অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোঈ ফাউন্ডেশন পুরস্কার পেলেন ওস্কার আন

ওস্কার আন
ওস্কার আন

এ বছর লোঈ ফাউন্ডেশন পুরস্কারে ভূষিত হলেন ১৯৩৮ সালে জন্ম নেওয়া চিলির কবি ওস্কার আন। আর এর মাধ্যমে ২৭ বছরে পা দিল এ পুরস্কার। নিজের কবিতার বই লোস এস্পেহোস কোমুনিকান্তেস বা সংযোগকারী আয়না-এর জন্য ওস্কার আন পেয়েছেন এ পুরস্কার। তিনি একাধারে কবি, সাহিত্য সমালোচক ও প্রাবন্ধিক। এর আগে চিলির জাতীয় সাহিত্য পুরস্কার ও পাবলো নেরুদা লাতিন আমেরিকান কবিতা পুরস্কারও পেয়েছেন আন।
সূত্র: ব্লগফুন্দাসিয়োনলোঈ.এস

রেকর্ড দামে বেকনের দুই আত্মপ্রতিকৃতি

ফ্রান্সিস বেকনের আত্মপ্রতিকৃতি
ফ্রান্সিস বেকনের আত্মপ্রতিকৃতি

সম্প্রতি ভুবনখ্যাত আইরিশ চিত্রকর ফ্রান্সিস বেকনের দুটি আত্মপ্রতিকৃতি বিক্রি হয়েছে লন্ডনের সথেবিতে, যার প্রতিটির জন্য দাম উঠেছে রেকর্ড পরিমাণ—১৫ মিলিয়ন পাউন্ড। এই আত্মপ্রতিকৃতি দুটি বেকন এঁকেছিলেন ১৯৭৫ ও ১৯৮০ সালে। নাম যথাক্রমে ‘সেলফ পোর্ট্রেট’ ও ‘থ্রি স্টাডিজ ফর সেলফ পোর্ট্রেট।’
সুত্র: টেলিগ্রাফ. কো. ইউকে

মানো খলিলের তথ্যচিত্র

মানো খলিল
মানো খলিল

ইব্রাহিম গেজের একজন কুর্দি। তিনি মধুরাজ। গত শতকের নয়ের দশকের মাঝামাঝি সময়ে টনে টনে মধু উৎপাদন করে সুখে-শান্তিতে জীবনযাপন করছিলেন সচ্ছলভাবে। এরপর এল ভয়াবহকাল। তাঁদের আক্রমণ করল তুর্কি সৈন্যরা। মারা গেলেন ইব্রাহিমের স্ত্রী ও সন্তান। ইব্রাহিম হলেন ফেরার। সাত বছর তুরস্কে কাটিয়ে ৬৪ বছর বয়সে তিনি এলেন সুইজারল্যান্ডে। জার্মান জানেন না তিনি। কিন্তু প্রকৃতির প্রতি প্রেম থেকে আবার শুরু করলেন মৌমাছি পালন। এই মানুষটিকে নিয়ে তথ্যচিত্রটি তৈরি করেছেন মানো খলিল। নাম দ্য বি কিপার। মানো খলিলের এ তথ্যচিত্রটি সম্প্রতি অস্ট্রেলিয়ার হিউম্যান রাইটস আর্টস অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।
সূত্র: দ্যগার্ডিয়ান.কম