সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী উপজেলা সদর শ্যামনগরকে পেছনে ফেলে চলছি সুন্দরবন ঘেঁষা মুন্সিগঞ্জের পথে। মুন্সিগঞ্জ আগেই বংশীপুর বাজার পর্যন্ত এগিয়ে গাড়ি ঘুরে গেল বাঁয়ে। গ্রামের রাস্তা, তবে পিচঢালা। খুব বেশি সময় লাগল না ঈশ্বরীপুরে পৌঁছাতে। প্রতাপাদিত্যের স্মৃতিবাহী এই বিলুপ্ত নগরে ছড়িয়ে-ছিটিয়ে আছে অগণন প্রত্ননিদর্শন। এখানে পাওয়া গেছে লক্ষ্মণ সেনের মুদ্রা। এই বিখ্যাত রাজার রাজত্ব যে দক্ষিণবঙ্গেও প্রসারিত ছিল, তার প্রমাণ হিসেবে আনুলিয়ার তাম্রশাসনকে উপস্থাপন করা যায়। সেটি পাওয়া গেছে ১৮৯৮ খ্রিষ্টাব্দে। আর জায়গাটা চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্তের বিপরীতে ভারতীয় অংশের রানাঘাটের কাছাকাছি। ঈশ্বরীপুরের ধ্বংসপ্রাপ্ত একাধিক দেবালয়ের প্রস্তর-ভাস্কর্য লক্ষ্মণ সেনের আমলের বলে প্রবল জনশ্রুতি আছে। সেসব ভাস্কর্যের মধ্যে আছে চণ্ডভৈরব ও যশোরেশ্বরীর ভাস্কর্য। এগুলোর মধ্যে প্রথমটি শিবলিঙ্গ ও দ্বিতীয়টি কালীমূর্তি। চণ্ডভৈরবের মন্দির ধ্বংস হওয়ায় ভাস্কর্য-নিদর্শনটি স্থানান্তরিত হয়েছে, তবে যশোরেশ্বরী মন্দিরে একটি প্রতিমা আছে। এ মন্দিরের বর্তমান কাঠামোটি ব্রিটিশ শাসনের শেষ পর্যায়ে নির্মিত এবং তাকে মোটেই প্রাচীন বলা যায় না। এর ভেতরে রাখা প্রতিমাটি কালো পাথরের এবং তা একটি কালীমূর্তি। এই মূর্তিটি যে লক্ষ্মণ সেনের, এর পক্ষে অবশ্য নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ নেই। কাজেই এখানে লক্ষ্মণ সেনের আমলে শহর গড়ে ওঠার পক্ষে কোনো প্রমাণ হাজির করা যাচ্ছে না। কিন্তু এ দেশে মোগল শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠার ঠিক আগে বাংলার শেষ স্বাধীন পাঠান শাসক দাউদ খান কররানির (শাসনকাল ১৫৭১—১৫৭৬ খ্রিষ্টাব্দে) ধনসম্পদ এনে তাঁর দেওয়ান শ্রীহরি এই এলাকায় রাজধানী স্থাপন করে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন দাউদ খান কররানির খাজনা আদায়বিষয়ক আমলা জানকিবল্লভ বা বসন্ত রায়। শ্রীহরি পরে বিক্রমাদিত্য উপাধি নেন। পরবর্তী সময়ে ১৫৮৩ খ্রিষ্টাব্দে বিক্রমাদিত্যের মৃত্যু হলে ১৫৮৪তে তাঁর ছেলে প্রতাপাদিত্য রাজা হন। বাংলার মোগল সুবাদার ইসলাম খানের বাহিনীর হাতে প্রতাপাদিত্য পরাজিত হয়ে ক্ষমতা হারিয়ে মারা যান। প্রতাপাদিত্যের আমলে জায়গাটির যে জৌলুশ ছিল, তা তাঁর পতনের সঙ্গে সঙ্গে নিশ্চিহ্ন হয়ে যায়নি।ঈশ্বরীপুর ও তার কাছাকাছি এলাকায় যেসব সুনির্দিষ্ট মোগল বৈশিষ্ট্যের স্থাপত্য নিদর্শন আছে, তার মধ্যে রয়েছে হাম্মামখানা ও মসজিদ। এই হাম্মামখানা হলো এমন এক ধরনের বিশেষ স্নানঘর, যার তুলনা করার মতো নিদর্শন খুঁজে পাওয়া সহজ নয়। বাংলাদেশে হাতেগোনা কয়েকটি হাম্মামখানা টিকে আছে। লালবাগের কেল্লার যে দোতলা ইমারতটিকে এখন জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার নিচতলায় ছিল হাম্মামখানা। সেই হাম্মামখানার সঙ্গে ঈশ্বরীপুরের হাম্মামখানার কিছু মিল আছে। আসলে লালবাগ কেল্লার দোতলায় একাধিক কক্ষ আছে এবং এর ছাদে কোনো গম্বুজ নেই। কিন্তু ঈশ্বরীপুরের হাম্মামখানার ওপরে দ্বিতীয় কোনো তলা বা কক্ষ দেখা যায় না। তা ছাড়া এখানে ছাদের ওপর গম্বুজ আছে।ঈশ্বরীপুরের স্থানীয় লোকজন অবশ্য হাম্মামখানাটিকে হাবসিখানা নামে চেনে। তাদের ধারণা, এখানে লোকজন ধরে এনে ফাঁসি দেওয়া হতো। বলাই বাহুল্য, এ ধারণা পুরোপুরি ভুল। ইমারতটি ছিল পূর্ব-পশ্চিমে লম্বা। এর পশ্চিমে যে দুটো প্রবেশপথ আছে, তার একটি উত্তরে ও অন্যটি দক্ষিণে। ইমারতটি আয়তাকার এবং এর ভেতরে যে দুটি বড় কক্ষ আছে তাও আয়তাকার। তবে প্রতিটি কক্ষেই উত্তর ও দক্ষিণে তিনটি করে ছয়টি উপকক্ষ বা ছোট কক্ষ আছে এবং সেগুলো বড় কক্ষের সঙ্গে সংযুক্ত। উত্তর ও দক্ষিণের ছয়টি ছোট কক্ষের মধ্যে প্রতিদিকের মাঝখানের দুটি ছোট কক্ষে কোনো চৌবাচ্চা নেই। অন্য কক্ষগুলোয় একটি করে চৌবাচ্চা আছে। প্রতিটি চৌবাচ্চাই অর্ধগোলাকার। একটা উঁচু প্লাটফর্মের ওপরে হাম্মামখানার চৌবাচ্চাযুক্ত নির্মাণ কাঠামোটি বিদ্যমান। এর নিচে সুড়ঙ্গ ছিল বলে বোঝা যায়। প্রথম কক্ষের ওপরে আছে গম্বুজ, যেটির শীর্ষভাগে আলো আসার জন্য স্ফটিক বসানো ছিল। এখন স্ফটিক নিশ্চিহ্ন হয়ে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। সেদিক দিয়ে কিছুটা আলো এসে ঢুকছে। আর এভাবেই ঘরময় তৈরি হয়েছে একটা আলো-আঁধারি। তবে আলো প্রবেশের ব্যবস্থা বলতে ওটুকুই। আলাদা কোনো জানালার বালাই নেই। এখানে দেয়ালের গায়ে রয়েছে কুলঙ্গি। সেখানে নিশ্চয়ই ব্যবস্থা ছিল আলো জ্বালানোর।দুটো কক্ষের ছাদের ওপরে বড় বড় গম্বুজ আর সেগুলোর চারপাশে চারটি ছোট গম্বুজ আছে। এটি একটি বিচিত্র নির্মাণকাঠামো। অনেক দূর থেকেও এটি সহজেই সবার দৃষ্টি কাড়ে। ওই দৃষ্টি কাড়া পর্যন্তই। এই স্নানঘরগুলো সংরক্ষণের তেমন কোনো উদ্যোগ চোখে পড়ল না। আর সব প্রত্নকীর্তির এখানে এসেও সেই মন খারাপ অনুভূতি নিয়েই ফিরতে হলো।