অন্য দিগন্ত

সাদি ইউসুফের কবিতাসমগ্র
১৯৫২ থেকে ২০১৪ পর্যন্ত উল্লেখযোগ্য ৬২টি বছরের কাব্যরচনা গ্রন্থিত হয়েছে সাতটি খণ্ডে। এ নিয়েই সাজানো ইরাকি কবি সাদি ইউসুফের কবিতাসমগ্র। বের করেছে লেবাননের আল কামাল প্রকাশনী। এ সময়ের অন্যতম শ্রেষ্ঠ এ আরবি কবির ৮০তম জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে?
সূত্র: বানিপাল.কো.ইউকে

হেরজগের ছবিতে নিকোল কিডম্যান
আগিররে, দ্য র্যাথ অব গড, ফিটজ্কারালডো ইত্যাদি অসামান্য চলচ্চিত্রের পরিচালক ভের্নার হেরজগ (জ. ১৯৪২) নির্মিত পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যের মোট ১৮টি সিনেমার ডিভিডি বক্স মুক্তি পাবে সামনের সপ্তাহে। এর নাম ভের্নার হেরজগ কালেকশন। এছাড়া ব্রিটিশ মহিলা অভিযাত্রী, পুরাতত্ত্ববিদ, মানচিত্রবিদ গার্ট্রুড বেলের জীবনকাহিনি নিয়ে হেরজগ একটি নতুন সিনেমা তৈরি করছেন, এ-চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নিকোল কিডম্যান।
সূত্র: ইউরো নিউজ.কম

একই আকাশের নিচে
‘বাহো এল মিসমো সোল’ বা ‘আন্ডার দ্য সেইম সান’ (একই আকাশের নিচে) শিরোনামে নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরে চলছে সমকালীন লাতিন আমেরিকান চিত্রকলার প্রদর্শনী। রাফায়েল ফেররের, আলফ্রেদো হার, মার্তা মিনুহিন, হাবিয়ের তেইয়েস, কার্লোস মোত্তাসহ ৪০ জন শিল্পীর মোট ৫০টি চিত্রকর্ম রয়েছে এ প্রদর্শনীতে। এটি চলবে ১ অক্টোবর পর্যন্ত।
সূত্র: গুগেনহাইম.অর্গ
রফিক-উম-মুনীর চৌধুরী