অন্য রকম এক জাদুঘর
২০০৬ সালের জানুয়ারি। ঢাকায় লোকসংস্কৃতি নিয়ে একটা সেমিনার আয়োজন করা হলো। সেমিনারে মণিপুরি জাতিগোষ্ঠীর লোক সংস্কৃতি নিয়ে কথা বলতে এসেছিলেন হামোম তনুবাবু। কথা তিনি বললেন। ওই কথা বলতে বলতেই একটা ভাবনা পেয়ে বসল তাঁকে। নিজেই নিজেকে বললেন, ‘কোন সংস্কৃতির কথা বলছি আমি? মণিপুরি লোকসংস্কৃতি তো হারিয়েই যেতে বসেছে! দুই দিন বাদে সবটাই কি ইতিহাস হয়ে যাবে!’সেমিনার শেষ হলো। ভাবনাটা শেষ হলো না। মণিপুরি লোকসংস্কৃতিকে কালের ছোবল থেকে রক্ষা করার জন্য নিজেই একটা উদ্যোগ নিলেন। আর সেদিনের সেই উদ্যোগের ফসল—চাউবা মেমোরিয়্যাল মণিপুরি ইন্টেলেকচুয়্যাল প্রপার্টি মিউজিয়াম; নির্দিষ্ট কোনো জাতিসত্তা সংস্কৃতি নিয়ে বাংলাদেশের একমাত্র জাদুঘর। বাড়ি ফিরে জাদুঘরের জন্য সংগ্রহ করতে থাকেন মণিপুরিদের নিত্যপ্রয়োজীনয় বিভিন্ন পণ্য, পোশাক, গয়না, কাজের সরঞ্জাম। প্রথমে হাতের কাছে যা পেয়েছেন, তা-ই সংগ্রহ করেছেন। এরপর অনেকের কাছ থেকে পেয়েছেন হারিয়ে যেতে বসা অনেক উপকরণ। ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠেছে সংগ্রহশালা। ২০০৬ সালের ১ অক্টোবর জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবি দিলওয়ার। এরপর থেকে নিজের এলাকায়, এলাকার বাইরে তনুবাবু সংগ্রহ সমৃদ্ধ করার জন্য খোঁজ চালিয়ে গেছেন। বাড়ি বাড়ি গেছেন নানা উপকরণের জন্য। বিলুপ্ত সব উপকরণের একটা নমুনা হাতে পেতে ঘাম ঝরিয়েছেন। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে গবেষণার কাজও করেছেন। অবশেষে ২০০৭ সালের ১২ মে তনুবাবুর বাবার নামে এই সংগ্রহশালা যাত্রা শুরু করে।তনুবাবু এমন দাবি করেন না যে তাঁর সংগ্রহ সম্পূর্ণ হয়ে গেছে। তারপরও জাদুঘরটিতে ঢুকলে মনে হয়, এক লাফে ইতিহাস সামনে চলে এসেছে। কাসা-পিতল-সোনা-রুপার তৈরি গয়না, কলস, জগ, গ্লাস, মগ, প্লেট, গয়না; বাঁশ, বেত-কাঠের তৈরি ঝুড়ি, চালন, ঠুঙ্গি, মাছ ধরার দুওড়, পোলো, ডালা, খালই, হাতপাখা, চিরুনি, তাঁতের কাপড় বুননের সরঞ্জাম, বিভিন্ন নকশার মণিপুরি তাঁতের কাপড় কত কী রয়েছে চোখের সামনে। বিস্ময় হয়ে চোখের সামনে আছে মণিপুরি ভাষার বিভিন্ন প্রকাশনাও। তনুবাবু নিজের সংগ্রহশালা দেখাতে দেখাতে বললেন, ‘সংগ্রহশালাটা আরও অনেক সমৃদ্ধ হতে পারে। সেটা আমার একার পক্ষে খুব বেশি করা সম্ভব হবে না। সেই অবকাঠামোও নেই, সেই শক্তিও আমার নেই। সুহূদ ও মণিপুরি সংস্কৃতির প্রতি টান আছে এমন সবাইকে আমি এই সংগ্রহশালা সমৃদ্ধ করার আহ্বান জানাই।’