপকার ভাবা হয়, যদিও প্রায় কোনো কৃষক চরিত্র নেই তাঁর সাহিত্যে, কৃষক চৈতন্য তিনি বুঝতেনও না। বরং মধ্যবিত্ত-জীবনই তাঁর সাহিত্যে বড় জায়গাজুড়ে আছে। কিন্তু পদ্মা নদীর মাঝি আর পুতুল নাচের ইতিকথার মতো গুরুত্বপূর্ণ উপন্যাস আর ‘আত্মহত্যার অধিকার’ ও ‘প্রাগৈতিহাসিক’-এর মতো গল্প বাংলা ভাষায় প্রায় বিরল।
তারাশঙ্কর বেন্দ্যাপাধ্যায় ও সতীনাথ ভাদুড়ী দুজনই ছিলেন কংগ্রেসকর্মী, দেখেছেন গান্ধীবাদী চোখে—তারাশঙ্করের কবি, গণদেবতা, হাঁসুলি বাঁকের উপকথা আর সতীনাথের জাগরী ও ঢোঁড়াই চরিত মানস নিম্নবর্গীয় জীবন নিয়ে উল্লেখযোগ্য রচনা। বিশেষ করে ঢোঁড়াই চরিত আজ পর্যন্ত তুলনাহীন। কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষুধা ও ওই জীবন নিয়ে উল্লেখযোগ্য রচনা।
এই থেকে বাংলা ভাষার প্রধান গল্প-উপন্যাসগুলোর জন্য যেন একটি ধারা চিহ্নিত হয়ে গেল বা একে নির্দিষ্ট করা গেল। যেমন: জগদীশ গুপ্তের বেশ কিছু গল্প-উপন্যাস, জ্যোতিরিন্দ্র নন্দীর বারো ঘর এক উঠোন, অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম, অমিয়ভূষণ মজুমদারের গড় শ্রীখণ্ড, সমরেশ বসুর উত্তরঙ্গ, গঙ্গা ও বাঘিনী। গুণময় মান্নার লক্ষ্মীন্দর দিগার, মহেশ্বেতা দেবীর অরণ্যের অধিকার, শ্যামল গঙ্গোপাধ্যায়ের কুবেরের বিষয়আশয়, দেবেশ রায়ের মফস্বলি বৃত্তান্ত, তিস্তাপারের বৃত্তান্ত, অন্য অর্থে বরিশালের যোগেন মণ্ডল, অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে, প্রফুল্ল রায়ের বেশ কিছু ছোটগল্প ও উপন্যাস।
এদিকে পূর্ব বাংলার লেখকদের ভেতরে মাহবুব উল আলমের মফিজন, আবুল মনসুর আহমদের অনেকগুলো গল্পেও খুব সফলভাবে আছে নিম্নবর্গের জীবন। সৈয়দ ওয়ালীউল্লাহর গল্প ‘নয়নতারা’ ও ‘না কান্দে বধূ’ আর লাল সালুর মতো উপন্যাসসহ প্রায় সব রচনাই প্রান্তবর্তী জনগোষ্ঠী নিয়ে। শওকত ওসমানের জননী, শামসুদ্দীন আবুল কালামের কাঞ্চনগ্রাম, আবুজাফর শামসুদ্দীনের পদ্মা মেঘনা যমুনা, আবু ইসহাকের সূর্য দীঘল বাড়ী, শহীদুল্লা কায়সারের সংশপ্তক, জহির রায়হানের হাজার বছর ধরে পর্যন্ত যে মানুষ, তারা কোনো দিনও নায়ক কি নায়িকা হওয়ার যোগ্যতা অর্জন করেনি, প্রকৃত পক্ষে তারা মানুষই তো হয়ে ওঠেনি।
স্বাধীন বাংলাদেশে সৈয়দ শামসুল হকের নীল দংশন, শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন, আবুবকর সিদ্দিকের জলরাক্ষস, হাসান আজিজুল হকের রাঢ় ও দক্ষিণবঙ্গের পটভূমির ছোটগল্প আর সাবিত্রী উপাখ্যান, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই ও খোয়াবনামাসহ অনেক ছোটগল্প, কায়েস আহমেদের দিনযাপন, সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড, মাহমুদুল হকের উপন্যাস আজব পাঠশালা ও গল্প ‘সপুরা ও পরাগল’।
হুমমায়ূন আহমেদ ও মঈনুল আহসান সাবেরের রচনায় নাগরিক নিম্নবিত্ত-জীবন আছে; ইমদাদুল হক মিলন লিখেছেন বিক্রমপুরের পটভূমিতে। মঞ্জু সরকার, হরিপদ দত্ত, সুশান্ত মজুমদার প্রত্যেকেই পেট পিঠের সঙ্গে লেগে ক্ষুৎকাতরতায় ক্লিশে হওয়া মানুষের কথা লিখেছেন। শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা নিম্নবর্গের আবদুল মজিদের চোখে দেখা যুদ্ধোত্তর বাংলাদেশ!
সাহিত্যের চরিত্রের বর্গের এই হিসাবে নগর আর গ্রামীণ জীবনের চৌহদ্দির এক নির্দিষ্ট ভূগোলও আসে। পশ্চিম বাংলার সাহিত্যে নগর কলকাতা একটি প্রধান বিষয় বটে, কিন্তু ওই কলকাতার সাহিত্যে নগর কলকাতা নিয়ে লেখা প্রচুর কিন্তু উল্লেখযোগ্য রচনা সংখ্যায় কম। একইভাবে বাংলাদেশের কথাসাহিত্যে কিছু ব্যতিক্রম বাদে ঢাকা নগর প্রায় নেই। বরং ঢাকার বাইরে যে জীবন, সেই জীবন নিয়ে উল্লেখযোগ্য রচনা প্রচুর। লেখা হয়েছে নগর কলকাতা ও ঢাকার নিম্নবর্গের শ্রমিক-জীবন নিয়েও। ফলে নাগরিক সাহিত্যও সব সময় উচ্চবিত্ত বা মধ্যবিত্তের সাহিত্য নয়। কিন্তু যেটি লক্ষ করার বিষয়, মূলত বাংলা কথাসাহিত্যে যে লেখকেরা তাঁদের রচনায় সফলতা দেখিয়েছেন, সেই লেখক কখনো কখনো উচ্চবিত্তের বা বর্গের অথবা বর্ণের, গ্রামীণ জীবন, গ্রামীণ নিম্নবর্গ তাঁর চোখ থেকে অনেক দূরে। সৈয়দ ওয়ালীউল্লাহ এ ক্ষেত্রে সবচেয়ে জোরালো উদাহরণ। কিন্তু সেই লেখকের সফলতা একেবারেই অন্যত্র, নিজস্ব বিত্তের কথা তিনি প্রায় লিখলেনই না। আবার যাঁরা উচ্চ ও মধ্যবিত্ত নাগরিক জীবন লিখেছেন, তাঁদের কারও কারও সফলতম রচনা গ্রামীণ নিম্নবর্গীয় জীবন নিয়েই, যেমন তারাশঙ্কর। দ্বন্দ্বটা কাটে না এই জন্য, বাংলা কথাসাহিত্যে নিম্নবর্গীয় জীবন থেকে আসা সাহিত্যিক প্রায় নেই, কিন্তু নিম্নবর্গের জীবন নিয়েই তাঁদের বেশির ভাগের সফল সাহিত্য। আবার আর একটি দ্বন্দ্বও কাটে না, মধ্যবিত্ত-জীবন নিয়ে তো বটেই এমনকি রবীন্দ্রনাথসহ কারও কারও রচনায় উচ্চবিত্তের জীবনও এসেছে, কিন্তু উপন্যাস ও ছোটগল্পের সবচেয়ে উল্লেখযোগ্য শিল্পসফল অংশ গ্রামীণ আর নিম্নবর্গীয় জীবন নিয়ে। যেন ভাষা আর বিষয়ই লিখিয়ে নেয় লেখককে দিয়ে। এ যেন আজও পর্যন্ত বাংলা ভাষার গতি। অথবা বাংলা ভাষা দুটি মহানগরের প্রধান বা একমাত্র ভাষা হয়েও নাগরিক ভাষিক মানসিকতা পেল না। নাকি বাংলার জল, বাংলার মাটি, বাংলার নদী আর কিছু পাহাড়, হাওর, কন্দর, সমুদ্র—সবকিছুর বর্ণনা আজও পর্যন্ত এই ভাষায় ভালো খেলে, নগরসংলগ্ন আর উচ্চবর্গীয় জীবন নয়। তাই হয়তো নগর, মহানগর, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত লেখকও ফিরে যান বাংলার মাটি, বাংলার জলে চিহ্নিত জনগোষ্ঠীর কাছে, সেখানেই তিনি বেশি সফল! নাকি যিনি বাংলার জল, নদী, প্রান্তরকে চেনেন না, তিনি বাংলাকে চেনেন না! তাই যেন এক স্বদেশ–সন্ধানে ব্রতী হয়ে বাঙালি লেখকের গন্তব্যই হয় ওই জল আর মাটিলগ্ন মানুষ!
বাংলা ভাষার এই গতি এক দ্বন্দ্ব বটে। জল, মাটি—দুটিই নিম্নবর্গ, সেখান থেকে উদ্ভূত প্রাকৃত ভাষা, সে ভাষায় প্রাকৃতজনের চালচিত্রই সার্থক হবে, তা-ই স্বাভাবিক!