অন্য দিগন্ত

দান্তের ৭৫০তম জন্মবার্ষিকী
অস্কারজয়ী ইতালিয়ান চলচ্চিত্র লা ভিতা ই বেল্লাখ্যাত অভিনেতা রোবের্তো বেনিনি পড়ে শোনালেন ডিভাইন কমেডি থেকে, আর তাঁর পাঠ শুনে করতালি দিয়ে দাঁড়িয়ে পড়লেন সাংসদেরা। দেশটির রাষ্ট্রপতির উপস্থিতিতে ইতালির সংসদের উচ্চকক্ষে সম্প্রতি এভাবেই পালিত হলো মহাকবি দান্তের ৭৫০তম জন্মবার্ষিকী। এই পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে ওই দেশের জাতীয় বেতার ও টেলিভিশন সংস্থা রাই। এ উপলক্ষে দান্তেকে ‘আশার প্রভু’ আখ্যায়িত করে পোপ ফ্রান্সিসও বক্তব্য দিয়েছেন।
সূত্র: আন্সা.ইত

বিক্রি হলো ‘কালারিং বুক’
সদ্য সমাপ্ত কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত রথী-মহারথীদের সামনে এক চ্যারিটিতে বিক্রি হলো মার্কিন শিল্পী জেফ কুনসের বিশাল এক ভাস্কর্য, নাম ‘কালারিং বুক’। এটি বিক্রি হয়েছে ১২ মিলিয়ন ইউরোতে। আর এর মাধ্যমে আয়োজকেরা পেয়েছেন ৩৩ মিলিয়ন ডলার, যা দেওয়া হবে এইডসের চিকিৎসা তহবিলে।
সূত্র: রয়টার্স

অসুস্থ ওমর শরিফ
লরেন্স অব আরাবিয়া, ডক্টর জিভাগো—এই দুটি ধ্রুপদি ছবিতে অভিনয় করে দুনিয়া মাত করেছিলেন ওমর শরিফ। মিসরীয় এই অভিনেতা এখন দুরারোগ্য আলজেইমার রোগে ভুগছেন বলে জানা গেছে। কয়েক দিন আগে অ্যাসোসিয়েটেড প্রেসকে তথ্যটি জানিয়েছেন ৮৩ বছর বয়সী অভিনেতা ওমর শরিফের এজেন্ট। এর আগে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তাঁর ছেলের মুখেও শোনা গিয়েছিল একই কথা। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করা ওমর শরিফ রক দ্য কসবা নামে চলচ্চিত্রে শেষবার অভিনয় করেছিলেন ২০১৩ সালে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস