অন্য দিগন্ত
বেশি বিক্রি হওয়া বইয়ের তালিকায় হার্পার লির উপন্যাস

নিয়েলসেন ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হার্পার লির নতুন উপন্যাস গো সেট আ ওয়াচম্যান। এটি বিক্রি হয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন কপি। গত বছরের ১৪ জুলাই বইটি প্রকাশ করে হার্পার কলিন্স। এটি হার্পার লির দ্বিতীয় উপন্যাস, যা তাঁর প্রথম বই প্রকাশের ৫৫ বছর পর প্রকাশিত হয়েছে। তাঁর প্রথম বই টু কিল আ মকিং বার্ড একটি ধ্রুপদি গ্রন্থ। প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে। বর্তমানে এই বিখ্যাত লেখক মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণের আলাবামা রাজ্যের একটি ছোট শহরে নিভৃত জীবন যাপন করছেন। সূত্র: এনওয়াইর্টাইমসডটকম
শরণার্থীদের নিয়ে আই ওয়েইওয়েই

চীনা চিত্রশিল্পী আই ওেয়ইওেয়ই বলেছেন, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে দুর্বিষহ অভিজ্ঞতার মুখে পড়া শরণার্থীদের সম্মানে গ্রিসের লেসবো দ্বীপে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করবেন তিনি। লেসবো হলো ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের পথ। আর এরই মধ্যে ওই লেসবো দ্বীপে নিজের একটি স্টুডিও তৈরি করেছেন আই ওয়েইওয়েই । বিষয়টি সম্পর্কে এই শিল্পীর ভাষ্য, ‘যেকোনো বিচারেই একটি ঐতিহাসিক সময় পার করছি আমরা। একজন শিল্পী হিসেবে এই মানবিক সংকটকালে আমি এমন কিছু একটা সৃষ্টি করতে চাই, যা মানুষের চেতনাকে জাগিয়ে তুলবে।’
সূত্র: হাফ্লিংটনপোস্টডটকম
হোউ সিয়াও-শিয়েনের নতুন চলচ্চিত্র

হোউ সিয়াও-শিয়েন ভিন্নধর্মী চলচ্চিত্রকার। প্লটই সবকিছু নয়; নিসর্গ, চরিত্র আর খুঁটিনাটি বিভিন্ন বিষয় দিয়েও দর্শককে আকর্ষণ করা যায়—চলচ্চিত্র সম্পর্কে এমনটাই মনে করেন ৬৯ বছর বয়সী তাইওয়ানের এই চলচ্চিত্রকার। নবম শতকের চৈনিক থাং রাজবংশের একটি কাহিনির ভিত্তিতে সম্প্রতি তিনি তৈরি করেছেন একটি সিনেমা। যার নাম দ্য অ্যাসাসিন। সূত্র: গার্ডিয়ানডটকম