অন্য ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন, সোঁদরবন ও রবীন্দ্রনাথ—বেলাল চৌধুরী \ প্রকাশক: শুদ্ধস্বর \ প্রকাশকাল: ২০১১ \ প্রচ্ছদ: যোগেন চৌধুরী অঙ্কিত রবীন্দ্র প্রতিকৃতি অবলম্বনে শিবু কুমার শীল \ মূল্য: ৭৫ টাকাকবিরা যখন গদ্য লেখেন, স্বাভাবিকভাবেই কাব্য এসে পড়ে সেখানে। কিন্তু অতিমাত্রার কাব্যাক্রান্তের ফলে গদ্য কখনো কখনো ভারী হয়ে উঠতে পারে। ফলে পরিমিতিবোধ জরুরি। অনেক কবির গদ্যে এ পরিমিতি অনুপস্থিত। আবার অনেক গদ্যলেখকের গদ্যে আমরা কাব্যিকতার স্বাদ পাই। অনেক কবি তাঁদের গদ্যকে কাব্যের ঝিলিক মিশিয়ে করে তুলতে পারেন অনবদ্য। বেলাল চৌধুরী তেমনই একজন। তাঁর গদ্যে স্বভাবতই কাব্যলক্ষণ স্পষ্ট। কিন্তু কাব্যের ভারে তা নুয়ে পড়ে না। কবির পরিমিতিবোধ লক্ষণীয়। বেলাল চৌধুরীর লেখা গদ্যের সংখ্যা খুব বেশি নয়। তবু যেটুকু লিখেছেন, সেখানেই তাঁর স্বভাবসুলভ কবিব্যক্তিত্বের উপস্থিতি আমরা লক্ষ ও উপভোগ করি। সুন্দরবনকে নিয়ে ছোট পরিসরে এ রকম একটি স্মৃতিচারণামূলক গদ্যগ্রন্থ পাঠকের সামনে হাজির করেছেন এই কবি। ঠিক ভ্রমণ বা স্মৃতিকথা কিংবা অন্য কোনো একক নামে বইটিকে চিহ্নিত করা কঠিন। কেননা, গতানুগতিক ভ্রমণকাহিনি কিংবা স্মৃতিচারণ এটি নয়। বরং নিজস্ব এক বর্ণনার কারণে বইটি এসব নামকে ছাপিয়ে গেছে। ফলে একক কোনো নামে বেলাল চৌধুরীর এ গদ্যগ্রন্থকে চিহ্নিত করা মুশকিল। বরং এভাবে বলা যায়, সুন্দরবন সম্পর্কে কবির স্মৃতি, ভাবনা ও সুন্দরবনের সঙ্গে রবীন্দ্রনাথের সংশ্লিষ্টতার ধরন—এসবই মিলেমিশে বইটিকে আলাদা একটা মাত্রা দিয়েছে। ফলে এটি পাঠকালে পাঠক স্বাদের ভিন্নতা ও রকমফের খুঁজে পাবে। ঝরঝরে গদ্যের স্বাদে বইটি অনবদ্য।কবির বাল্যকালের বর্ণনা দিয়ে শুরু হয়েছে বইটি। তাঁর নিজের গ্রাম, সেখানকার বন-বনানী, প্রাকৃতিক সৌন্দর্য, বনভূমি ক্রমেই কমে আসার লক্ষণ চিহ্নিত করেন তিনি। কিছুটা আত্মজৈবনিক রচনার ভঙ্গিতে লেখাটা শুরু হলেও সুন্দরবনসহ দেশের অন্য বনগুলোর বর্ণনাই ছিল এর প্রধান ফোকাসে। তবে সুন্দরবনই এখানে বেশি প্রাধান্য পেয়েছে। সুন্দরবনের সঙ্গে অন্য বনগুলোর সাযুজ্য ও পার্থক্য এখানে উপস্থিত। বেলাল চৌধুরীর বর্ণনাশৈলীর নিজস্বতা বোঝাতে গ্রন্থটি থেকে খানিকটা উদ্ধৃতি প্রসঙ্গিক, ‘...আর ফুলের কথা বলতে গেলে ছয় ঋতুতে যত রকমের রূপ, রং আর গন্ধে মন ভরানো, চোখজুড়ানো, মনপ্রাণ আকুল করে তোলা কত যে ফুলের বাহার ছিল, বলে শেষ করা যাবে না। ঘাসফুল, পথের ধারে ফোটা নাম না-জানা বনফুল, বর্ষাকালের কেয়াফুল—কোনটা ছেড়ে কোনটার কথা বলি। রামধনুর সাত রং খেলা করত যেন।’ এ রকম আরও অনেক কাব্যময় উজ্জ্বল বাক্য গ্রন্থটির অনেক জায়গায় উপস্থিত।বেলাল চৌধুরী তাঁর কর্মজীবনের শুরুতেই পরিচিত হন সুন্দরবনের সঙ্গে। জাপানি সহকর্মীদের সঙ্গে তাঁদের ট্রলারে পাড়ি জমান সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় এ ম্যানগ্রোভ বনভূমিকে জালের মতো করে ঘিরে রেখেছে অসংখ্য ছোট খাল। মাটির ভেতর থেকে মাথা বের করা কাঁটার মতো বড় বড় শেকড় আর ভেতরের ঘন গাছপালার কারণে সুন্দরবনকে হেঁটে দেখা প্রায় অসম্ভব একটি কাজ। এ বনটিকে ভালোভাবে পর্যবেক্ষণের জন্য সবচেয়ে কার্যকর যান হলো ট্রলার। প্রাকৃতিক সম্পদে ভরা আর নিবিড় সৌন্দর্যময় এ বনে ঘোরার অভিজ্ঞতা লেখকের অনেকবারই হয়েছে। প্রতিবারের ভ্রমণেই যেন আলাদা বিষয় যোগ হয়েছে। তবে এটি প্রথাগত ভ্রমণের বই না হওয়ায় এর সর্বত্র ধারাবাহিকতা রক্ষার চেষ্টা লেখক করেননি। তা সত্ত্বেও শুধু কাব্যিকতা আর বর্ণনা, আর বর্ণনার ব্যতিক্রমী ভঙ্গির কারণে এসব সীমাবদ্ধতাকে বেশ ভালোভাবেই অতিক্রম করে যায় বইটি।যদিও বইটির নাম (সুন্দরবন সোঁদরবন ও রবীন্দ্রনাথ) দেখে মনে হতে পারে, এটি হয়তো সুন্দরবন নিয়ে রবীন্দ্রনাথের লেখালেখি বা তাঁর সংশ্লিষ্টতা নিয়ে রচিত। প্রকৃতপক্ষে, চিত্রটি কিন্তু আলাদা। এ দীর্ঘ অরণ্য নিয়ে রবীন্দ্রনাথের কোনো লেখা নেই। হয়তো তখনকার সময় সুন্দরবনের দুর্গমতার জন্য ওদিকটা কেউ মাড়াত না। আবারও লেখকের উদ্ধৃতি টানছি—“সমগ্র রবীন্দ্রসাহিত্যে বাঘের উল্লেখ থাকলেও সুন্দরবন কোথাও নেই; অবশ্য রবীন্দ্রনাথ নিজেই এক গানে কাছাকাছি রকমের প্রশ্ন তুলেছিলেন: ‘বনে যদি ফুটল কুসুম/ নেই কেন সেই পাখি’—সেটা অবশ্য অন্য প্রসঙ্গ।”রবীন্দ্রনাথের লেখালেখি, চিঠিপত্র ইত্যাদি মিলিয়ে লেখক সুন্দরবনের সঙ্গে মহাকবির সংশ্লিষ্টতা খোঁজার যে পদ্ধতি নিয়েছেন, তাতে এ গ্রন্থটিকে খানিকটা গবেষণাধর্মী বললেও অত্যুক্তি হবে না। পাঠক প্রকৃতপক্ষে বইটি থেকে একজন কবির ভিন্নধর্মী গদ্যের স্বাদ আস্বাদন করতে পারবে।