জীবন খণ্ডিত নয়, শিল্পকর্ম সৃষ্টি জীবনেরই অংশ, শিল্পসৃষ্টি শিল্পীর মজ্জাগত, শিল্পী লালা রুখ সেলিম প্রথাগত স্টুডিও বা কাজের জন্য নির্দিষ্ট পরিশীলিত কক্ষের কথা ভাবেন না। মস্তিষ্কের ভেতরই তিনি সৃষ্টির ভাবনাগুলো বয়ে বেড়ান। যখন ভাস্কর্যের জন্য পরিকল্পনা করেন ও উপকরণ নিয়ে কাজ শুরু করেন, তখন বাড়ির খোলা জায়গা ব্যবহার করেন। শিল্পী রোজকার কাজ সংসার, শিক্ষকতা, লেখালেখি, ছবি আঁকার মধ্যে বিভক্তি টানেন না। সবই প্রয়োজনীয় কাজ। তিনি শিল্পী হিসেবে নিজেকে নিয়মিত মনে করেন না। মনের ভাব প্রকাশের একটি মাধ্যম শিল্পকর্ম, তার সঙ্গে লেখালেখি যুক্ত হয়ে পরিধিতে বিস্তৃতি এনেছেন। ২০০৭ সালে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রকাশিত বাংলাদেশের সাংস্কৃতিক সমীক্ষামালার চারু ও কারুকলার (৮ম খণ্ড) সম্পাদনার কাজ করেন। সে তিন বছরে বাংলাদেশের ঐতিহ্যসমৃদ্ধ লোকসংস্কৃতি সম্পর্কে বিশদ জেনেছেন। ভাস্কর্যশিল্পের ক্ষেত্রে প্রচলিত কুসংস্কার উপেক্ষা করে ষাটের দশকে নভেরা আহমেদ ঢাকার উন্মুক্ত স্থানে বিমূর্ত রীতির ভাস্কর্য তৈরি করে কূপমূণ্ডকতার দেয়াল ভেঙে এগিয়ে গেছেন। কাঠ, সিমেন্ট, প্লাস্টার, পাথরের প্রথাগত একাডেমিক রীতির চর্চার বাইরে বর্তমানে মাধ্যমের সহজ প্রাপ্তির জন্য নিরীক্ষাধর্মী কাজের সুযোগ তৈরি হয়েছে। শিল্পীর আশির দশকের কাজগুলোকে পেইন্টিং না বলে রেখাচিত্র হিসেবে আখ্যা দেন। একজন ভাস্কর হিসেবে নিজেকে দেখার সঙ্গে বড় করে ভাবেন নারী হিসেবে। নারী এ পৃথিবীতে বিশেষ শক্তি নিয়ে এসেছে, যা একজন পুরুষের নেই। নারীর এ শক্তি মানবজাতির কল্যাণেই ব্যবহূত হয়েছে। সম্প্রতি তাঁর ভাস্কর্যে কাঠের তৈরি নারীদেহের অবয়বের সঙ্গে লাল মরিচ, শিল-পাটা, দা, বঁটি, ইত্যাদি উপকরণের যুক্তকরণকে নারীর নিত্য সঙ্গী এসব উপকরণের কথা মনে করিয়েছেন। এ কথাগুলো এভাবেই জানাতে হতো, অন্য কোনো ভাষায় নারীর নিত্যপ্রয়োজনীয় উপকরণগুলোর কথা বলা যেত না। ঐতিহ্যের শিল্প নিয়ে লালা রুখ সেলিম গর্ব করেন।বাঁশ-বেত, কাঠ, লৌহজাত সামগ্রী, পাটজাত দ্রব্যাদি, শখের হাঁড়ি, নকশি কাঁথা, নকশি পিঠা, নকশি পাখা আজও বাঙালির ঘরে ঘরে পরম মমতায় ব্যবহূত হয়। সেসব শিল্পকর্ম যেমন আধুনিক, তেমন শিকড়ের গন্ধ পাওয়া যায় এখনো। বাঙালির সাধারণ এ নান্দনিক বোধ আমাদের রক্তে প্রবাহিত হয় নিয়ত। প্রতিটি জাতির, অঞ্চলের নান্দনিক বৈশিষ্ট্য সমৃদ্ধ শিল্প রয়েছে। আমাদের সাংস্কৃতিক ও নান্দনিক ঐতিহ্য নিয়ে গর্ব করতে পারি। ভাস্কর্যের ক্ষেত্রে নিয়মিত না হলেও শিল্পী ড্রয়িংয়ে অনেক নিয়মিত। আশির দশক-পরবর্তী কাজে কাগজের তৈরি ভাস্কর্য, পরে পোড়ামাটির কাজ টেরাকোটায় মনোনিবেশ করেন। ১৯৮৯ সালে শান্তিনিকেতনে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নকালে নিরীক্ষাধর্মী কাজে মনোনিবেশ করেন। নব্বই-পরবর্তী সময়ে কাগজের মণ্ডের তৈরি ভাস্কর্যের কাজ করেন। ’৯৫-এ ‘সময়’ নামের চারুশিল্পীদের সংগঠনের সঙ্গে যুক্ত হন। ত্রৈমাসিক শিল্পকলাবিষয়ক প্রকাশনা এআরটি সম্পাদনার সময় শিল্প ও শিল্পী বিষয়ে নিয়মিত হন।তিনি ১০ বছর ধরে প্রকাশিত এআরটি পত্রিকাকে কাজের অংশ হিসেবে নিয়েছেন। ’৭৯ সালে চারুকলায় অধ্যয়ন শুরুর পর থেকে শিল্পকলাকেন্দ্রিক কাজেই সব সময় যুক্ত ছিলেন। ’৯০ সালে ভাস্কর্য মাধ্যমে কাজের পর ফিরে আসেন ত্রিমাত্রিক থেকে দ্বিমাত্রিক তলে রেখাচিত্র বা ড্রয়িংয়ে। ভাস্কর হিসেবে আদর্শের প্রশ্নে সবার কাছ থেকেই তিনি গ্রহণ করেন, নির্দিষ্ট কোনো ভাস্করকে তিনি অনুসরণ করেন না। অনেকের কাছ থেকে অনেক কিছু পেয়েছেন কিন্তু শিল্পসৃষ্টির ক্ষেত্রে সমসাময়িক ঘটনা, যাপিত জীবনের নানা অনুষঙ্গ, মানুষ হয়ে ওঠে প্রধান। বিশ্বশিল্পের মুক্ত সংস্কৃতি আমাদের শিল্পীদের কাজে প্রভাব ফেললেও দেশজ স্পন্দন আমাদের শিল্পীদের মধ্যে কাজ করে। কোন মাধ্যমে শিল্পী কাজ করেছেন সেটি মুখ্য নয়, প্রকাশটাই মুখ্য। একজন শিল্পী মানুষের সঙ্গে তাঁর মত প্রকাশকে নিয়ে যেতে পেরেছেন, সেটি গুরুত্বপূর্ণ। বিজ্ঞান আমাদের গত ১০০ বছরে এগিয়ে দিয়েছে অনেক দূর। শিল্পকলার উত্তরণ ঘটেছে বিজ্ঞানের হাত ধরে। শিল্পীর মাধ্যমের সীমারেখা অনির্দিষ্ট। বাংলাদেশে আধুনিক ভাস্কর্যের গ্রহণযোগ্যতা বেড়েছে। বাস্তবধর্মী রীতির পাশাপাশি সৃষ্ট ধাতব, লোহা, টিন ও অন্যান্য স্থায়ী মাধ্যমের ভাস্কর্যের গ্রহণযোগ্যতা আমাদের আশাব্যঞ্জক দিক। তবে একজন শিল্পী কী মাধ্যমে কাজ করবেন, কোথায় কাজ করবেন, সেটি গুরুত্বপূর্ণ নয়। শিল্প সৃষ্টির নতুনতর পথ তৈরি হয় মস্তিষ্কে। ঐতিহ্য ও ঋদ্ধ লোকসংস্কৃতির এ বঙ্গে শিল্পীর ভাবনা পূর্ণতা পায় মগ্ন শিল্পীর সৃষ্টিকর্মে। শিল্পী লালা রুখ সেলিম: জন্ম ১৯৬৩। ১৯৮৯ সালে বিশ্বভারতী কলাভবন শান্তিনিকেতন থেকে ভাস্কর্যে এমএফএ ডিগ্রি লাভ করেন। বহু আন্তর্জাতিক ও বাংলাদেশে দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রকাশিত বাংলাদেশের সাংস্কৃতিক সমীক্ষামালার চারু ও কারুকলার (৮ম খণ্ড) সম্পাদনা করেন। এআরটি-বিষয়ক জার্নালের সম্পাদক হিসেবে দয়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করছেন।