অন্য দিগন্ত

শয়তানের ডেরা
খুন, পুলিশ, রাজনীতি, শাসক ও অভিজাত শ্রেণির দুর্নীতি—এসবের সমাহারে সমসাময়িক মালয়েশিয়ার আত্মা ছুঁয়েছেন লেখক ব্রায়ান গোমেজ তাঁর ডেভিলস্ প্লেস শিরোনামের উপন্যাসে। আধুনিক মেগাপলিস কুয়ালালামপুরের প্রেক্ষাপটে সাজানো আকর্ষণীয় এ উপন্যাসটি প্রকাশ করেছে ফিক্সি নামে কাতারভিত্তক একটি প্রকাশনা প্রতিষ্ঠান। জাপান অধিকৃত মালয়ের পটভূমিকায় রচিত এই আখ্যানে নেই পুরোনো-প্রচল পারিবারিক কাহিনি। এর বদলে এখানে আছে এই সময়ের মালয়েশিয়ার সংকট। বস্তুত এই উপন্যাসের ভেতর দিয়ে ক্রমবর্ধমান ধর্মতন্ত্র আর ক্ষীয়মান গণতন্ত্রের দোলায় দোদুল্যমান সমকালীন সামাজিক-রাজনীতিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়ানো মালয়েশিয়াকে হাজির করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ফিক্সি।
সূত্র: ওয়ার্ল্ডলিটারেচারটুডেডটঅর্গ

চিত্রকলার দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার সবচেয়ে প্রাচীন চিত্রকলার নমুনা হলো একটি গুহাচিত্র, যা চিত্রিত হয়েছিল আনুমানিক ৭০ হাজার বছর আগে। সেদিন থেকে আজ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় নানাধর্মী চিত্রকলার চর্চা হয়েছে এবং হচ্ছে। চিত্রকলার এই ঐতিহ্য মাঝখানের একটা সময়ে ঔপনিবেশিকতা ও বর্ণবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সময়ের দক্ষিণ আফ্রিকা একটি জটিল সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। এই ভূখণ্ডের প্রথম দিককার মানুষদের আঁকা গুহাচিত্র থেকে শুরু করে সমসময়ের স্থাপনাচিত্রের নমুনা একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে ‘সাউথ আফ্রিকা: দ্য আর্ট অব এ নেশন’ নামে একটি প্রদর্শনীতে। এটি চলছে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে।
সূত্র: দ্যগার্ডিয়ানডটকম

পর্তুগিজ সিনেমায় আরব্য রজনী
আস্ মিল এ উমা নোইচস্—পর্তুগিজ ভাষায় হাজার এক রজনী। আরব্য রজনীর চিরন্তন কিসসা নিয়ে এবার পর্তুগালের পরিচালক মিগেউ গোমেশ নির্মাণ করেছেন তিন পর্বের সিনেমা। আরব দুনিয়ার ধ্রুপদ কিসসা অবলম্বনে এই সময়ের পর্তুগালের প্রেক্ষাপটে দানা বেঁধেছে এই চলচ্চিত্রের কাহিনি।
সূত্র: স্ক্রিনইন্টারন্যাশনালডটকম