অন্যদিগন্ত

দ্য সিক্সথ এক্সটিংকশন: অ্যান আনন্যাচারাল হিস্ট্রি
সাম্প্রতিক কালে নন-ফিকশনের প্রতি পাঠকদের আগ্রহ উত্তরোত্তর বাড়ছে। এই বাস্তবতায় লন্ডনের গার্ডিয়ান পত্রিকা চিরকালের সেরা ১০০টি নন-ফিকশনের তালিকা ছাপা শুরু করেছে। তালিকাটিতে তারা প্রথমেই নাম নিয়েছে এলিজাবেথ কোলবার্টের লেখা দ্য সিক্সথ এক্সটিংকশন: অ্যান আনন্যাচারাল হিস্ট্রি বইটির। ১৩টি অধ্যায়ে বিভক্ত বইটির প্রতিপাদ্য বিষয় মানবজাতির ভবিষ্যৎ ও বিনাশ। ভুবনখ্যাত নিউ ইয়র্কার ম্যাগাজিনের সাংবাদিক কোলবার্টের বইটি প্রকাশ করেছে ব্লুমস্বারি। সূত্র: দ্যগার্ডিয়ানডটকম

রেকর্ড দামে ছবি বিক্রি
ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান সিটাডেলের প্রতিষ্ঠাতা কোটিপতি কেনেথ সি গ্রিফিন ৫০০ মিলিয়ন ডলারের বিনিময়ে সম্প্রতি কিনে নিয়েছেন জগদ্বিখ্যাত দুটি চিত্রকর্ম: একটি জ্যাকসন পেলোকের আঁকা ‘নম্বর ১৭ এ’ এবং অন্য ছবির নাম ‘ইন্টারচেঞ্জড’। শিল্পী উইলেম দে কুনিং। ছবি দুটি কেনা হয়েছে ডেভিড গেফফেনের সংগ্রহ থেকে। বলার কথা হলো, চিত্রকর্ম বিক্রির তালিকায় এটি একটি রেকর্ড। বর্তমানে ছবিগুলো প্রদর্শনের জন্য দেওয়া হয়েছে শিকাগোর আর্ট ইনস্টিটিউটে। কেনেথ সি গ্রিফিন এই প্রতিষ্ঠান, তথা জাদুঘরের একজন ট্রাস্টি। সূত্র: ব্লুমবার্গডটকম

কাব্যিক চলচ্চিত্র: মুড ইনডিগো
বরিস ভিয়াঁর উপন্যাস কাল্ট অবলম্বনে মাইকেল গোন্ড্রি তৈরি করেছেন পরাবাস্তব ও কাব্যিক চলচ্চিত্র মুড ইনডিগো। ছবিতে দেখা যায়, ফ্যান্টাসিময় এক শহর—প্যারিস। আর এই শহরের প্রেক্ষাপটে কলিন ও শ্লো নামে দুজনের অনাবিল প্রেমকাহিনিনির্ভর এই ফরাসি ছবিটিতে অভিনয় করেছেন রোমাঁ দুরি ও আদ্রে তাতু।
সূত্র: ল্যমোঁদডটফ্র