অন্য দিগন্ত
সের্বান্তেস পুরস্কার ২০১৫

১৯৩৫ সালে জন্ম নেওয়া মেহিকোর লেখক ফের্নান্দো দেল পাসো সম্প্রতি হিস্পানি দুনিয়ার সবচেয়ে মর্যাদাকর ‘সের্বান্তেস সাহিত্য পুরস্কার’-এ ভূষিত হয়েছেন। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধনে রচিত তাঁর সাহিত্যকর্মের মধ্যে রয়েছে প্রবন্ধ ও উপন্যাস। এ লেখকের সবচেয়ে বিখ্যাত উপন্যাস নোতিসিয়াস দেল ইম্পেরিয়ো বা সাম্রাজ্যের খবর। এক লাখ ২৫ হাজার ইউরো মূল্যমানের সের্বান্তেস পুরস্কারটি এর আগে পেয়েছেন আরও পাঁচ মেহিকান সাহিত্যিক। এঁরা হলেন: অক্তাভিও পাজ, কার্লোস ফুয়েন্তেস, সের্হিয়ো পিতোল, হোসে এমিলিয়ো পাচেকো ও এলেনা পোনিয়াতোবস্কা।
সূত্র: জোর্নাদাডটউনামডটএমএক্স

পশ্চিমা চিত্রকলার প্রদর্শনী
১৬ লাখ লোকের বাস ইরানের রাজধানী তেহরানে। এখানে আবার আছে শিল্পকলার গুপ্তধন—‘তেহরান মিউজিয়াম অব কন্টেম্পোরারি আর্ট’। এ চিত্রশালায় বর্তমানে চলছে গুরুত্বপূর্ণ একটি প্রদর্শনী। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে এক্সপ্রেশনিস্ট শিল্পী কান্ডিনস্কি, পোলোক, রথকো প্রভৃতি শিল্পীর কাজ। ১৯৭৯ সালের ইরান বিপ্লবের পর পশ্চিমা চিত্রকলার এ রকম প্রদর্শনী আর কখনো হয়নি এ দেশে। এ ছাড়া চিত্রশালাটির বাগিচায় স্থায়ীভাবে রয়েছে ম্যাক্স আর্নস্ট, গিয়াকোমেত্তি, মাগ্রিত আর হেনরি মুর-এর কাজ।
সূত্র: ভ্যানিটিফেয়ারডটকম

কাতালান বংশনাম
ওচো আপেইয়িদোস কাতালানেস (আটটি কাতালান বংশনাম) একটি সিনেমার নাম। সদ্য মুক্তি পাওয়া স্প্যানিশ এ ছবিটি গত বছরের সাড়া জাগানো চলচ্চিত্র ওচো আপেইয়িদোস বাস্কোস-এর (আটটি বাস্ক বংশনাম) সিক্যুয়েল। মুক্তির প্রথম দুই দিনেই ছবিটির দর্শকসংখ্যা ছিল ৬ লাখ ৮০ হাজার, যা ছাড়িয়ে গেছে ওচো আপেইয়িদোস বাস্কোস-এর রেকর্ড।
সূত্র: এলপাইসডটএস