অন্য দিগন্ত

এলিয়টের অভিযান
একবিংশ শতাব্দীর শেষ ভাগ। অতিসুন্দরী অ্যান্ড্রয়েড আইরিসের প্রেমে পড়েছে এলিয়ট লাজার। সমাজের কেউই ভালো চোখে দেখছে না ব্যাপারটা। এরই পরিপ্রেক্ষিতে একসময় দুজনেই পালানোর সিদ্ধান্ত নিল তারা। কিন্তু এক রাতে এলিয়ট জানতে পারল, তার প্রেমিকাকে ছিনতাই করে কেটে ভাগ ভাগ করে কারা যেন বিক্রি করে দিয়েছে। শুরু হলো এলিয়টের অভিযান—প্রেমিকা অ্যান্ড্রয়েড আইরিসের বিভিন্ন ভাগ খুঁজে বের করে জোড়া লাগানোর অভিযান। এই হলো লাভ ইন দ্য এইজ অব মেকানিক্যাল রিপ্রোডাকশন নামে বিজ্ঞান কল্পকাহিনির গল্প। লেখক জুড ট্রিখটার। যুক্তরাষ্ট্রের এই লেখকের বইটি সম্প্রতি বের হয়েছে। সূত্র: ওয়ার্ল্ড লিটারেচার টুডে

ধ্বংসস্তূপে মুরাল
গত বছর ইসরায়েলের বর্বর আক্রমণের শিকার হয়ে গাজায় তাঁর নিজের বাড়ির সবকিছুই গুঁড়িয়ে গিয়েছিল। ছিল কেবল একটি ধাতব দরজা। কিন্তু ওই দরজায় যে ব্রিটিশ চিত্রশিল্পী ব্যাঙ্কসির আঁকা মুরাল ছিল, সেটি জানতেন না বাড়ির কর্তা রাবি দার্দুনা। স্ট্রিট আর্টিস্ট ব্যাঙ্কসি গত বছর লুকিয়ে গাজায় গিয়ে এঁকেছিলেন এ রকম চারটি ছবি। তাঁর একটির নাম ‘বম্ব ড্যামেজ’। গ্রিক দেবী নিওবের শোকগ্রস্ত মুখায়বয়ব অবলম্বনে আঁকা এই মুরালটি রাবি দার্দুনাকে ভুলিয়ে সম্প্রতি কিনে নিয়ে গেছেন স্থানীয় এক শিল্পী।
সূত্র: দ্য গার্ডিয়ান.কো.ইউকে