অন্য দিগন্ত

ফিলিস্তিনি সাহিত্য উৎসব
শেষ হলো ফিলিস্তিনি সাহিত্য উৎসব ২০১৬। গত মাসের ২১ থেকে ২৬ তারিখ পর্যন্ত ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় এবং জেরুজালেমে বসেছিল সাহিত্যের এই আসর। মিসরি-ব্রিটিশ লেখিকা আহ্দাফ সাইফের উদ্যোগে আয়োজিত বার্ষিক এই উৎসবের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয় ঐতিহাসিক রামাল্লাহ্ শহরের অটোমান কোর্টে। ফিলিস্তিনি কবি আসমা আজাইজাহ্ কবিতা পাঠ করতে গিয়ে বলেন, ‘আজ গাজায় পানির চেয়েও রক্ত বেশি।’ ভ্যানিশ্ড উপন্যাসের রচয়িতা লন্ডনপ্রবাসী ফিলিস্তিনি লেখক আহ্মেদ মাসুদকে অনুষ্ঠানে ঢুকতে দেয়নি ইসরায়েলি সেনারা। তাঁর একমাত্র অপরাধ, তাঁর বাড়ি গাজা। এই উৎসবে যোগ দিয়েছেন জে এম কুট্জি, লায়লা লালামি, রাজা শাহাদাহ্ প্রমুখ।
সূত্র: প্যালফেস্টডটঅর্গ

ড্যামিয়েন হার্স্টের চিত্রশালায় জেফ কুন্সে্র প্রদর্শনী
লন্ডনের নিউপোর্ট স্ট্রিট গ্যালারির মালিক সমকালীন অন্যতম শ্রেষ্ঠ আলোচিত শিল্পী ড্যামিয়েন হার্স্ট। এই চিত্রশালায় ১৮ মে থেকে শুরু হয়েছে ‘নাও’ (এখন) শীর্ষক প্রদর্শনী, যার বিষয়বস্তু আরেক নামজাদা শিল্পী জেফ কুন্স্। ড্যামিয়েন হার্স্টের ব্যক্তিগত সংগ্রহে থাকা জেফ কুন্সে্র চিত্রগুলো নিয়ে সাজানো হয়েছে এই একক প্রদর্শনী। এটি চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।
সূত্র: ড্যামিয়েন হার্স্টডটকম

ত্রিশ বছর পর নতুন রূপে আকিরা কুরোসাওয়ার ‘র্যা ন’
উইলিয়াম শেকস্পিয়ারের কিং লিয়ার অবলম্বনে ষোড়শ শতকের জাপানের গৃহযুদ্ধের পটভূমিকায় আকিরা কুরোসাওয়া নির্মাণ করেছিলেন মহাকাব্যিক চলচ্চিত্র র্যা ন। সম্প্রতি ফোর কে প্রযুক্তিযোগে ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিকে নতুন করে ফিরিয়ে আনা হয়েছে। নতুন রূপে এ সিনেমাটি এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শনের জন্য একদম তৈরি।
সূত্র: দ্য গার্ডিয়ানডটকম