অন্ধ কুঠুরির মানুষেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মস্মৃতিঅবিদ্যার অন্তঃপুরে—সংগ্রহ-সংকলন-সম্পাদনা-ভূমিকা: আবুল আহসান চৌধুরী \ শোভা প্রকাশ, ঢাকা, ২০১০ \ প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী \ ৪০০ পৃষ্ঠা \ ৪৫০ টাকামানিকগঞ্জের জমিদার পূর্ণচন্দ্র এই প্রথম কলকাতায় এসেছেন। লোকমুখে শুনেছিলেন, আগে জবচার্নক সাহেবের হাতে গড়া এ শহর নাকি বড়ই আজব। এখানে নাকি পানি জমিয়ে তা আবার মানুষেরা কড়মড়িয়ে খায়। টাকা দিলে মোসাহেব পাওয়া এখানে খুবই সস্তা। তাই ভাত ছেটানো মাত্রই শহর কলকাতায় বাঙালি জমিদার পূর্ণচন্দ্রের কাকের অভাব হলো না মোটেই। আর তাদের সূত্রেই তিনি চিনে গেলেন বাইজিবাড়ির অন্দরমহল। সুকুমারী নামের উনিশ বছর বয়সী এক রাঢ়-বালিকার প্রতি সহজেই মন মজে গেল তাঁর। সুনীল গঙ্গোপাধ্যায়ের ইতিহাসনির্ভর উপন্যাস সেই সময়তে অনেকটা এ রকমই উনিশ শতকের বর্ধিষ্ণু কলকাতা শহরের আলো-হাওয়া ধরা আছে। ‘বাইজি, বারবনিতা’ কিংবা ‘অবিদ্যা’ অভিধাপ্রাপ্ত সমাজের অপাঙেক্তয় অন্ধ কুঠুরির মানুষেরা যেখানে হররোজ হরেক আলোকশোভায় ভরে দিচ্ছে রাতের মাহফিল আর আঙুল ফুলে কলাগাছ হওয়া তখনকার ‘বাবু’দের সভ্যতা-সমাজ এসব সুকুমারীদের ছাড়া বোধ করি চলেই না, যেন বা জাতমানের মুখরক্ষা এবং তাদের বাবুয়ানাই টেকে না নৃত্যগীতের আসরে তাদের স্পর্শ না পেলে।গণিকা-পতিতা-বারবনিতা-অবিদ্যা—যা-ই বলি না কেন, এই ভূখণ্ডে তাদের নাম-সাকিনের তালাশ মেলে অনেক আগে থেকে। ‘কথাসরিৎ সাগর’-এর কুমুদিকা বা সংস্কৃত নাট্যসাহিত্যের বসন্তসেনা নামের গণিকার হিসাব কষলেও এ সম্প্রদায়ের প্রাচীনত্ব সম্পর্কে প্রমাণ দাখিলের অভাব পড়ে না। তবে সমাজ কিন্তু তাদের ব্যাপারে চিরদিনই পালন করে এসেছে সবিশেষ ছুৎমার্গ। এমনকি কলকাতা সাহেবি শহর হয়ে ওঠার প্রাক্কালে যখন তারা ছিল বাবু সম্প্রদায়ের বুলবুল, তখন থেকে বাবু মশাইরাই তাদের দাঁড় করিয়ে দিয়েছেন ইতিহাসের কানাগলিতে। অবিদ্যা খেতাবটিও তাদের কপালে জুটেছে তখন। ফলে একজন বিনোদিনী দাসী অথবা মানদা দেবীর কান্না ইতিহাসের ফোঁকর গলে আমাদের আজকের সুধীসমাজে পৌঁছাতে তেরো নদী সাত সমুদ্দুর সময় লেগে গেল। ইতিহাসের কানাগলিতে তাদের যে অশ্রুবিন্দু জমা হয়ে শুষ্কপ্রায় হয়ে উঠেছিল, সম্প্রতি তা মুক্তি পেয়েছে সমাজ-গবেষক আবুল আহসান চৌধুরীর অবিদ্যার অন্তঃপুরে নামাঙ্কিত এক বইয়ের মাধ্যমে। সেই সঙ্গে তৎকালীন বাবু সম্প্রদায়কে বোঝাবুঝির ক্ষেত্রে বইটি হতে পারে বিবেচনার নয়া সূত্রও।বইটি আবুল আহসান চৌধুরীর লেখা নয়। সে সময় এবং সময়ের প্রেক্ষাপটে রূপোপজীবিনীদের চলাচলতি গোটা বইতে—এ বিষয়ের ওপর তিনি একটি ভূমিকা লিখেছেন মাত্র। কিন্তু যে কাজটি গোটা বইকে গুরুত্বপূর্ণ করে তুলেছে তা হলো, সেসব অবিদ্যার দুষ্প্রাপ্য আত্মকথাগুলো তিনি থরেবিথরে এ পুস্তকে সাজিয়ে দিয়েছেন। নটী বিনোদিনী দাসীর আমার কথা, মানদা দেবীর শিক্ষিতা পতিতার আত্মচরিত, রমেশচন্দ্র মুখোপাধ্যায় নামে এমএ ডিগ্রিধারী এক ব্যক্তির রচনা ব্যভিচারী রমেশদার আত্মকথা এবং সুকুমারী দত্ত প্রণীত নাটক অপূর্ব সতী এ বইয়ের আকর। এ ছাড়া পরিশিষ্টে রয়েছে ‘কলিকাতা নিবাসিনী বেশ্যার পত্র’ এবং ছয় ‘বারবনিতার উইল’। যদিও বর্তমান বইটিতে সংকলিত এই আত্মকাহিনিগুলো তৎকালে বই আকারে বেরিয়েছিল, কিন্তু সাধারণ পাঠকের পক্ষে একালে বসে পৃথকভাবে বইগুলো খুঁজে বের করা সহজ না। আবুল আহসান চৌধুরী বহু পরিশ্রমে ও পরম মমতায় ইতিহাসের সত্যভাষণ সংকলিত করলেন এই বইয়ে। সাধারণ পাঠকসহ সমাজ-গবেষকদের কাছে বইটির সবিশেষ কার্যকরতা রয়েছে অচেনা ইতিহাস পর্যালোচনার নিরিখে। বইটির দুষ্প্রাপ্য ছবিগুলোর ফটোকপি মান থেকে কম্পিউটার প্রযুক্তির সহায়তায় আরও বেশি স্পষ্ট করা যেত। বর্ণবিন্যাসেও ছাড়া ছাড়া ভাব আছে। তার পরও এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী মানুষের ব্যতিক্রমী স্মৃতিগ্রন্থ।—আলতাফ শাহনেওয়াজ