অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্গুগি ওয়া থিয়োঙ্গো
ন্গুগি ওয়া থিয়োঙ্গো

‘উইপ নট, চাইল্ড’-এর ৫০ বছর
ভুবনখ্যাত লেখক ন্গুগি ওয়া থিয়োঙ্গোকে বলা হয় পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার উপন্যাসের জনক। উইপ নট, চাইল্ড; দ্য রিভার বিটউইন; এ গ্রেইন অব হুইট; উইজার্ড অব দ্য ক্রো ইত্যাদি তাঁর মহৎ উপন্যাসগুলোর অন্যতম। সম্ভাব্য নোবেল বিজয়ী হিসেবে তঁর নাম ঘুরেফিরে শোনা গেছে গত কয়েক বছরে। ইংরেজ ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রতীকী বিদ্রোহ হিসেবে তিনি লেখালেখির একপর্যায়ে এসে ইংরেজ কায়দার ‘জেমস ন্গুগি’ নামটি বাদ দিয়ে আফ্রিকীয় ‘ন্গুগি ওয়া থিয়োঙ্গো’ নামে লিখতে থাকেন নিজ গোত্রীয় গিকুয়ু ভাষায়। সম্প্রতি লেখকের স্বদেশ কেনিয়ায় উদ্যাপিত হলো তাঁর প্রথম উপন্যাস উইপ নট, চাইল্ড–এর প্রকাশনার ৫০ বছর। এই উপন্যাসটি আধুনিক আফ্রিকান কথাসাহিত্যের একটি ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত। সূত্র: ন্যাশন. কো. কে

মৎস্যকন্যা
মৎস্যকন্যা

ভাস্কর নিজেই ভেঙে ফেললেন ভাস্কর্য
গ্রিসের কাভুরোত্রিপেস সৈকতের শিলাপাথরে খোদাই করে ‘মৎস্যকন্যা’ শিরোনামে ৬ দশমিক ৬ মিটার লম্বা একটি ভাস্কর্য নির্মাণ করেছিলেন ভাস্কর্যশিল্পী ডাইয়োনিসিস কারিপিদিস। ১৯৯৭ সালে তৈরি করা ভাস্কর্যকর্মটি প্রাকৃতিক কাঠামো নষ্ট করেছে—এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয় সিতোনিয়া পৌর করপোরেশন ভাস্কর ডাইয়োনিসিস কারিপিদিসের বিরুদ্ধে মামলা করে এবং ৫৩৩ ইউরো জরিমানা করে। তাঁকে বলা হয় ‘জরিমানা দিন, না হয় আমরা ভাস্কর্যটি ভেঙে ফেলব।’ এই পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় লোকজন আর ভ্রমণার্থীদের চোখের সামনে ডাইয়োনিসিস কারিপিদিস নিজেই তাঁর হাতে গড়া ভাস্কর্যটি ভেঙে ফেলেছেন। সূত্র: এএফপি

বের্নার্ড তাভের্নিয়ে
বের্নার্ড তাভের্নিয়ে

সম্মানিত বের্নার্ড তাভের্নিয়ে
গত ২ সেপ্টেম্বর শুরু হওয়া ৭২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন বিখ্যাত ফরাসি চলচ্চিত্রকার বের্নার্ড তাভের্নিয়ে। তিনি নামজাদা চলচ্চিত্র সমালোচকও বটে। সারা জীবনের কাজের স্বীকৃতিস্বরূপ ‘গোল্ডেন লায়ন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেতে যাওয়া এই চলচ্চিত্রকারের ঝুলিতে আছে বেশ কিছু পুরস্কারপ্রাপ্ত ছবি, যার মধ্যে রয়েছে রাউন্ড মিডনাইট, এল.৬২৭, দ্য ক্লকমেকার ইত্যাদি।
সূত্র: লাবিয়েনাল.অর্গ