অন্য দিগন্ত
ছিয়াশিতে গার্সিয়া মার্কেসএকালের দোন কিহোতে—সিয়েন আনিয়োস দে সোলেদাদ (নির্জনতার এক শ বছর) উপন্যাসটি সম্পর্কে এমনটাই বলেছিলেন পাবলো নেরুদা। স্বর্গ-মর্ত্য তোলপাড় করা এ উপন্যাসে স্রষ্টা কলম্বিয়ার কিংবদন্তি লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস সম্প্রতি ছিয়াশিতে পা দিলেন। বহু বছর ধরে তিনি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। প্রায় দুই বছর পর এ মাসের শুরুতে স্বদেশ কলম্বিয়ায় বেড়াতে এসেছেন স্ত্রী মের্সেদের্স বার্চাসহ। তাঁর এ সফরের কথা অবশ্য ঘনিষ্ঠজনেরা ছাড়া আগে থেকে কেউ-ই জানত না। তাঁর বেশ কিছু কাহিনির দৃশ্যপট ক্যারিবীয় উপকূলীয় শহর কার্তাহেনা দে ইন্দিয়াস। এ ঔপনিবেশিক শহরে তাঁর একটি বাড়ি আছে। এ শহরে একান্তে বন্ধু-স্বজনসহ ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন গাবো (নিকটজনের কাছে এ নামেই তিনি পরিচিত)।সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেসসংগীতজ্ঞের স্মৃতিকথামাই ফাদার, আওয়ার ফ্র্যাটারনিটি শিরোনামে নয়াদিল্লির রোলি বুকস প্রকাশন থেকে বেরোনো স্মৃতিকথায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সরোদবাদক আমজাদ আলী খাঁ তাঁর বাবা ওস্তাদ হাফিজ আলী খাঁর স্মতিচারণা করার পাশাপাশি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের বেশ কিছু দিকের ওপর অন্তরঙ্গভাবে আলোকপাত করেছেন। এ স্মৃতিচারণা একই সঙ্গে ব্যক্তিক ও পেশাগত। ভারতীয় শাস্ত্রীয় সংগীতে গুরু-শিষ্যপরম্পরা, তালিম নেওয়ার বিষয়-আশয় ইত্যাদি উঠে এসেছে এ গ্রন্থে, যা সংগীতপ্রেমীদের মন ভরাবে।সূত্র: রোলি বুকসের ওয়েবসাইটসাদি ইউসুফপ্রায় বারো হাজার বছরের ইতিহাসের দেশ ইরাক গত শতাব্দীর আশির দশক থেকেই যুদ্ধ আর সংঘাতে ক্ষত-বিক্ষত। মার্কিন-নেতৃত্বে সংঘটিত গত এক দশকের যুদ্ধের অভিঘাত প্রতিফলিত হয়েছে সম্প্রতি ইংরেজিতে অনূদিত হয়ে বের হওয়া দেশটির বরেণ্য কবি সাদি ইউসুফ (জ. ১৯৩৪) এর কবিতাসংগ্রহ নস্টালজিয়া, মাই এনেমি-এ। দীর্ঘকাল ধরে নির্বাসনে থাকা সাদির সাম্প্রতিককালের কবিতাগুলো মূল আরবি থেকে অনুবাদ করেছেন সিনান আন্টুন ও পিটার মানি। গ্রন্থটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গ্রেউল্ফ্ প্রেস। সূত্র: আমাজন ডটকম রফিক-উম-মুনীর চৌধুরী