অন্য দিগন্ত

ইসমাইল কাদারের উপন্যাস
টোয়াইলাইট অব দ্য ইস্টার্ন গডস—১৯৩৬ সালে জন্ম নেওয়া আলবেনিয়ার বিখ্যাত লেখক ও কবি ইসমাইল কাদারের উপন্যাসের নাম। ১৯৫৮ সালে কাদারে ছিলেন মস্কোর গোর্কি ইনস্টিটিউটের ছাত্র। সেই অভিজ্ঞতার আলোকেই লেখা হয়েছে এই উপন্যাস। মূল আলবেনিয়ো ভাষায় উপন্যাসটি বেরিয়েছিল ১৯৭৮ সালে। ডেভিড বেল্লোসের অনুবাদে এই উপন্যাসটি সম্প্রতি প্রকাশিত হয়েছে বিলেতের ক্যাননগেট বুকস থেকে।
সূত্র: ন্যাশনাল.এই

মার্সেল দুশাঁর ছবির প্রদর্শনী
ফ্রান্সের রাজধানী প্যারিসের জর্জ পম্পিদু সেন্টারে চলছে কুড়ি শতকের বিখ্যাত শিল্পী মার্সেল দুশাঁর (১৮৮৭-১৯৬৮) চিত্রপ্রদর্শনী। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ১৯১০ থেকে ১৯২৩ সালের মধ্যে আঁকা ফভিজম আর কিউবিজমধর্মী ছবিগুলো। প্রদর্শনী চলবে ২০১৫ সালের জানুয়ারি অবধি।
সূত্র: সেন্টারপম্পিদু.এফআর

মারা গেল ‘সিম্পসন্স’-এর চরিত্র
জনপ্রিয় মার্কিন টিভি কার্টুন সিরিজ সিম্পসন্স-এর একটি চরিত্র মারা গেছে। গুজবে শোনা যাচ্ছিল যে সবার পছন্দের ‘ক্রাস্টি দ্য ক্লাউন’ মারা যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত ক্রাস্টি নয়, মারা গেল রাব্বাই হাইম্যান ক্রুসতোফস্কি। সিরিজটির ২৬ সিজনের প্রিমিয়ারে তার মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
সূত্র: ইনডিপেন্ডেন্ট.কো.ইউকে
রফিক-উম-মুনীর চৌধুরী