অন্য দিগন্ত

ডিএসসি পুরস্কারের দীর্ঘ তালিকা
১৮ অক্টোবর প্রকাশিত হয়েছে ডিএসসি পুরস্কারের জন্য মনোনীত দক্ষিণ এশীয় সাহিত্যিকদের দীর্ঘ তালিকা। এ বছর জমা পড়া ৭৫টি সাহিত্যকর্মের মধ্য থেকে জুরিবোর্ড বাছাই প্রক্রিয়ার পর ১১ জনের দীর্ঘ তালিকা প্রকাশ করেছে। নয়াদিল্লির অক্সফোর্ড বুকস্টোরে জুরিবোর্ডের সভাপতি, স্বনামধন্য সাংবাদিক ও সাহিত্যিক মার্ক টালি নামগুলো ঘোষণা করেন। ভারতের অমিত চৌধুরী, অনুরাধা রায়, মির্জা ওয়াহিদসহ অনেকেই আছেন তালিকায়। দক্ষিণ এশিয়ার যেকোনো সাহিত্যিক ৫০ হাজার ইউএস ডলার মূল্যের এই পুরস্কারের জন্য আবেদন করতে পারেন। পরবর্তী ঘোষণার জন্য আগামী ২৬ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ড্যামিয়েন হার্স্টের চিত্রশালা
বিলেতের নামজাদা শিল্পী ড্যামিয়েন হার্স্ট তাঁর নিজস্ব চিত্রকলার সংগ্রহ নিয়ে গড়ে তুলেছেন একটি ব্যক্তিমালিকানাধীন চিত্রশালা—নাম ‘নিউপোর্ট স্ট্রিট গ্যালারি’। দক্ষিণ লন্ডনের ভক্সহলে এটির অবস্থান। সদ্য যাত্রা শুরু করা এ গ্যালারিতে বর্তমানে চলছে শিল্পী জন হইল্যান্ডের চিত্রপ্রদর্শনী।
সূত্র: নিউপোর্টস্ট্রিটগ্যালারি.কম