অন্য দিগন্ত

জোয়াঁউ উবাউদু হিবেইরুর প্রয়াণ
ব্রাজিলের বিখ্যাত কথাসাহিত্যিক, সাংবাদিক ও কলামিস্ট জোয়াঁউ উবাউদু হিবেইরু (১৯৪১-২০১৪) ৭৩ বছর বয়সে গত শুক্রবার মারা গেছেন। তিনি ব্রাজিলিয়ান অ্যাকাডেমি অব লেটার্স-এর সদস্য ছিলেন। সার্জেন্ট গেতুলিয়ো (১৯৭১) ও ভিভা ও পোভু ব্রাজিলেইরু (১৯৮২) তাঁর সেরা দুটি উপন্যাস। ২০০৮ সালে তিনি পর্তুগিজ ভাষা ও সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাকর ‘কামোঁয়েশ’ পুরস্কারে ভূষিত হন। এ ছাড়া দুবার পেয়েছেন ব্রাজিলিয়ো সাহিত্যের সেরা পুরস্কার ‘জাবুতি’।
সূত্র: ও গ্লোবো

ভেনিস চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিনি সিনেমা
আগামী মাসের শেষে শুরু হতে যাওয়া ৭১তম ভেনিস চলচ্চিত্র উৎসবের ক্রিটিকস উইক-এর হ্রস্বতালিকায় জায়গা করে নিয়েছে ফিলিস্তিনি সিনেমা ভিলা তোউমা। ছবির পরিচালক ও প্রযোজক সুহা আর্রাফ। এটি তাঁর প্রথম চলচ্চিত্র। এর আগে সুহা আর্রাফ ইসরায়েলি পরিচালক এরান রিকলিস পরিচালিত দ্য সিরিয়ান ব্রাইড ও লেমন ট্রি নামে ছবি দুটির চিত্রনাট্য লিখেছিলেন। সূত্র: ভ্যারাইটি.কম

মধ্যপ্রাচ্যের শিল্পকলা প্রদর্শনী
‘হিয়ার অ্যান্ড এলসহোয়ার’ শিরোনামে নিউইয়র্কের ম্যানহাটনের বোয়ারি এলাকার নিউ জাদুঘরে চলছে মধ্যপ্রাচ্যের শিল্পকলা-বিষয়ক এক প্রদর্শনী। এ প্রদর্শনীতে ৪৫ জন শিল্পীর চিত্রকলা, আলোকচিত্রসহ নানা মাধ্যমের শিল্পকর্ম অন্তর্ভুক্ত হয়েছে। নিজেদের কাজের মধ্যে শিল্পীরা তাঁদের স্ব-স্ব দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনগুলো তুলে ধরার চেষ্টা করেছেন।
সূত্র: ইকোনমিস্ট.কম
রফিক-উম-মুনীর চৌধুরী