অন্যদিগন্ত

এতিসালাত সাহিত্য পুরস্কার
সৃজনশীলতা আর প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আফ্রিকায় একটি সাহিত্য পুরস্কার চালু হয়েছে ২০১৩ সাল থেকে। এর নাম ‘এতিসালাত’। কেবল ফিকশন রচনার জন্য নবীন লেখকদের দেওয়া হয় এই পুরস্কার। গোটা আফ্রিকার নবীন লেখকদের লেখা প্রথম ফিকশনকে বিবেচনায় এনে দেওয়া এ পুরস্কারটি আদতেই বড়। ট্র্যাম ৮৩ উপন্যাসের জন্য এবারের এতিসালাত পুরস্কারটি পেলেন গণপ্রজাতন্ত্রী কঙ্গোর লেখক ফিস্টন এমওয়ানজা মুজিলা। আগামী দিনগুলোতে আফ্রিকান সাহিত্যে রাজত্ব করবেন ফিস্টন এমওয়ানজা মুজিলা—নবীন এই আফ্রিকান লেখক সম্পর্কে এমনটাই মন্তব্য সাহিত্যবোদ্ধাদের। কয়েক সপ্তাহ আগে নাইজেরিয়ার লাগোসে আনুষ্ঠানিকভাবে ফিস্টন এমওয়ানজা মুজিলার হাতে ১৫ হাজার ব্রিটিশ পাউন্ড অর্থমূল্যের পুরস্কারটি তুলে দেওয়া হয়। সূত্র: দ্যগার্ডিয়ানডটকম

সালভােদার দালির অপ্রকাশিত ডায়েরি
দিকপাল চিত্রকর সালভােদার দালির একটি ডায়েরি পাওয়া গেছে। অপ্রকাশিত এই ডায়েরিটি ফ্রান্সের প্যারিসের প্রতিষ্ঠান ‘সথেবি’ নিলামে তুলেছে গেল সপ্তাহে। কালো, নীল আর লাল কালিতে ডায়েরির কোথাও হিসাব, মন্তব্য আবার কোথাও কোথাও রয়েছে নির্ভেজাল আঁকিবুঁকি। সূত্র: সিএনএনডটকম

পর্বতশিশু
ছবিটির নাম চিলড্রেন অব দ্য মাউন্টেইন বা পর্বতশিশু। ঘানার চলচ্চিত্রকার প্রিসিলা আনানির এই প্রথম চলচ্চিত্রটি এক তরুণী মায়ের গল্প। কাহিনিতে দেখা যায়, সেরেব্রাল পালসি আর ডাউন সিনড্রোম রোগে আক্রান্ত জন্মগতভাবে প্রতিবন্ধী কোলের সন্তানকে নিয়ে চিকিৎসার আশায় বহু দূর চলে যায় মা। তার পরই ঘটতে থাকে নানা ঘটনা। চলচ্চিত্রটি বর্তমানে ম্যানহাটনে ‘ত্রিবেকা উৎসব’-এ প্রদর্শিত হচ্ছে।
সূত্র: ওকেআফ্রিকাডটকম
রফিক-উম-মুনীর চৌধুরী