অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুয়ান গ্রেগোরিয়ো রেহিনো
হুয়ান গ্রেগোরিয়ো রেহিনো

হুয়ান গ্রেগোরিয়ো রেহিনো সম্মানিত
মেহিকো বহু সংস্কৃতি আর বহু ভাষার দেশ। এ দেশের সরকারি ভাষা এস্পানিয়োল হলেও প্রাক-কলম্বাস সময়কালের আদিবাসীদের বহু ভাষা-সংস্কৃতির খানিকটা আজও টিকে আছে নিবু নিবু করে, যেমন নাহুয়াতল্, মাইয়া, সোকে, সাপোতেক্, মাসাতেক্, সোত্সিল প্রভৃতি। আধুনিক লাতিন আমেরিকার কবিতার প্রসঙ্গ উঠলে যেখানে শুধু শ্বেতাঙ্গ ঔপনিবেশিকদের রেখে যাওয়া এস্পানিয়োল ও পতুর্গিজ ভাষার কবিদের কথা বলা হয়, সেখানে আদি নৃগোষ্ঠীর ভাষার কবিদের আলোচনা প্রায় থাকে না বললেই চলে। এ রকমই একজন কবি হুয়ান গ্রেগোরিয়ো রেহিনো। ১৯৬২ সালে জন্ম নেওয়া মাসাতেক্-ভাষী এই কবি সম্মানিত হলেন সম্প্রতি। মেহিকোর ভাষা অ্যাকাডেমি বা ‘আকাদেমিয়া মেহিকানা দে লা লেঙ্গুয়া’-এর সদস্য করা হয়েছে তাঁকে।
সূত্র: লাহোর্নাদাডটউনামডটএমএক্স

এল আব্রাসো দে লা সের্পিয়েন্তে ছবির দৃশ্য
এল আব্রাসো দে লা সের্পিয়েন্তে ছবির দৃশ্য

বেঁচে থাকার লড়াইয়ের ছবি
এক কথায় গেলবারের অস্কার মনোনয়ন তালিকায় জায়গা করে নেওয়া এবং কানে পুরস্কৃত ও আলোচিত সিরো গের্রা পরিচালিত চলচ্চিত্র এল আব্রাসো দে লা সের্পিয়েন্তে (এম্ব্রেস অব দ্য সারপেন্ট) কলম্বিয়ার আদিবাসী মানুষদের বেঁচে থাকার লড়াইয়ের কাহিনি। আমাজোন মহাবনের প্রায় লুপ্ত হয়ে যাওয়া এক নৃগোষ্ঠীর ওপর অন্যায়-অত্যাচারগুলো ফুটে উঠেছে এখানে। শ্বেতাঙ্গ-শাসিত ঔপনিবেশিককালে যাদের মেরে ফেলা হয়, অবিচার ও দাসত্বের শৃঙ্খলে জর্জরিত করা হয় যাদের জীবন, তাদের কথাই বলেছে ছবিটি। উনবিংশ শতকে আমাজোন মহাবনের এক নৃগোষ্ঠীর এক শামান বা গুনিনের জীবনকে কেন্দ্র করে আবর্তিত এই চলচ্চিত্রে শামানের চরিত্রে অভিনয় করেছেন আন্তেনিয়ো বোলিবার সালবাদোর। অভিনয়ের পাশাপাশি এ সিনেমার কাহিনিচিত্র লিখতে তিনি যেমন সাহায্য করেছেন, তেমনি বিভিন্ন ভাষায় এটিকে অনুবাদও করেছেন। নিজে তিনি কলম্বিয়ো আমাজোনের লুপ্তপ্রায় ওকাইনা গোষ্ঠীর মানুষ। তাঁর মতে ‘সভ্য-ভব্য সংস্কৃতি আমাদের প্রাগৈতিহাসিক সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে।’
সূত্র: দ্যগার্ডিয়ানডটকম