অন্যদিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাদুয়ান নাসার
রাদুয়ান নাসার

কামঁয়েশ পুরস্কার ২০১৬

পর্তুগিজ ভাষাভাষী দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কার হলো ‘কামঁয়েশ’। এ বছরের ‘কামঁয়েশ’ পুরস্কারের ঘোষণা দেওয়া হলো গেল সপ্তাহে, পর্তুগালের রাজধানী লিসবন থেকে। এবারে মর্যাদাকর এই পুরস্কারে ভূষিত হলেন ব্রাজিলের লেখক রাদুয়ান নাসার। লেবানন থেকে আসা আরব অভিবাসী পিতার সন্তান নাসারের জন্ম ১৯৩৫ সালে। তাঁর বিখ্যাত দুটি সাহিত্যকর্ম হলো লাভুইরা আরকাইকা নামের উপন্যাস ও উঁ কোপু জি কোলেরা নামের নভেলা। এর আগে জোয়াঁউ কাব্রাউ জি মেলু নেতু, জর্জ আমাদু, জোয়াঁউ উবাউদু হিবেইরু, ফেশেইরা গুল্লার প্রমুখ ব্রাজিলের সাহিত্য স্রষ্টারা এই পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। সূত্র: ব্লগদাকোঁপানিয়াডটকমডটবিআর

স্টিভ ম্যাক্‌কারি
স্টিভ ম্যাক্‌কারি

অভিযুক্ত স্টিভ ম্যাক্‌কারি

চার দশকেরও বেশি সময় ধরে ছবি তুলছেন স্টিভ ম্যাক্‌কারি। আলোকচিত্র দুনিয়ার বিখ্যাত এই মানুষটির এক একটি বই পায় বেস্ট সেলারের মর্যাদা আর তাঁর ছবিগুলোর ওপর হুমড়ি খেয়ে পড়ে মানুষ। এমনই যাঁর সুখ্যাতি, সেই আলোকচিত্রীর তোলা ছবি নিয়ে সম্প্রতি তর্কের ঝড় উঠেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ফটোশপের প্রযুক্তি প্রয়োগ করে কিছু ছবি পাল্টেছেন তিনি।

সূত্র: টাইমডটকম

জঁ লুক গদার
জঁ লুক গদার

গদারের প্রেমকাহিনি নিয়ে সিনেমা

দ্য আর্টিস্ট চলচ্চিত্রখ্যাত ফরাসি পরিচালক মিশেল হাজানাভিশিয়াস দিকপাল চলচ্চিত্রকার জঁ লুক গদারের জীবনীনির্ভর একটি সিনেমা নির্মাণে হাত দিয়েছেন। অ্যান উইয়াজেমস্কি নামের এক অভিনেত্রীর সঙ্গে প্রেম ছিল গদারের। গদারের কয়েকটি সিনেমার প্রধান পাত্রী এবং তাঁর এক দশকের স্ত্রী অ্যান উঁ আঁ আপ্রে নামে একটি আত্মজীবনী লিখেছেন। সেই আত্মজীবনীর অংশ অবলম্বনে প্রেমকাহিনিভিত্তিক এই সিনেমাটি তৈরি করেছেন মিশেল। এখানে গদারের ভূমিকায় অভিনয় করবেন লুই গারেল। সূত্র: দ্যগার্ডিয়ানডটকম

রফিক-উম-মুনীর চৌধুরী