অন্য ভাষার প্রান্তরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলঙ্করণ: মাসুক হেলাল
অলঙ্করণ: মাসুক হেলাল

রণজিত সিংহ
স্বাধীনতা

স্বাধীনতা
আমার আজন্মের অধিকার তুমি।
ইচ্ছেমতো মনের কথা বলা,
লিখে যাওয়া
যেমন খুশি খেলা, হেসে ওঠা,
তুমি আমার হূদয়ের স্বপ্ন-ফোটার আনন্দ।

স্বাধীনতা, ভোরবেলা চোখ মেলে
লাল সূর্যের আলোয় যেভাবে
দেখি পৃথিবীর বিচিত্র রূপ,
তুমি কালের ঘূর্ণনে তেমনই মনীষার মতো
জ্ঞানদীপ জ্বালিয়েছ কত!

স্বাধীনতা, তুমি আমার মা’কে ডাকার মিষ্টিভাষা।
ভাইবোনের শুদ্ধ মমতার
ছেলেভোলানো গল্পকথার
ফুলমালা গাঁথার মধুর গানের
মনমাতানো সুর।

স্বাধীনতা, আজ তুমি এসেছো আমাদের
দীর্ঘ যুগের ক্লান্তি মুছে
গায়ে-মাথায় হাত বুলিয়ে দিতে,
পরম মমতায় আলিঙ্গন করো আমাদের
সবার মাথা তুলে দাও
উঁচুতে।

অনুবাদ : শুভাশিস সিনহা
 মণিপুরি বিষ্ণুপ্রিয়া। জন্ম ১৯৫৫

অলঙ্করণ: মাসুক হেলাল
অলঙ্করণ: মাসুক হেলাল

বচন নকরেক
দগ্ধ সিঁড়ি

স্বপ্ন রাখার আলমারির পাশে
দগ্ধ সিঁড়ি, ওপরের সিলিঙে
পুস্তক-খেকো ইঁদুর। মেধাশূন্য বিকেলে
উঁকি দেয় জ্যাকেটের বোতামের মতো
চাঁদ

জলে ছড়ায় আলো
 মান্দি। জন্ম ১৯৭২

অলঙ্করণ: মাসুক হেলাল
অলঙ্করণ: মাসুক হেলাল

পরাগ রিছিল
পূর্বরাগ

পানকৌড়ি যখন জল ছুঁয়ে ছুঁয়ে উড়ে বেড়ায়—পড়ে তার গরম নিঃশ্বাস! ডানার ঝাপটায় ঢেউ ওঠে জলে। হালকা গভীরে চুপচাপ শুয়েছিল যে পুঁটি, ধরে নিয়েছিল আজ সমর্পিত হবে বলে তার শরীরে লেগেছিল একবার ঠোঁটের ছোঁয়া—অদ্ভুত শিহরণ—মনে হয়েছিল প্রায় মরেই যাবে—
পানকৌড়ি ডুবলেই পারে। ডুবে ডুবে থাকতে পারে অনেকক্ষণ। গ্রীষ্মের রোদে মরতে রাজি পুঁটির আজ অসহ্য লাগে, অসহ্য লাগে!
 মান্দি। জন্ম ১৯৮১


মিঠুন রাকসাম
পথের লোকটি

পথের লোকটি, যে শুধু কলকে টানে—বাতাস খায়
পথের লোকটি, যে শুধু হলুদ প্রস্রাব করে

মুখটা ফজলি আমের গড়ন, লম্বা দাড়ি, মাথা ভরতি জটা, ছিঁড়াফাড়া জামা। ফাড়া মার্কিন কাপড়ের লুঙ্গি, জাঙিয়াবিহীন। হাতে ত্রিশূল। হাত আর পায়ের রগগুলো দেখলে মনে হয় বুড়ো বৃক্ষের শিকড়। গা ভরতি দুর্গন্ধের খামার। একবার দেখলে খারাপই লাগবে—ঘৃণাই জন্মাবে। কিন্তু কাছ থেকে অনেকক্ষণ ঘুরে ফিরে যদি দেখেন, আল্লার কসম, আপনার মায়া হবে। মনে হবে, মুখটার ভিতর লুকিয়ে আছে ফেলে আসা গ্রাম—গ্রামের দাদু—ছেড়ে যাওয়া কোনো আত্মীয়—মৃত কোনো পড়শি—খুন হওয়া কোনো চাচা কিংবা পাগলাটে বন্ধু—যে গান ভালোবেসে পালিয়ে গেছে।

পথের লোকটি, যে শুধু কলকে টানে—বাতাস খায়। মাঝে মাঝে সঙ্গম করে—বেশির ভাগ মৈথুন। সেই লোকটিকে প্রথমবার দেখলে আপনি নিশ্চিত ঘৃণাই করবেন। কিন্তু দীর্ঘক্ষণ চেয়ে থাকলে মনে হবে হারিয়ে যাওয়া বই। যত পাতা খুলবেন ততই ঢুকে যাবেন ভেতরে। গন্ধচোরের মতোই বুঝে যাবেন গন্ধের মাহাত্ম্য।
 মান্দি। জন্ম ১৯৮০

অলঙ্করণ: মাসুক হেলাল
অলঙ্করণ: মাসুক হেলাল

মতেন্দ্র মানখিন
গারো শব্দের কোনো ফুল

বিশ্বকবি রবীন্দ্রনাথ
তোমার কবিতার বাগানে অজস্র ফুল
অপার সৌন্দর্যের প্রাচুর্য সবখানে
শুধু গারো শব্দের কোনো ফুল নেই।

মাদল আর বাঁশির টানে তোমার যাতায়াত ছিল
সাঁওতাল-পাড়ায়। মণিপুরী নৃত্যেও
তুমি ছিলে মুগ্ধ
শুধু দেখনি গারোদের দামা বাংশি রাং
তাদের বর্ণাঢ্য জাংজিম্মিত নাচ আর
হাজিয়া দরুয়া রেরে সোনাচি-সেরেজিং।

আমাদের দুর্ভাগ্য নাকি সৌভাগ্য
তোমার কবিতা হলেও সর্বত্রগামী
আমাদের জীবন অজানাই
থেকে গেল তোমার!

হে গুরু, কী দেব আজ তোমার চরণে
এ অযোগ্য গারো কবির সামান্য অঞ্জলি?
কংশ-নিতাই-সোমেশ্বরীর বিশুদ্ধ
সঙ্গীত ছাড়া আর কী-ই বা আছে আমাদের?
 মান্দি। জন্ম ১৯৫২


সোহেল হাজং
তুমি এখন

তুমি এখন
মধ্যরাতে করো রাতের সূচনা,
ভোর হয় দুপুর বারোটায়।
ভালোবাসা তোমার কাছে ক্ষণিক ভালো লাগা
শেষ প্রহর না আসতেই শূন্য বিছানা।

তুমি এখন
প্রকৃতির সাথে করো শক্তির লড়াই,
ভূমির দলিল হাতে তোমার
জীবন বেচাকেনা করো কাগুজে মুদ্রায়,
নদীর প্রবাহ থেমে যায়,
আর বন উজাড় করো অধিক মুনাফার আশায়।

তুমি এখন
আকাশ কেন, পাতাল ফুঁড়ে
চাঁদেও বানাতে চাও ঘর।
ভূমিকে বলো, উহু! ফলাও আরও
শস্য বছর বছর।

তুমি এখন
তুমি এখন নেই আর সে তুমি, গিয়েছ বহু দূরে।
ভাবছি, অনেক এগোলে নাকি
রইলে নিচে পড়ে।
 হাজং। জন্ম ১৯৮৪


আলোড়ন খীসা
উপায়ান্তরহীন

এলোপাথাড়ি ঘাই-ঘুইয়ে
তেড়ছা কোণে আসে শ্বাসঘাতী আঘাত।
এদিক ওদিক শরীরের হিড়িক
কোন গাঁও হে তোমার?
আমার এই মাওরুম
পাশে শিয়ালের গ্রাম;
মরণ আসছে বলে
শিয়ালগণ আর আমরা
একই কাতারে
বহুবিধরূপে ভজছি ঈশ্বর।
 চাকমা। জন্ম ১৯৮৩