অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারলন জেমস
মারলন জেমস

‘নারীকে ছাঁচে ফেলছেন প্রকাশকেরা’
ম্যান বুকারজয়ী লেখক মারলন জেমস খানিকটা ক্ষোভ নিয়েই বলেছেন, গল্পের নারী চরিত্রটিকে (বিশেষ করে ‘সাদা নারী’) বারবার একই রকম ছাঁচে ফেলতে প্রকাশকেরাই লেখকদের ওপর এক ধরনের চাপ প্রয়োগ করেন। কারণ ব্যাখ্যা করতে গিয়ে আ ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিংস-এর লেখক জানান, যুক্তরাজ্যে পাঠকদের অধিকাংশই নারী। ৫০ শতাংশ নারী যেখানে নিজেদের বইপড়ুয়া বলে দাবি করেন, সেখানে পুরুষ পাঠকের হার শতকরা ২৬ ভাগ। জেমসের মতে, বইয়ের বাজারে নারী পাঠকদের আধিপত্য আছে বলেই ‘বৃদ্ধা মা কিংবা বয়স্ক স্ত্রী একা বসে তাঁর দুর্বিষহ জীবন নিয়ে ভাবছেন...’ এমন গল্পই ঘুরেফিরে আসে বারবার। কারণ পুরুষ প্রকাশকেরা মনে করেন, নারীরা এ ধরনের গল্পই পড়তে চান। তিনি বলেন, ‘এসব ক্লান্তিকর গল্প লিখতে রাজি হলে বাজারে আমার লেখা বইয়ের সংখ্যা এখনকার তুলনায় দশ গুণ হতো।’ সূত্র: দ্য গার্ডিয়ান

‘সেন্ট লুক ড্রয়িং দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড’
‘সেন্ট লুক ড্রয়িং দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড’

ডিয়েরেক বাউটসের ছবি রপ্তানিতে বাধা
১৫ শতকের চিত্রশিল্পী ডিয়েরেক বাউটস। তাঁর আঁকা ছবি ‘সেন্ট লুক ড্রয়িং দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড’ এতকাল পর্যন্ত আগলে রেখেছিলেন যুক্তরাজ্যের এক সংগ্রাহক। সম্প্রতি তিনি ছবিটি বিক্রি করতে চাইলে বাউটসের এই দুর্লভ চিত্রকর্মের দাম উঠেছে ৩ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৩৯ কোটি। বিপত্তি হলো, ক্রেতা যুক্তরাজ্যের বাসিন্দা নন। মহামূল্যবান চিত্রকর্মটি যুক্তরাজ্যের হাতছাড়া হয়ে যাক, সেটা সে দেশের সরকার চাইছে না। তাই এই ছবি রপ্তানিতে বাধা আরোপ করা হয়েছে। দেশটির সংস্কৃতিমন্ত্রী এড ভাইজে বলেছেন, ‘এই অমূল্য চিত্রকর্মটি যুক্তরাজ্যে উত্তর ইউরোপীয় কোনো শিল্পীর আঁকা ছবির একমাত্র নিদর্শন। আমরা খুব আশা নিয়ে বসে আছি, নিশ্চয়ই দেশের কোনো গ্যালারি কিংবা সংগ্রাহক ছবিটি কিনে নিয়ে এটা যুক্তরাজ্যেই রাখবেন।’
১৫ শতকে যে শিল্পীরা তৈল রঙে ছবি আঁকার পথ দেখিয়েছিলেন, বাউটস তাঁদের মধ্যে অন্যতম। তাঁর চিত্রকর্ম এ সময়ের অনেক শিল্পীকেও অনুপ্রাণিত করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

নার্গিস আবেয়ারের ট্র্যাক ১৪৩
নার্গিস আবেয়ারের ট্র্যাক ১৪৩

মস্কোতে ইরানি ছবির উৎসব
মস্কোতে হয়ে গেল ইরানি ছবির উৎসব। এ মাসে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই উৎসবের উদ্দেশ্য ছিল চলচ্চিত্র ও পরিবারের মধ্যে যোগাযোগ তুলে ধরা। নার্গিস আবেয়ারের ট্র্যাক ১৪৩, পানাহবারখোদা রেজাইয়ের আ ক্র্যাডেল ফর মাদার ও মাজিয়ার মিরির পেইন্টিং পুল উৎসবে প্রদর্শিত হয়েছে। প্রদর্শনের জন্য ছবিগুলো রাশিয়ান ভাষায় ডাবিং করা হয়েছিল।
সূত্র: মেহেরনিউজ
মো. সাইফুল্লাহ