অন্য দিগন্ত

কবির অনুবাদে কবি
আসছে নভেম্বরের শেষ সপ্তাহে ভারতের মুম্বাইয়ে বসছে কবিতার উৎসব। তাতে অংশ নেবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ১৩ জন কবি। দক্ষিণ এশিয়ার বাইরে থেকে তাঁদের সঙ্গে যোগ দেবেন ১১ জন জার্মান কবি। কবিরা বাংলা, ইংরেজি, জার্মান, গুজরাটি, নেপালি, কাশ্মীরি, মারাঠি, মিজো, তামিল, সিন্ধি ও উর্দুতে নিজেদের কবিতা ও অনুবাদ পেশ করবেন। বাংলাদেশ থেকে উৎসবে যোগ দিচ্ছেন সাজ্জাদ শরিফ ও শাহ্নাজ মুন্নী।
এ উৎসব হচ্ছে গ্যেটে ইনস্টিটিউট ইন সাউথ এশিয়ার ব্যবস্থাপনায় দুই বছর মেয়াদি প্রকল্প ‘পোয়েট্স ট্রান্সলেটিং পোয়েট্স’-এর আওতায়। দক্ষিণ এশিয়া ও জার্মানির কবিরা যাতে পরস্পরের কবিতা অনুবাদ করে একটি সাংস্কৃতিক সংলাপ গড়ে তুলতে পারেন এবং তার জন্য একটি মঞ্চ তৈরি করতে পারেন, সেটিই এর লক্ষ্য। এই প্রকল্পে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার ২০টি ভাষার ৫১ জন কবি একত্র হয়েছেন। ২০১৫ সালের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত দক্ষিণ এশিয়ার নানা দেশের কবিরা জার্মানির বিভিন্ন অনুষ্ঠানে পড়েছেন তাঁদের কবিতা। ইতিমধ্যে বেরিয়েছে পোয়েট্স ট্রান্সলেটিং পোয়েট্স নামে এই কবিদের বহুভাষিক অনুবাদের দুই খণ্ডের একটি সংকলনও।

অস্কারে ইরানি চলচ্চিত্র
তখন আশির দশক। ইরাক-ইরান যুদ্ধ চলছে। ইরানি গৃহকর্তা ইরাজ পেশায় চিকিৎসক। যুদ্ধাহত সেনাদের চিকিৎসাসেবা দেওয়ার ডাক পেয়েছেন। তাঁর সঙ্গে যেতে স্ত্রী শিদেহকে অনুনয় করেছেন। কিন্তু কাজ হয়নি। তাঁর স্ত্রী মেয়েশিশু দোরসাকে নিয়ে শহরের বাসাতেই রয়ে যান। একদিন ইরাজ বাড়ি ছাড়েন। তত দিনে যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করেছে। দলে দলে শহর ছাড়ছে মানুষ। আরেক দিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইরাজদের বহুতল ভবনে। এতে ওপরের তলার কয়েকজন বাসিন্দা নিহত হন। ছোট্ট দোরসার খেলার পুতুল খোয়া যায়। আর তার আচরণে দেখা দেয় অস্বাভাবিকতা। সে ভাবতে থাকে তাদের বাসায় কোনো অশরীরী আশ্রয় নিয়েছে। এক সময় তার মা-ও একই রকম ভাবেন। মা-মেয়েকে প্রতিনিয়ত তাড়া করে যুদ্ধের বীভৎসতা। ফারসি ভাষার চলচ্চিত্রটির নাম আন্ডার দ্য শ্যাডো, নির্মাণ করেছেন ইরানে জন্মগ্রহণকারী ব্রিটিশ চলচ্চিত্রকার বাবাক আনোয়ারি। কাতার, জর্ডান ও যুক্তরাজ্য যৌথভাবে প্রযোজনা করেছে। ইতিমধ্যে বিদেশি ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে চলতি বছর ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের জন্য ব্রিটেনের মনোনয়ন পেয়েছে। সূত্র: বিবিসি
মিজান মল্লিক