অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাং কেয়ি
শাং কেয়ি

তিয়েনআনমেন স্কয়ারের ঘটনা নিয়ে উপন্যাস
চীনা লেখক শাং কেয়ি হুনান প্রদেশের মানুষ। যখন তাঁর বয়স মাত্র ১৬ বছর, সে সময়ই ঘটে তিয়েনআনমেন স্কয়ারের ঘটনা—গণতন্ত্রের দাবিতে তিয়েনআনমেন স্কয়ারে জড়ো হলো ছাত্র-জনতা। পুলিশও চড়াও হলো তাদের ওপর। সময়টা ১৯৮৯। সেই সময় এ ঘটনা বাড়িতে অন্যদের সঙ্গে বসে টিভির পর্দায় দেখেছিলেন সেদিনের ছোট্ট মেয়ে শাং কেয়ি। সরকারি টিভির বরাতে শুনেছিলেন সরকারি ভাষ্যও। তবে বড় হয়ে বড় শহরে গিয়ে কেয়ি জানতে পারেন এই ঘটনার অন্য ভাষ্য—তিয়েনআনমেন স্কয়ারের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের জবানবন্দি। এসব প্রসঙ্গ নিয়েই শাং কেয়ির ষষ্ঠ উপন্যাস ডেথ ফুগুয়ে। রাজনৈতিক রূপকধর্মী এ বই ইংরেজিতে অনূদিত হয়ে সম্প্রতি বেরিয়েছে। সূত্র: ওয়ার্ডসউইদআউটর্ডারস.অর্গ

পল সেজান
পল সেজান

নিলামে পল সেজানের ছবি
১৮৮৩ থেকে ১৮৮৫—এই সময়ে বিশ্ববিখ্যাত ফরাসি ইমপ্রেশনিস্ট চিত্রকর পল সেজান দক্ষিণ ফ্রান্সের মারসেই বন্দরশহরের এক অ্যাপার্টমেন্টে বসে একটিই ছবি আঁকেন। ছবিটির নাম ‘ভ্যু সুর লেস্তাক এ ল্য শাতেয় দিফ’। পেছনে ভূমধ্যসাগর, সামনে একটি প্রাসাদ—এই হলো ছবির বিষয়। সম্প্রতি বিলেতের অকশন হাউস ক্রিস্টিতে নিলামে তোলা হয়েছে পল সেজানের এই ছবি। উল্লেখ্য, এ শিল্পীর চিত্রকর্ম ‘দ্য কার্ড প্লেয়ারস’ এযাবৎকালের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ছবি। সূত্র: ক্রিস্টিস.কম

লা দোলচে ভিতা চলচ্চিত্রে অনিতা একবার্গ
লা দোলচে ভিতা চলচ্চিত্রে অনিতা একবার্গ

প্রয়াত অনিতা একবার্গ
মনে করুন ইতালির প্রখ্যাত চলচ্চিত্রকার ফেদেরিকো ফেলিনির ১৯৬০ সালে বানানো লা দোলচে ভিতা চলচ্চিত্রের একটি মুহূর্ত: রোমের বিখ্যাত ত্রেভি ফোয়ারায় জলের আবহে অভিনেতা মার্চেল্লো মাস্ত্রোইয়ান্নির সঙ্গে এক লাস্যময়ী অভিনেত্রীর আবেগঘন দৃশ্য। দৃশ্যটি ভাবতেই এখনো শিহরণ জাগে। এই লাস্যময়ী অভিনেত্রী হলেন সুইডেনের অনিতা একবার্গ। ১১ জানুয়ারি রোমের কাছে একটি হাসপাতালে মারা গেছেন রুপালি পর্দার আবেদনময়ী এই ‘আইকন’। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সূত্র: কোর্রিয়ের দেল্লা সেরা