অন্য গীতাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ইউটিউবের কল্যাণে কনচিতা সুপারভিয়ার গলায় রবীন্দ্রনাথের একটি গান ইংরেজিতে শোনার সৌভাগ্য হয়েছে। যাঁরা বিশ শতকের অপেরার সঙ্গে কম-বেশি পরিচিত, তাঁদের কনচিতা সুপারভিয়ার নাম জানার কথা। মাত্র ৩৯ বছর বেঁচেছিলেন সুপারভিয়া, কিন্তু এরই মধ্যে অসাধারণ অপেরা শিল্পী হিসেবে বিশ্বজোড়া নাম কিনেছিলেন। ২০০-এর বেশি গান, মুখ্যত জনপ্রিয় অপেরা—রেকর্ড করেছিলেন স্পেনের আন্দালুসিয়ায় জন্মগ্রহণকারী এই শিল্পী। অপেরার বাইরে ইংরেজি, জার্মান, ফরাসি ও স্প্যানিশ ভাষায় বেশ কিছু জনপ্রিয় গানেরও রেকর্ড তিনি করেছিলেন। তারই একটি রবীন্দ্রনাথের ‘হোয়েন আই ব্রিং টু ইউ কালারড টয়স’।বিখ্যাত আমেরিকান গীতিকার জন অলডেন কার্পেন্টার ইংরেজি গীতাঞ্জলির ৬২ নম্বর সেই গানে সুর দিয়েছিলেন ১৯১৩ সালে। লন্ডন থেকে তত দিনে ইন্ডিয়া সোসাইটির উদ্যোগে ইংরেজিগীতাঞ্জলি প্রকাশিত হয়ে আটলান্টিকের দুই পাড়ে বিপুল সাড়া ফেলেছে। শিকাগোর বাসিন্দা কার্পেন্টার। ১৯১৩ সালে এই শহরের পোয়েট্রি পত্রিকাতেই ইংরেজি গীতাঞ্জলি থেকে ছয়টি কবিতা ছেপেছিলেন হ্যারিয়েট মনরো। সম্ভবত হিন্দু আধ্যাত্মিকতায় উৎসাহী তাঁর প্রেমিকা অ্যালেনের কাছ থেকেই সে কবিতার খোঁজ পেয়েছিলেন কার্পেন্টার। পরে গীতাঞ্জলির একটি কপিও সংগ্রহ করে নেন তিনি। অনুমান করি, অন্যান্য পশ্চিমা পাঠকের মতো সেই কাব্যগ্রন্থের আধ্যাত্মিক ভাবনা তাঁকেও আলোড়িত করেছিল। অবশ্য ‘হোয়েন আই ব্রিং’ কবিতাটির আধ্যাত্মিকতা নয়, তার আপাত শিশুতোষ চরিত্রই কার্পেন্টারের মনে ধরেছিল। তাঁর শিশুকন্যা জেনেভিয়েভের কথাই তিনি ভেবেছিলেন এই গানে সুর করার সময়। তবে একটি নয়, গীতাঞ্জলির মোট ছয়টি কবিতায় সুর দিয়েছিলেন কার্পেন্টার। সেসব গানের মধ্যে তাঁর নিজের সবচেয়ে প্রিয় ছিল ‘লাইট মাই লাইট’ গানটি, যা তিনি নিবেদন করেছিলেন অ্যালেনের প্রতি। বাকি গানগুলো হলো: ‘দ্য স্লিপ দ্যাট ফ্লিটস অন দ্য বেবিস আইস’, ‘অন দ্য ডে ডেথ উইল নক অ্যাট দাই ডোর’, ‘আই অ্যাম লাইক এ র‌্যামন্যান্ট অব এ ক্লাউড অব অটাম’ এবং ‘অন দ্য সি শোর অব এন্ডলেস ওয়ার্লডস’।কার্পেন্টারের করা এই ছয়টি গানের স্বরলিপি-শিট মিউজিক নিয়ে গীতাঞ্জলি নামের একটি ক্ষুদ্র বই প্রকাশিত হয় ১৯১৪ সালে শিকাগো থেকে। প্রকাশক জি স্কিনার। ভারি সুন্দর নীল রঙের নকশা করা প্রচ্ছদ, ভেতরের প্রতিটি পাতায়ও নকশা। গ্রন্থের শুরুতে ‘ক্রেডো’—এই নামে নিজের লেখা একটি কবিতা অন্তর্ভুক্ত করেন কার্পেন্টার; শেষে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ১৩ নম্বর কবিতা ‘দ্য সং দ্যাট আই কেম টু সিং রিমেইনস আনসাং টু দিস ডে’। বোঝা যায়, গীতাঞ্জলির কবিতাগুলো খুব ঘনিষ্ঠভাবে অনুসরণ করেছিলেন তিনি, ‘ক্রেডো’তে অনায়াসেই কবিগুরুর কণ্ঠধ্বনি শোনা যায়। তার প্রথম চারটি লাইন অনুবাদে এ রকম:‘আমি বিশ্বাস করি নীলাকাশ ও স্মিতা জলরাশি/আমি দেখতে পাই মেঘমালার আঁধার পেরিয়ে দূরে, আরও দূরে/ভীত নই আমি সাগরের জলোচ্ছ্বাসে/আস্থা আমার গাছ ও ফুলের বন্ধুত্বে, দৃশ্যত মৃত্যু হলেও/হূদয়ে যারা মরণহীন।’পাশ্চাত্যের অনেক সংগীত-রসিকই কার্পেন্টারের সুরারোপিত রবীন্দ্রনাথের গানে ভারতীয় সংগীত ধারার অনুরণন খুঁজে পেয়েছেন। কার্পেন্টারের জীবনীকার হাওয়ার্ড পোলাকের ধারণা, শিকাগোতে রবীন্দ্রনাথের গলায় মূল বাংলা গান হয়তো তিনি শুনে থাকলে থাকতেও পারেন। ১৯১৩ সালের গোড়ার দিকে কয়েক মাস এই শহরে কাটান কবিগুরু, পোয়েট্রির অফিসে অনেকবারই আড্ডা দিতে এসে গান শুনিয়ে গেছেন তিনি। অবাক হব না, যদি কার্পেন্টারও সে আসরে এক-আধবার যোগ দিয়ে থাকেন। গীতাঞ্জলির যে কবিতাগুলো তিনি সুরারোপের জন্য বাছাই করেন, অধিকাংশ ক্ষেত্রে সম্পূর্ণ কবিতা ব্যবহারের বদলে নির্বাচিত অংশ ব্যবহার করেছেন কার্পেন্টার। কখনো বা কোনো কোনো স্তবকের পুনরাবৃত্তি করেছেন, মুখ্যত একটি ভাব ও ধ্বনি-ব্যঞ্জনা সৃষ্টির জন্য। আমাদের রবীন্দ্রসংগীত শোনা কানে সে গানে কবিগুরুকে খুঁজে পাওয়া ভার, তবে একধরনের সারল্য এই গানগুলোকে যে স্বাতন্ত্র্যমণ্ডিত করে, তাতে সন্দেহ নেই।উদাহরণ হিসেবে ‘অন দ্য ডে ডেথ উইল নক অ্যাট দাই ডোর’, যা ‘মরণ যেদিন দিনের শেষে’—এই জনপ্রিয় বাংলা কবিতার ইংরেজি রূপান্তকরণ ধরা যাক। পোলাকের মতে, ভারতীয় সংগীতের রোমান্টিক ধারার সঙ্গে এই গানের সুরারোপ সংগতিপূর্ণ। পিয়ানোর সঙ্গে সংগতের জন্য যে সুর কার্পেন্টার নির্মাণ করেন, তাতে মাইনর কর্ডের পৌনঃপুনিক ব্যবহার রয়েছে, যা শুনে মনে হয়, মৃত্যুর দ্বারে আঘাতের ঠক্ঠক্ শব্দ—যেমন শোনা যায় বিটোফোনের ‘ফিফথ সিম্ফনি’তে। অন্যদিকে, ‘হোয়েন আই ব্রিং’ গানটির যে সুরারোপ কার্পেন্টার করেন, তাতে একধরনের ক্রীড়াপ্রিয়তা রয়েছে। এটিও পিয়ানোর জন্য রচনা। এখানে একটি মৃদু ও মোলায়েম সুর ও ছন্দের প্রাধান্য রয়েছে। পোলাক লিখেছেন, এতে পিয়ানোর পাদানি ব্যবহারের মাধ্যমে স্বর নির্মাণে যে যতি নির্দেশ করেছেন কার্পেন্টার, তাতে একধরনের জাদুকরি আলোকময়তা রয়েছে, যা ভারতীয় গানের সাংগীতিক বৈশিষ্ট্য যথাযথ রক্ষা করেছে। শুধু এটি নয়, কার্পেন্টারের সুর দেওয়া বাকি গানগুলোতেও পশ্চিমা সংগীতবোদ্ধারা প্রাচ্য ও প্রতীচ্যের সংগীতধারার ঐক্যবাদন দেখতে পেয়েছেন।কার্পেন্টারের সুরে গীতাঞ্জলির এই গানগুলো বিশ ও ত্রিশের দশকে অনেকেই আনুষ্ঠানিকভাবে পরিবেশন করতে উৎসাহী ছিলেন। কেউ কেউ সেসব গানের রেকর্ডও করেছেন। অন্ততপক্ষে তিনজন নামকরা অপেরা গায়কের কথা শুনেছি, যাঁরা খুব ঘটা করে গানগুলো পরিবেশন করেছেন। তাঁরা হলেন: জুলিয়া কাল্প, লুসিল স্টিভেনসন এবং বিখ্যাত মার্কিন সোপরানো কিরস্টান ফ্লাগস্টাড। কার্পেন্টারের সুর দেওয়া রবীন্দ্রনাথের সবগুলো গানই একসময় খুব জনপ্রিয় হয়েছিল, তার মধ্যে ‘হোয়েন আই ব্রিং’ কমপক্ষে আটজন ভিন্ন ভিন্ন শিল্পী রেকর্ড করেছেন বলে শুনেছি। ‘স্লিপ দ্যাট স্লিটস’ গানটিও একাধিক শিল্পীর গলায় ধারণ করা হয়। উভয় গানই সম্ভবত শিশুতোষ বলেই ভাবা হতো, আর সে কারণেই তাঁদের জনপ্রিয়তা। সুপারভিয়া যখন ‘হোয়েন আই ব্রিং’ রেকর্ড করেন, মূল সুর ও সংগীতবিন্যাস থেকে কিছুটা সরে আসেন। শুনেছি, কার্পেন্টার তাতে খুব খুশি হননি। কার্পেন্টার নিজে তাঁর সুর করা গান রেকর্ড করেছেন বলে শুনিনি, তবে একাধিকবার গীতাঞ্জলির এই গানগুলোর সংগীত পরিচালনা করার সুযোগ তাঁর হয়েছিল। এর অন্যতম ১৯১৪ সালে, রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার পর, শিকাগোতে অল-আমেরিকান সিম্ফনির শিল্পীদের সঙ্গে তাঁর সংগীতপরিচালনা।শিকাগোতে, ১৯৫১ সালে ৭৫ বছর বয়সে দেহত্যাগ করেন জন কার্পেন্টার।‘হোয়েন আই ব্রিং’ গানটি যখন কনচিতা সুপারভিয়ার গলায় শুনি, বলতেই হবে, আমাদের অনভ্যস্ত কানে একটি বিচিত্র ও ভিন্ন দ্যোতনার সঞ্চার করে। রবীন্দ্রনাথের গানটি মোটেই শিশুতোষ নয়, শিশুর মধ্যে যে নিষ্পাপ ও সুচি-স্নিগ্ধতা রয়েছে, তাতে রবীন্দ্রনাথ ঈশ্বরের আলোকছায়া খুঁজে পেয়েছিলেন। কার্পেন্টারের পিয়ানো বাদনে সে সুচি-স্নিগ্ধতা যে নেই তা নয়, কিন্তু সুপারভিয়ার গানের দ্যোতনাটি একদমই ভিন্ন। সেখানে শিশুর সঙ্গে ক্রীড়ারত, সদাহাস্য মাতার সুখী ও তৃপ্ত মুখচ্ছবিটিই যেন পাই। এই গানে কেউ যদি রবীন্দ্রনাথকে খুঁজতে যান, তাহলে ঝামেলায় পড়ে যাবেন, অন্তত আমি তা পাইনি। ইউটিউবে আপনারাও তা শুনে দেখুন না এখানে:http://www.youtube.com/watch?v=7v5yz42EysU২২ জানুয়ারি ২০১২, নিউইয়র্ক