
শিল্পতাত্ত্বিকেরা বিভিন্ন সময়ের আঙ্গিকে, পরিপ্রেক্ষিতে শিল্প ও শিল্পীর ভূমিকা বিশ্লেষণ করে এগিয়ে দিচ্ছেন মানুষের বুদ্ধিবৃত্তিক চর্চার অনুসন্ধানী ও সৃজনশীল জগৎ। আর এই সময়ে এসে শিল্পীরাও খুব সচেতন হয়ে উঠছেন সমাজের প্রতি দায়বদ্ধতার ব্যাপারে। বেঙ্গল আর্ট লাউঞ্জের ‘লাইফ ইজ হিয়ার’, অর্থাৎ ‘এখানে জীবন’ শিরোনামের একক প্রদর্শনীটির ৮০টি চিত্রকর্ম কনকচাঁপা চাকমার গবেষণাধর্মী চিন্তার প্রকাশ বলা যেতে পারে। দীর্ঘ ২৮ বছরের চিত্রকলাচর্চায় কনকচাঁপা সব সময়ই নিজ জন্মভূমি চট্টগ্রামের পাহাড়ি জনপদের সংস্কৃতি ও যাপিত জীবনকে ধরতে চেয়েছেন। পাহাড়ের প্রায় ৪১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা প্রচলিত ভাষায় আদিবাসীদের অস্তিত্ব ও সংস্কৃতির নানা পালনীয় আচার-প্রথাকে তিনি তুলে ধরেছেন পেইন্টিংয়ের ভাষায়। দুই বছর আগে ম্রোদের নিয়ে গ্যালারি চিত্রকে করেছিলেন প্রদর্শনী। আর এবারের প্রদর্শনীতে তুলে ধরলেন চাকমাদের জীবন ও সংস্কৃতি। কনকচাঁপা জানান, প্রতিটি গোষ্ঠীকে আলাদা প্রদর্শনীতে তুলে ধরতে চান তিনি। এতে প্রতিটি ক্ষুদ্র জাতিসত্তার জীবনের ওপর পূর্ণাঙ্গ আলোকপাত করা সম্ভব হবে। সম্ভব হবে তাঁদের জীবন-সংস্কৃতিকে ক্যানভাসে দর্শকের সামনে হাজির করা।

প্রদর্শনীতে তেলরং, অ্যাক্রিলিক ও চারকোলের ড্রয়িং রয়েছে। অসমতল, টেক্সচার, রঙের ওভারল্যাপিং, শক্তিশালী ছন্দময় রেখার মূর্ত ও বিমূর্ত আঙ্গিকের মিশ্রণে অভিজ্ঞতাবাদী অভিব্যক্তিময় গুণসম্পন্ন এই চিত্রকর্মগুলো।
বিজু উৎসবকে নিয়ে দুটি বড় পেইন্টিং রয়েছে। ‘স্পিরিটেড ট্র্যাডিশন’-এ বিজু উৎসব, অর্থাৎ চাকমাদের বর্ষবরণ উৎসবের বিভিন্ন আচার-প্রথাকে তুলে ধরেছেন কনকচাঁপা। কারও চেহারা স্পষ্ট নয় ছবিতে, সবাই যেন একটি অস্তিত্বের প্রমাণ। যৌথতাই মূল শক্তি জীবনের। তাই হয়তো শিল্পী বললেন, এখানেই জীবন।
কনকচাঁপা স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসেন। তাই তাঁর ছবিতে লাল-হলুদ-নীলের প্রাধান্যের সঙ্গে যে রীতি দাঁড়িয়েছে স্বকীয়তা নিয়ে, তার মধ্যে চাকমাজীবনের রূঢ় বাস্তবতা নয়, বরং আনন্দময় সুন্দর মুহূর্তগুলোর চিত্রায়ণ ঘটেছে খানিকটা সুখস্বপ্ন দেখার অভ্যাসের মতো। ‘ইন্টারনাল ভিজিল্যান্স’ বা ‘অতন্দ্র প্রহরী’ শিরোনামের ছবিতে দেখা যায়, এক যুবক হাতে তির-ধনুক নিয়ে বাহু প্রসারিত করে দাঁড়িয়ে, পেছনে আলো-আঁধারিতে গ্রাম। চাকমা যুবকের চেহারা অস্পষ্ট, কিন্তু উপস্থিতির উদ্দেশ্য স্পষ্ট। নিজের অস্তিত্ব রক্ষা করতে চাওয়া সংগ্রামী, লড়াকু একজন যেন চরিত্রটি। পাহাড়ের চালিত রাজনৈতিক নিপীড়ন থেকেই কি সে রক্ষা করতে চায় নিজ গোষ্ঠীকে? প্রতীকীভাবে হতেও পারে। কারণ, শিল্পী ক্যাটালগে লিখেছেন, ‘কর্ণফুলী তুমি এক হাতে অনেক আলোর জন্ম দিলে আরেক হাতে অনেক জীবনের আশার আলো কেড়ে নিলে।’ এভাবে তিনি ইঙ্গিত করলেন কর্ণফুলী লেকে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সময়ে সেখানে বসবাসরত মানুষের বাস্তুহারা হওয়ার বেদনাবহ বাস্তবতার প্রতি।
প্রদর্শনীতে রয়েছে চাকমা মেয়েদের বেশ কিছু প্রতিকৃতি ও নানা অভিব্যক্তি। শিল্পী চিত্রকর্মের ক্যানভাসের মাপের ক্ষেত্রেও বেশ সচেতন। কনকচাঁপা চাকমার প্রদর্শনীটি তাই বেশ গুরুত্বপূর্ণ। কেননা, এখানে আছে তাঁর নিজের জাতিগোষ্ঠীর উন্মোচন ও অন্বেষণ। ১৫ নভেম্বর শুরু হওয়া প্রদর্শনী চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।