অন্য দিগন্ত

ন্গুগি সম্মানিত
বাজিকরদের আগাম হিসাব অনুযায়ী এ বছর সাহিত্যে নোবেল পুরস্কারের দৌড়ে যাঁরা এগিয়ে আছেন, তাঁদের মধ্যে অন্যতম কেনিয়ার বিশ্বখ্যাত লেখক ন্গুগি ওয়া থিয়োংগো। সম্প্রতি এ লেখক ভূষিত হয়েছেন নিগ্রো কবি নিকোলাস গিইয়েনের নামে প্রদত্ত ‘নিকোলাস গিইয়েন ফিলসফিক্যাল অ্যাওয়ার্ড’-এ। সূত্র: ক্যারিবফিল.অর্গ
তাকাশি মিকের নতুন ছবি
জাপানি কাল্ট পরিচালক তাকাশি মিকের নতুন চলচ্চিত্র অ্যাজ দ্য গডস উইল-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে অক্টোবর মাসের শেষ সপ্তাহে, আসন্ন রোম চলচ্চিত্র উৎসবে। জনপ্রিয় ভৌতিক জাপানি মাঙ্গা কার্টুনকামিসামা নো লু তোরির গল্প অবলম্বনে তৈরি হয়েছে এ ছবি। সূত্র: ভ্যারাইটি.কম

সাদা খরগোশের প্রদর্শনী
ধরা যাক, উত্তর তাইওয়ানের তাওইউয়ান শহরের রাস্তা রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন আপনি। এই রাস্তায় এখন অবশ্যই আপনার চোখে পড়বে ২৫ দশমিক ৩ মিটার দৈর্ঘ্যের বিশাল এক সাদা খরগোশ। এটি একটি শিল্পকর্ম, কাঠ আর প্লাস্টিক দিয়ে তৈরি। নির্মাতা ওলন্দাজ শিল্পী ফ্লোরেন্তিন হফমান। তাইউয়ানের রাস্তায় বর্তমানে চলছে খরগোশটির উন্মুক্ত প্রদর্শনী। এর আগে এ রকম একটি হলদে হাঁস তৈরি করে এশিয়ার চিত্রাঙ্গনে হইচই ফেলে দিয়েছিলেন ফ্লোরেন্তিন। সেবার ওটা ঘুরেছিল ১১টি দেশের ১৯টি শহর। এক সপ্তাহ আগে শুরু হওয়া সাদা খরগোশের এই উন্মুক্ত প্রদর্শনী এ পর্যন্ত দেখেছে প্রায় ১০ লাখ মানুষ। সূত্র: সিএনএন.কম
রফিক-উম-মুনীর চৌধুরী