অন্য দিগন্ত

প্রয়াত আশিয়া জেবার
তাঁর ভালো নাম ফাতিমা জাহরা ইমালায়ান, তবে সবার কাছে পরিচিত ছিলেন আশিয়া জেবার নামে। আলজেরিয়ার বিশ্ববিখ্যাত লেখিকা ও চলচ্চিত্র পরিচালক আশিয়া জেবার সম্প্রতি মারা গেছেন, ৭৮ বছর বয়সে। মুসলিম সমাজে নারীর অবস্থানকে নিয়েই মূলত কাজ করেছেন তিনি। উইম্যান অব আলজিয়ার্স ইন দেয়ার অ্যাপার্টমেন্ট, সো ভাস্ট দ্য প্রিজন, আলজেরিয়ান হোয়াইট ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। আশিয়া ছিলেন ফরাসি একাডেমির সদস্য। ১৯৯৬ সালে তিনি ভূষিত হন নিউস্টাড আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারে।
সূত্র: ওয়ার্ল্ড লিটারেচার টুডে

ফঁতাইনব্লু প্রাসাদের সংগ্রহ চুরি
সপ্তম লুই থেকে শুরু করে তৃতীয় ন্যাপলিয়ঁ পর্যন্ত ফরাসি রাজারা থাকতেন ফঁতাইনব্লু প্রাসাদে। এই প্রাসাদে সম্রাজ্ঞী ইউজেনিয়া চীন থেকে আনা কিছু চিত্রকর্ম নিয়ে একটি ঘর সাজিয়েছিলেন ১৮৬৩ সালে। এর নাম ‘চীন জাদুঘর’। সম্প্রতি এই ঘর থেকে চুরি হয়েছে মূল্যবান ১৫টি সংগ্রহকর্ম। সূত্র: ল্য মঁদ

চলচ্চিত্র: যুক্তরাষ্ট্রকে চীনের টেক্কা
প্রথমবারের মতো মাসিক বক্স অফিসের রেকর্ডে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। গেল ফেব্রুয়ারি মাসে সর্বমোট ৬৫০ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে চীনের অভ্যন্তরীণ সিনেমা হলগুলো, যেখানে যুক্তরাষ্ট্রে ব্যবসা হয়েছে ৬৪০ মিলিয়ন ডলার। গবেষণা সংস্থা এন্টগ্রুপের বরাতে পাওয়া গেছে এ তথ্য। চীনের চলচ্চিত্র ছোউ ইয়ুন-ফ্যাট অভিনীত দ্য ম্যান ফ্রম মাকাউ (দ্বিতীয় পর্ব) আয় করেছে সবচেয়ে বেশি। সূত্র: দ্য হলিউডরিপোর্টার ডট কম