অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরুন্ধতী রায়
অরুন্ধতী রায়

অরুন্ধতী রায়ের নতুন উপন্যাস

কুড়ি বছর পর আসছে ভারতের অত্যন্ত প্রভাবশালী লেখিকা অরুন্ধতী রায়ের দ্বিতীয় উপন্যাস। তাঁর প্রথম উপন্যাস দ্য গড অব স্মল থিংকস প্রকাশিত হয় ১৯৯৭ সালে। সে বছরই বইটি তাঁকে এনে দেয় বুকার পুরস্কার, জগৎজোড়া খ্যাতি। সারা বিশ্বে হইচই পড়ে যায়। এরপর তিনি ইরাক ও আফগানিস্তানে মার্কিন আগ্রাসন, ভারতের পারমাণবিক পরীক্ষাসহ নানা বৈষম্যের বিরুদ্ধে তাঁর কলম ধরেছেন। একজন মানবাধিকার কর্মী ও বুদ্ধিজীবী হিসেবে লাভ করেছেন পরিচিতি। কিন্তু এ সময়ের মধ্যে তাঁর সৃজনশীল কোনো লেখা প্রকাশিত হয়নি। তবে গত সপ্তাহে অরুন্ধতী ঘোষণা দিয়েছেন, উপন্যাস লিখছেন তিনি। নাম—দ্য মিনিস্টি অব আটমোস্ট হ্যাপিনেস। তিনি বলেন, ‘আমি সানন্দে জানাচ্ছি যে, দ্য মিনিস্টি অব আটমোস্ট হ্যাপিনেস-এর উন্মাদ আত্মারা পৃথিবীর পথ পেয়েছে, আর আমি আমার প্রকাশকদের পেয়ে গেছি।’ আগামী বছর প্রকাশিত হতে যাচ্ছে তাঁর এ উপন্যাস। এ-সম্পর্কে অরুন্ধতীর সাহিত্য-বিষয়ক এজেন্ট ডেভিড গুডউইন বলেন, অরুন্ধতীর মতো লেখকেরই এমন উপন্যাস লেখা সম্ভব। একেবারে খাঁটি, অনবদ্য সৃষ্টি। কুড়িটি বছর ধরে তিনি নিরলসভাবে লিখে গেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

দ্য গার্ল অন দ্য ট্রেন ছবির একটি দৃশ্য
দ্য গার্ল অন দ্য ট্রেন ছবির একটি দৃশ্য

চলচ্চিত্রেও বাজিমাত

দ্য গার্ল অন দ্য ট্রেন। ব্রিটিশ লেখিকা পলা হকিন্সের লেখা বেস্ট সেলার উপন্যাস। একই নামে নির্মিত চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন এরিন ক্রেসিডা উইলসন। তিনি যুক্তরাজ্যের প্রেক্ষাপটে রচিত উপন্যাসটিকে যুক্তরাষ্ট্রে এনেছেন। এ নিয়ে সমালোচনা হচ্ছে। তা সত্ত্বেও এটি বাজিমাত করেছে। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রেচেল নামের এক নারী। যিনি বিবাহবিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু প্রতিদিন ট্রেনে যেতে যেতে একটি বাড়ির দুই বাসিন্দাকে দেখতেন। মনে করতেন তাঁরা কত সুখী, যথাযথ দম্পতি। কিন্তু একদিন দেখেন সেখানে হৃদয়বিদারক এক ঘটনা ঘটে। এরপর উন্মোচিত হয় রহস্য। সিনেমাটি প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে। আয় করেছে ২ কোটি ৪৭ লাখ ডলার। সূত্র: দ্য গার্ডিয়ান