অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলেকজান্ডার ফন হামবল্টকে নিয়ে বই

আলেকজান্ডার ফন হামবল
আলেকজান্ডার ফন হামবল

জার্মানির প্রুশিয়ার বিজ্ঞানী, অভিযাত্রী ও প্রকৃতিবিদ আলেকজান্ডার ফন হামবল্ট (১৭৬৯-১৮৫৯) ১৭৯৯ থেকে ১৮০৪ সাল পর্যন্ত ব্যাপকভাবে লাতিন আমেরিকা সফর করেন। তাঁর সফরনামা অনেক খণ্ডে প্রকাশিত হয়েছিল প্রায় ২১ বছর ধরে। বিজ্ঞানের শিক্ষা ও সংস্কৃতির বিচিত্র শাখার মধ্যে ঐক্য স্থাপনের প্রয়াস নিয়েছিলেন এই ভূপ্রকৃতিবিদ। ‘কসমস’ নামে তাঁর এক নিবন্ধের মূল প্রতিপাদ্য ছিল পৃথিবী একটি একক আন্তসম্পর্কিত সংগঠন, যা আমাদের সম্মিলিত কুকর্মের ফলে ধ্বংস হয়ে যেতে পারে। সম্প্রতি আলেকজান্ডার ফন হামবল্টের জীবন ও অভিযাত্রা নিয়ে আন্দ্রেয়া উলফ্ লিখেছেন এক চমৎকার গবেষণাধর্মী বই—দ্য ইনভেনশন অব নেচার: আলেকজান্ডার ফন হামবল্ট’স নিউ ওয়ার্ল্ড। এই বইয়ের প্রকাশক নফ্।
সূত্র: নিউইয়র্কটাইমসডটকম

বার্লিনের ইসলামি চিত্রকলা জাদুঘরে শরণার্থী গাইড

ইসলামি চিত্রকলা জাদুঘরের শরণার্থী গাইডেরা
ইসলামি চিত্রকলা জাদুঘরের শরণার্থী গাইডেরা

বার্লিনের ইসলামি চিত্রকলা জাদুঘরের আরেকটি নাম পেরগামন। ইউরোপ আর মধ্যপ্রাচ্যের মধ্যে বিশেষত বিজ্ঞান ও দর্শনের আঙিনায় এককালে অনেক ভাবের আদান-প্রদান হয়েছে। কয়েক শতাব্দী ধরে ইসলাম, খ্রিষ্টান আর ইহুদি ধর্মের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের সূত্রে পাওয়া বেশ কিছু চিত্রকর্ম নিয়েই বার্লিনের এই পেরগামন জাদুঘরের সংগ্রহ। মজার বিষয় হলো, ওই জাদুঘরে গাইড হিসেবে কাজ করছে সিরিয়া আর ইরাকের কয়েকজন শরণার্থী। তাদের কাজ হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও দুঃসহ জীবন থেকে পালিয়ে জার্মানিতে আশ্রয় নেওয়া শরণার্থী দর্শকদের জাদুঘরটি ঘুরিয়ে দেখানো; আর এই কাজ তারা করে আরবি ভাষায়। জাদুঘর কর্তৃপক্ষের এ উদ্যোগের নাম ‘মুলতাকা’, আরবিতে যার অর্থ ‘মিলন স্থান।’
সূত্র: এনবিসিডটকম

ইরানের ভুতুড়ে শহর এবং...

আনা লিলি আমিরপুর
আনা লিলি আমিরপুর

আ গার্ল ওয়াকস্ হোম অ্যালোন ইরানি-আমেরিকান লেখক ও পরিচালক আনা লিলি আমিরপুরের প্রথম চলচ্চিত্র। প্রথম চেষ্টাতেই বাজিমাত। স্পাগেট্টি ওয়েস্টার্ন সিনেমার কিংবদন্তি সের্জিয়ো লেয়োনে আর ডেভিড লিঞ্চ দ্বারা অনুপ্রাণিত চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ‘ব্যাড সিটি’ নামের ইরানের এক ভুতুড়ে শহরের প্রেক্ষাপটে। ফারসি ভাষার এ ছবি ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে। সমালোচকেরাও সদ্য বিদায়ী বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় স্থান দিয়েছেন সিনেমাটিকে।
সূত্র: ফিল্মমেকারম্যাগাজিনডটকম
রফিক-উম-মুনীর চৌধুরী