অন্য দিগন্ত

চলে গেলেন হেনিং মানকেল
ইন্সপেক্টর ওয়ালান্দার চরিত্রের স্রষ্টা, দুর্দান্ত সব গোয়েন্দা উপন্যাস লিখে দুনিয়াজোড়া খ্যাতি পাওয়া লেখক হেনিং মানকেল। ৫ অক্টোবর এই গুণী লেখক মৃত্যুবরণ করেছেন। কয়েক বছর ধরে তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। প্রায় ৪০টির মতো বই আছে তাঁর ঝুলিতে, যেগুলোর প্রায় সব কটি প্রধান ভাষায় অনূদিত হয়েছে। প্রায় চার কোটি কপি বিক্রি হয়েছে বিশ্বজুড়ে। ইউরোপে দারুণ জনপ্রিয় এই লেখকের আগ্রহের বিষয় ছিল আফ্রিকা আর এর উন্নয়ন। গোয়েন্দা কাহিনির পাশাপাশি তাঁর লেখনীতে উঠে এসেছে সমকালীন ইউরোপের সমাজব্যবস্থার সমালোচনা। তিনি ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের একজন সমর্থক ছিলেন।
সূত্র: লোকাল.এসই

চিকু-আর্তিস্তা ব্রাসিলেইরু
চিকু-আর্তিস্তা ব্রাসিলেইরু। এই শিরোনামে একটি তথ্যচিত্র তৈরি হয়েছে ব্রাজিলের খ্যাতিমান সংগীতকার ও লেখক চিকু বুয়ার্কের জীবনকাহিনি নিয়ে। এর নির্মাতা চিকুরই বন্ধু মিগেউ ফারিয়া জুনিয়র। তথ্যচিত্রটিতে উঠে এসেছে ব্যক্তি ও শিল্পী চিকু বুয়ার্কের নানা প্রসঙ্গ।
সূত্র: ওগ্লোবো.কম

পিকাসো–ম্যানিয়া
পাবলো পিকাসো। শিল্পকলার দুনিয়ার সবচেয়ে দ্যুতিমান দিকপালদের একজন। তাঁকে আর তাঁর সৃষ্টিকে ঘিরে কত গল্প, কত লোকগাথা। সমকালের চিত্রকলায় তাঁর প্রভাব অনস্বীকার্য। সময়ের তালে তালে তাঁর শিল্পকলার ক্রমবিকাশ, নানা বাঁক—এসবকে প্রাধান্য দিয়ে প্যারির গ্রাঁ প্যালেতে চলছে একটি প্রদর্শনী। উদ্দেশ্য, আদ্যোপান্ত পিকাসোকে দেখা আর বোঝা। বিভিন্ন জাদুঘর আর চিত্রশালা থেকে ধারে আনা হয়েছে তাঁর গুরুত্বপূর্ণ চিত্রকর্মগুলো।
সূত্র: গ্রাঁপ্যালে.এফআর